'ইব্রাহিমোভিচ ভালো মেসি-রোনালদোর চেয়েও!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচ

বর্তমান ফুটবল-বিশ্বে শ্রেষ্ঠত্বের লড়াইটা হচ্ছে প্রধানত মেসি-রোনালদোর মধ্যেই। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এই দুই উইঙ্গার আলোকিত করে রাখেন ইউরোপীয় ফুটবল অঙ্গন। তবে আর্সেন ওয়েঙ্গারের চোখে এই দুজনের চেয়েও ভালো ফুটবলার জাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই স্ট্রাইকারের সাম্প্রতিক পারফর্মেন্সে রীতিমতো মুগ্ধতাই ঝরেছে আর্সেনাল কোচের কণ্ঠে।
এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ইব্রা। প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি) জার্সি গায়ে এখন পর্যন্ত করেছেন ১১টি গোল। এর মধ্যে চারটি গোলই তাঁর এসেছে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে। ৩২ বছর বয়সেও এই ধরনের পারফর্মেন্সকে বিশেষ কিছু বলেই মনে করছেন ওয়েঙ্গার। সম্প্রতি ফরাসি একটি টিভি অনুষ্ঠান ‘টেলেফুট’কে দেওয়া এক সাক্ষাত্কারে ফরাসি এই কোচ বলেছেন, ‘জাতান কি মেসি-রোনালদোর চেয়েও ভালো? এই মুহূর্তে আমি হ্যাঁ-ই বলব। ৩২ বছর বয়সেও নিজের সেরাটা বের করে আনার কাজটা সে ভালো মতোই করছে।’
২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে গিয়েই সফলতার মুখ দেখেছেন ইব্রাহিমোভিচ। ১৯৯৪ সালের পর পিএসজির ফরাসি লিগ শিরোপা জয়ের পেছনে বেশ ভালো অবদান রেখেছিলেন সুইডেনের এই স্ট্রাইকার। এখনো পর্যন্ত ফরাসি লিগের প্রথম ১১টি ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
ইব্রাহিমোভিচের সফলতার তালিকাটা বেশ লম্বা। ১৯৯৯ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করার পর নিজ দেশ ছাড়াও এখন পর্যন্ত তিনি খেলেছেন চারটি ভিন্ন ভিন্ন দেশের লিগে। গায়ে চড়িয়েছেন অ্যায়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানের মতো শীর্ষ সারির ইউরোপিয়ান ক্লাবগুলোর জার্সি। প্রতিটা দলের হয়েই জিতেছেন লিগ শিরোপা।—গোল ডটকম