সোনা জয়ের পর আক্ষরিক অর্থেই শূন্যে ভাসলেন। দর্শকদের কাঁধ থেকে নামতেই পারছিলেন না। বাবা-মাকে দেখার পর অবশ্য জোর করে নামলেন। এর পর দুলাল হোসেন জানালেন গলফে আসা, কাল এসএ গেমসে সোনা জয় আর গলফ নিয়ে তাঁর স্বপ্নের কথা আগের দিন তো পিছিয়ে ছিলেন। কাল খেলা শুরুর সময় কি ভেবেছিলেন সোনা পাবেন?দুলাল হোসেন: কে আগে ছিল আর কে পরে, আমি আসলে এসব ভাবিনি। কাউকে পেছনে ফেলতে হবে, এটাও মাথায় ছিল না। আমার লক্ষ্য ছিল নিজের মতো খেলা। নিজের সেরা খেলাটা খেলব, তার পর কপালে যা থাকে হবে। সতীর্থ তিনজনই যে পদক পাবেন, এমনটা কখনো ভেবেছিলেন?দুলাল: হ্যাঁ, আমরা জানতাম আমাদের সামর্থ্য আছে। আসলে এই টুর্নামেন্টের জন্য গত এক বছর আমরা অনেক কষ্ট করেছি। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। সোনা জয়ের পরই বাবা-মার দেখা পেলেন। কেমন লাগল?দুলাল: খুব ভালো লাগছে। বাবা-মার জন্যই এত দূর আসতে পেরেছি। আমরা খুবই গরিব পরিবারের, কিন্তু বাবা কখনোই সংসারের জন্য কিছু করার চাপ দেননি। সব সময় আমাকে উত্সাহ দিয়ে গেছেন, বলেছেন আমি যেন শুধু গলফের দিকেই মনোযোগ দিই। গলফে জড়ালেন কীভাবে?দুলাল: আমার বড় ভাই কুর্মিটোলা গলফ ক্লাবে কাজ করতেন। ৭ বছর বয়সে ওর সঙ্গে গলফ কোর্সে আসি। প্রথম থেকেই খেলাটা আমার খুব ভালো লেগে যায়। ঠিক করেছিলাম, যেভাবেই হোক, খেলাটা আমার শিখতেই হবে। বলবয়ের কাজ করতাম, সপ্তাহে কেবল এক দিনই খেলার সুযোগ পেতাম। সেই এক দিনই প্রচুর অনুশীলন করতাম। ১২ বছর বয়স থেকে নিয়মিত খেলা শুরু করি। শিখলেন কীভাবে?দুলাল: কোচ বাবু আহমেদের কাছে। ছোটবেলাতেই দেখেছিলাম তিনি সিদ্দিক ভাইকে (সিদ্দিকুর রহমান) খেলা শেখাচ্ছেন। তার পর থেকে ওনার পেছনে লেগেছিলাম। উনি আমাকে খেলা শিখিয়েছেন, অনেক কষ্ট করেছেন আমার জন্য। ওনার সাহায্য ছাড়া এই পর্যন্ত আসতে পারতাম না। বাংলাদেশে তো গলফের ভবিষ্যত্ এখনো অনিশ্চিত, উত্সাহ পান কীভাবে?দুলাল: খেলাটা ভালোবাসি। আর কোচ, ম্যানেজার আনিস স্যার আমাকে অনেক উত্সাহ দেন। আমার স্পনসর জেমকন গ্রুপ প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেয়, কিছুদিন আগে ১৫০০ ডলার দিয়ে নতুন সেট কিনে দিয়েছে। উত্সাহের অভাব নেই। আপনার প্রতিদিনের সূচিটা কেমন?দুলাল: প্রতিদিন খুব সকালে উঠে এক ঘণ্টা জিম করি। এর পর ১৮ হোল খেলি। নাশতার পর খেলি শর্ট গেম। বিকেলে আবার প্র্যাকটিস। এভাবেই চলছে, এক দিনও মিস নেই। বছরে দুটি ঈদ আসে, কিন্তু আমার গলফ খেলা বন্ধ থাকে না। ঈদের দিনও প্র্যাকটিস করি। সর্বশেষ বাড়ি (কুমিল্লার নাঙ্গলকোটে) গিয়েছি ১০ বছর আগে। দিল মোহাম্মদ কলোনিতে থাকি, গলফ কোর্সে খেলি—এই আমার জীবন। গলফে আদর্শ কেউ আছে?দুলাল: ছোট থেকেই আমি টিভিতে টাইগার উডসের খেলা দেখতাম। ওর খেলা অনেক ভালো লাগে। আর আমাদের সিদ্দিকুর রহমানের খেলাও ভালো লাগে। সিদ্দিকুরের কাছ থেকে সাহায্য কেমন পান?দুলাল: অনেক। আমাদের সবাইকে অনেক টিপস দেন। সিঙ্গাপুর খেলতে যাওয়ার আগে বলে গেছেন, এটা অনেক বড় টুর্নামেন্ট, দেশের সম্মানের ব্যাপার। ভালো খেলতেই হবে। পেশাদার জগতে নামার ইচ্ছে নেই?দুলাল: আছে তো অবশ্যই, তবে এখনই নয়। আরও বছর তিনেক আমি অ্যামেচার খেলতে চাই। আরও অনেক শিখে, ভালোভাবে অনুশীলন করে, প্রস্তুত হয়েই পেশাদার সার্কিটে নামতে চাই। আর ভবিষ্যত্ লক্ষ্য?দুলাল: প্রথমে এশিয়ার বিভিন্ন সার্কিটে খেলতে চাই। এর পর ইউরোপিয়ান সার্কিটে। ছোট থেকে গলফই আমার সব। আর কোনো কিছু নিয়ে ভাবিনি, করিনি। পুরো জীবনটা আমি গলফেই থাকতে চাই।