বেঁচে থাকলে উত্তরসূরিকে নিশ্চয়ই ধন্যবাদ আর অভিনন্দনবার্তা পাঠাতেন। কিন্তু এসি মিলানের সুইডিশ কিংবদন্তি গানার নরডাল ১৭ বছর আগেই চলে গেছেন না ফেরার দেশে। ৫৬ বছর আগে তাঁরই গড়া এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যে পরশু রাতে ভেঙে দিয়েছেন ফ্রান্সেসকো টট্টি।হ্যাঁ, প্রয়াত নরডালকে টপকে ইতালিয়ান সিরি ‘আ’তে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন টট্টি। ১৯৪৯-১৯৫৬—এই সময়ে এসি মিলানের হয়ে নরডাল করেছিলেন ২১০ গোল। সেটিকে ছাড়িয়ে এএস রোমার অধিনায়কের গোল এখন ২১১টি। পরশু সেসেনার বিপক্ষে রোমা জিতেছে ৫-১ গোলে। টট্টি করেছেন ২ গোল। এই গোল দুটিই ‘এল কাপিতানো’কে নিয়ে গেছে ইতিহাসের পাতায়।মিলানের হয়ে নরডাল ২১০ গোল করেছিলেন মাত্র ২৫৭ ম্যাচে। কিন্তু ওটিকে টপকে যেতে টট্টিকে খেলতে হয়েছে ২২৯টি ম্যাচ বেশি। পরশুর ম্যাচটি ছিল লিগে রোমার হয়ে টট্টির ৪৮৬তম ম্যাচ। ক্লাবের পক্ষে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড অনেক আগেই গড়েছেন। টট্টি এবার গড়লেন অনন্য এক রেকর্ড।এক গোল পেছনে থেকে মাঠে নামা টট্টি এদিন নরডালকে ছুঁয়ে ফেলেন ম্যাচের প্রথম মিনিটেই। এরিক লামেলার পাস থেকে টট্টির অগ্নিগোলা মরিজিও লাউরোর গায়ে লেগে দিক বদলে ঢোকে জালে। সাত মিনিট পর আর্জেন্টাইন স্ট্রাইকার লামেলারই পাস আবারও খুঁজে নেয় টট্টিকে। দ্বিতীয় পোস্ট দিয়ে রোমা অধিনায়ক বল জড়িয়ে দেন জালে।বয়স ৩৫ হয়ে গেলেও রেকর্ড গড়ার আনন্দে উচ্ছ্বসিত টট্টি জানিয়ে দিলেন খেলে যেতে চান আরও অনেক দিন, ‘আমি এটাই সব সময় চেয়েছি, এই জার্সি পরে একটার পর একটা রেকর্ড ভেঙে দিতে। খুব ভালো লাগছে। চমৎকার এই মুহূর্তটি উপভোগ করছি আমি। শারীরিকভাবে যত দিন সক্ষম থাকব, খেলাটা আমি চালিয়ে যেতে চাইব। যখন তা হবে না, আমি নিজেই থেমে যাব।’ঘরের মাঠের ৫-১ গোলের এই জয়ে রোমার পয়েন্ট এখন ৩১। টট্টি আর রোমার দিনে জিতেছে জুভেন্টাসও। আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে তারা। মৌসুমের ঠিক অর্ধেকটা জুভেন্টাস পেরোল অপরাজিত থেকে। ১৯ ম্যাচে ১১ জয়, ৮ ড্র, পয়েন্ট ৪১। কাল রাতে ৩-০ গোলে জিতে জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১-এ নামিয়ে এনেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচ দুটি ও রবিনহো করেছেন একটি গোল। এএফপি।