'ইয়াঙ্কোভিচ, আজারেঙ্কা টিপস দিয়েছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুসিয়ানা রাবিনেস
লুসিয়ানা রাবিনেস

রমনা টেনিস কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আইটিএফ জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে এসেছেন লুসিয়ানা রাবিনেস। আইটিএফ রেটিং বাড়িয়ে নেওয়ার এমন টুর্নামেন্টে অংশ নিয়ে খুব উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড়
 যুক্তরাষ্ট্র থেকে শুধু আপনিই নাম নিবন্ধন করেছেন?
লুসিয়ানা রাবিনেস: হ্যাঁ। এসে দেখছি আমার দেশের হয়ে আমি একাই খেলতে এসেছি।
 শুনলাম, আপনি অনেক দিন ধরে দুবাইয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের হয়ে কীভাবে খেলছেন?
লুসিয়ানা: আমি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রেরই নাগরিক। আমাদের বাড়ি টেক্সাসে। আমার বয়স যখন তিন বছর তখন চাকরির সুবাদে বাবা-মা চলে আসেন সংযুক্ত আরব আমিরাতে। আমি বর্তমানে দুবাইয়ের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ছি। আমরা দুবাইয়ে থাকলেও সব আইটিএফ টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের পাসপোর্টেই অংশ নিই।
 তার মানে যুক্তরাষ্ট্রে কখনো টেনিস খেলা হয়নি আপনার...
লুসিয়ানা: না। সেখানে কখনো খেলিনি। তবে আমি প্রতিবছর নিউইয়র্কে গিয়ে ইউএস ওপেন দেখি। এ বছর ইউএস ওপেনের ফাইনালের পর বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। উনার কাছ থেকে কিছু টিপস পেয়েছি। আমার আগ্রহ দেখে আজারেঙ্কা ভীষণ খুশি হয়েছিলেন। ওই দিনটি আমার জন্য অনেক স্মরণীয় একটা দিন। এর আগে একবার ২০০৮ সালে ফ্লাশিং মিডোয় খেলা দেখার সময় ইয়েলেনা ইয়াঙ্কোভিচের সঙ্গে দেখা হয়েছিল। এই সার্বিয়ান খেলোয়াড়ও আমাকে টিপস দিয়েছিলেন।
 আপনি তো সেরেনা উইলিয়ামসের দেশের মেয়ে। তাঁর সঙ্গে কি কখনো কথাবার্তা বলার সুযোগ হয়েছে?
লুসিয়ানা: না। সেরেনার ধারে-কাছেও ঘেঁষতে পারিনি কখনো। তবে তাঁর খেলা কোর্টে বসে দেখেছি।
 কাউকে আদর্শ মানেন?
লুসিয়ানা: আমার আদর্শ মারিয়া শারাপোভা। তাঁর খেলা আমার খুবই ভালো লাগে।
 বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কোনো ধারণা আছে?
লুসিয়ানা: সবে তো এলাম। এখনো কারও খেলা দেখিনি। তাই কিছু বলতে পারছি না।
 কেমন লাগছে ঢাকা শহর?
লুসিয়ানা: খুবই ভালো লাগছে। এখানে সবাই খুব মিশুক।
 কীভাবে এলেন টেনিস খেলায়?
লুসিয়ানা: (পাশে দাঁড়ানো মাকে দেখিয়ে) আমার মা ভালো সাঁতারু ছিলেন। বাবা সাউথ আমেরিকান সকার ক্লাবে খেলেছেন। কিন্তু আমি ছোটবেলা থেকে টেনিসটাই বেশি ভালোবাসি। টেলিভিশনে খুব খেলা দেখতাম। এসব দেখে এক জন্মদিনে মা টেনিস র‌্যাকেট উপহার দেন। এর পর থেকে আমি দুবাই মিউনিসিপ্যাল ক্লাবে খেলতে শুরু করি। এখন আমি দুবাইয়ে জুনিয়রে এক নম্বর।

 কতক্ষণ টেনিস অনুশীলন করেন। দুবাইয়ে খেলার সুযোগ-সুবিধা কেমন?
লুসিয়ানা: ওখানে আমি খুব ভালো সুযোগ-সুবিধা পাই। আমার জন্য মা একজন সার্বিয়ান কোচ রেখে দিয়েছেন। যেখানেই খেলতে যাই কোচ এবং মা আমার ছায়াসঙ্গী হয়ে থাকেন।
 এই টুর্নামেন্টে কী ফলাফল আশা করছেন?
লুসিয়ানা: দেখুন, খেলায় সবাই জিততে চায়। আমিও সেটাই চাইছি। আশা করি, আমি এককের ফাইনালে উঠতে পারব।
 আইটিএফে আপনার সর্বোচ্চ সাফল্য কী?
লুসিয়ানা: আমি জর্ডান, কুয়েত, কাতার, স্পেনে আইটিএফের অনেক টুর্নামেন্ট খেলেছি। এর মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছিল গত বছর। সেবার জর্ডানে এককে চ্যাম্পিয়ন ও দ্বৈতে ফাইনালে উঠেছিলাম।
 টেনিসে নিজেকে কত দূর নিয়ে যেতে চান?
লুসিয়ানা: একদিন আমি গ্র্যান্ড স্লাম জিততে চাই।