'ঈশ্বরের ইচ্ছা' মেনে নিচ্ছেন স্যামি
স্বয়ং ঈশ্বর যেটা চান, তাতে বাধা হয়ে দাঁড়ানো কার সাধ্যি! তাঁর ইচ্ছে তাই মেনে নিচ্ছেন ড্যারেন স্যামিও। তাতে শ্রীলঙ্কা ফাইনালে গেলে যাক, ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে গেলে পড়ুক। সবার ওপরে বিধাতা সত্যি।
বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রথম এলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি। টুর্নামেন্ট থেকে এভাবে বিদায় নেওয়াটাকে হতাশাজনক মানলেও রসিকতা করে বললেন, শ্রীলঙ্কা নিশ্চয়ই আবহাওয়াটা আগেই আঁচ করতে পেরেছে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে সে কারণেই। তবে একটু পর অন্য এক প্রশ্নের জবাবে কেমন ভারী হয়ে এল রসিক স্যামির কণ্ঠও। প্রতিপক্ষের দুই খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা এই বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। দেশে ফেরার আগে এবারের বিশ্বকাপটা পারলে তাঁদের দুজনকেই উৎসর্গ করে যান ক্যারিবীয় অধিনায়ক, ‘আমি ব্যাপারটাকে এভাবে নিচ্ছি...আমরা তো একটা বিশ্বকাপ জিতেছি। কিন্তু শ্রীলঙ্কা দলে এমন দুজন ক্রিকেটার আছেন, যাঁরা শুধু শ্রীলঙ্কার ক্রিকেটকে নয়, বিশ্ব ক্রিকেটকেই অনেক কিছু দিয়েছেন। আমার বিশ্বাস, এটা সর্বশক্তিমানেরই ইচ্ছা যে তাঁদের শেষটা হোক অন্য উচ্চতায় গিয়ে। সেটার জন্যই হয়তো আরও একটা ম্যাচ খেলবেন তাঁরা এবং হয়তো সে জন্যই এই ম্যাচে স্বয়ং ঈশ্বর হস্তক্ষেপ করেছেন।’
এরপর আর বলার কীই-বা থাকে! বরং বৃষ্টি-ভাগ্যের কাছে হার মানা ম্যাচটা থেকেও যেন অনেক কিছুই নিয়ে গেলেন স্যামি। তাঁর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখানেই শেষ নয়। গতবারের চ্যাম্পিয়নরা এবার না পারলেও চাতক পাখির মতো তাকিয়ে থাকবে আগামী বিশ্বকাপের দিকে। তবে তার আগে আগামী পরশুর ফাইনালটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘আমি চেয়েছিলাম ট্রফিটা উঁচিয়ে ধরতে। কিন্তু এখন আমি দর্শক হয়ে দেখব ফাইনালটা। আশা করি ফাইনালটা একপেশে না হয়ে খুব উত্তেজনাপূর্ণ হবে এবং সেরা দলটাই বিশ্বকাপ জিতবে। আর বাড়িতে বসে আমিও দারুণ একটা ফাইনাল দেখব।’
অ্যাঞ্জেলো ম্যাথুস যখন শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন, তখনো শেষ হয়নি স্যামির কথা। আর যখন সেটা শেষ হলো, ম্যাথুস সংবাদ সম্মেলনে বসার আগে হাত মেলালেন দুজনে, কী নিয়ে দুজনে আলাপও করলেন একটু। যার শেষটা হলো দুজন দুজনকে শুভকামনা জানিয়ে। একজনকে ফাইনালের শুভকামনা, আরেকজনকে দেশে ফেরার যাত্রাপথের শুভকামনা।
ফাইনালে উঠলেও বৃষ্টির বাগড়াটা না হলেই যেন বেশি খুশি হতেন ম্যাথুস। যদিও জানালেন, ম্যাচের অর্ধেক হয়ে যাওয়ার পরই তাঁরা জানতে পারেন বৃষ্টির সম্ভাবনার কথা। খেলাটাকেও তখন থেকেই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে শ্রীলঙ্কা, ‘তাদের দলে এমন কিছু বিগ হিটার আছে, যারা একবার মারতে শুরু করলে তাদের থামানো কঠিন। সে জন্য আমরা শুরু থেকেই তাদের আটকে রাখতে চেয়েছিলাম। তাদের চেপে ধরতে উইকেট ফেলার দরকার ছিল আমাদের। সে জন্য লাসিথ মালিঙ্গা প্রথম ছয় ওভারের মধ্যেই বোলিংয়ে আসে, যেটা সে সাধারণত করে না। কিন্তু উইকেট নেওয়ার জন্য আমাদের সেরা বোলারেরই আসার দরকার ছিল তখন।’
স্যামির কাছে অবশ্য মালিঙ্গা কী করলেন, ম্যাথুস কী বললেন, তাতে কিছুই যায় আসে না। সবই ‘ঈশ্বরের ইচ্ছা’।
২ টি-টোয়েন্টিতে দুটি ‘ডায়মন্ড ডাক’ পাওয়া একমাত্র খেলোয়াড় জয়াবর্ধনে
১৩ ২০ ইনিংস বল করে ১৩ বারই ওভারপ্রতি ছয় বা তাঁর কম রান দিয়েছেন বদ্রি
৩৮ আজমলকে পেছনে ফেলে মালিঙ্গাই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি