‘ইরাক-ইরান যুদ্ধে’ ইরান জয়ী
এশিয়ান কাপ ফুচবরের অন্যতম আকর্ষনীয় ম্যাচে জয় পেয়েছে ইরান। গতকাল কাতারের দোহার আল রাইয়ান স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী ইরাককে।খেলার ১৩ মিনিটে ইউনুস মাহমুদের দুরপাল্লার শটের গোলে এগিয়ে যায় ইরাক। ৪২ মিনিটে ইরানের গোলাম রেজা রেজাই গোল করে সমতা ফিরিয়ে নিয়ে আসেন। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ইমান মোবালি গোল করে ইরানিদের আনন্দে ভাসান। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের ওপর চাপ সৃষ্টি করে ইরাক। ম্যাচের ৪ মিনিটের সময় ইরানি রক্ষণভাগের তৈরী অফসাইড ফাঁদে ফাঁকি দিয়ে বেরিয়ে এসে ইউনুস মাহমুদ দুর্দান্ত এক শট নেন ইরানি গোল পোস্টে। কিন্তু গোলরক্ষক মাহদি রাহমাতি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ১৩ মিনিটে সেই ইউনুসই গোল করে এগিয়ে নেন ইরাককে। ২৪ মিনিটে ইরান গোলটি শোধ করে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। ইমান মোবালির ফ্রি-কিক কোনো মতে হেড করে রক্ষা করেন ইরাকি ডিফেন্ডার হাদি আঘিলি। ৩৯ মিনিটে মোহাম্মদ গোলামির তীব্র শট ইরাকি বারের ওপর দিয়ে চলে যায়। ৪২ মিনিটে রেজা রেজাই সমতা ফিরিয়ে নিয়ে আসেন। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ইমান মোবালির ডানদিক দিয়ে ইরাকি রক্ষণভাগে ঢুঁকে তীব্র শটে পরাভূত করেন ইরাকি গোলরক্ষককে। যুদ্ধ জয়ের আনন্দে ভাসেন ইরানি সমর্থকেরা। দ্য এএফসি ডট কম।