‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ঘটনার পর প্রথম প্রকাশ্যে কথা বললেন ফ্যাব্রিস মুয়াম্বা। আর মুখ খুলে বোল্টনের মিডফিল্ডার বললেন, ঈশ্বরই তাঁকে বাঁচিয়েছেন। নিজেকে ভাগ্যবান দাবি করে ২৪ বছর বয়সী মিডফিল্ডার জানিয়েছেন নিজের একটা স্বপ্নের কথাও। আবার ফিরবেন ফুটবল মাঠে!গত ১৭ মার্চ টটেনহামের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৪১ মিনিটে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মুয়াম্বা। দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কার্যত ৭৮ মিনিট তিনি ছিলেন মৃত। হূদ্স্পন্দন ছিল না। হূদ্স্পন্দন ফেরাতে ১৫টি ‘ডেফিব্রিলেটর’ শক দেওয়া হয় তাঁকে। শেষ পর্যন্ত মৃত্যুই তাঁর কাছে হার মেনেছে। বেঁচে গেছেন অলৌকিকভাবে। মৃত্যুর মুখোমুখি হওয়া সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে মুয়াম্বা বলেছেন, ‘আমি চারপাশে স্পারদের খেলোয়াড়দের দৌড়াতে দেখছিলাম। হঠাৎই দেখলাম স্কট পার্কার্স দুজন, দুজন লুকা মডরিচ। আমি কেবল অনুভব করতে পারছিলাম আমি পড়ে যাচ্ছি এবং মনে হলো মাথায় সজোরে দুবার আঘাত করা হলো। তখন আমার সামনে শুধুই মাঠ। তারপরই সবকিছু অন্ধকার। আর কিছু মনে নেই... আমি মারা গিয়েছিলাম।’ জীবনের কঠিন সেই সময় পেরিয়ে মুয়াম্বা এখন নতুন করে শুরু করেছেন জীবনযুদ্ধ। মৃত্যুকে জয় করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, ‘আমি ঈশ্বরের কাছে জীবন ভিক্ষা চেয়েছিলাম...এবং ঈশ্বর আমার কথা রেখেছেন। আমার ক্ষেত্রে যা ঘটেছে, তা অলৌকিকের চেয়েও বেশি কিছু।’এরপর জানিয়েছেন নিজের প্রত্যাশার কথা, ‘আবার ফুটবল খেলতে পারাটা হবে দারুণ। আমি আশাবাদী সেটাই ঘটবে। তবে বেঁচে থাকা এবং আমার পরিবারকে ভালোবাসাটাই হবে দারুণ ব্যাপার। আমি ভাগ্যবান।’ এএফপি।