'ঈশ্বরের হাত' নিয়ে ম্যারাডোনা-লিনেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার শোতে অতিথি লিনেকার l ওয়েবসাইট
ম্যারাডোনার শোতে অতিথি লিনেকার l ওয়েবসাইট

ওই একটা ম্যাচই তাঁদের দুজনকে শত্রু বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ১৯৮৬ বিশ্বকাপের ওই ম্যাচেই ফুটবল ইতিহাসের সবচেয়ে নিন্দিত আর নন্দিত দুটি গোল করে ম্যারাডোনা হারিয়ে দিয়েছিলেন গ্যারি লিনেকারের ইংল্যান্ডকে। বিতর্কিত প্রথম গোলটা যাঁরা মনে রেখেছেন, সেই ইংলিশদের কাছে ম্যারাডোনা আমৃত্যু খলনায়ক। সেই গোলটাকে ভোলেননি ওই ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করা গ্যারি লিনেকারও। তবে নিন্দিত সেই প্রথম গোল নয়, তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছে ম্যারাডোনার নন্দিত সেই দ্বিতীয় গোলটি। খলনায়ক নন, ফুটবল-সৌন্দর্যের পূজারি বলেই লিনেকারের কাছে ম্যারাডোনা নায়ক। ‘প্রতারণা’র ওই স্মৃতিটা থাকার পরেও তাই তাঁরা দুজন শত্রু নন, দারুণ বন্ধু।
সেই বন্ধুর অনুরোধেই পরশু একটা ফুটবল শোতে অতিথি হয়ে গিয়েছিলেন লিনেকার। বিশ্বকাপ উপলক্ষে ভেনেজুয়েলার একটি টেলিভিশনের জন্য নির্মিত সেই অনুষ্ঠানের স্টুডিও বানানো হয়েছে ব্রাজিলেই। স্বয়ং ম্যারাডোনা সেই অনুষ্ঠানের উপস্থাপক। অতিথি হয়ে লিনেকার যেদিন গেলেন, তার আগের দিনই ছিল ম্যারাডোনার সেই কুখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের ২৮ বছর পূর্তি। ব্যাপারটা যে লিনেকার ভোলেননি, সেটাও দেখা গেল অনুষ্ঠানের শুরুতেই। অনুষ্ঠানের শুরুতেই ম্যারাডোনার পিঠ চাপড়ে দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। তারপর হঠাৎ আর্জেন্টাইন কিংবদন্তির ডান হাতটা ওপরে তুলে ধরে রসিকতা করে জিজ্ঞেস করলেন, ‘২৮ বছর হয়ে গেছে, না? তোমার এই হাতটা এখন কেমন আছে?’
খুনসুটিতে কম যান না ম্যারাডোনাও। লিনেকারের হাত থেকে নিজের ডান হাতটা ছাড়িয়ে নিয়ে তিনি বাঁ হাত বাড়িয়ে দিয়ে যেন বোঝালেন, ‘বন্ধু, তোমার ভুল হচ্ছে। ডান হাত নয়, বাঁ হাত দিয়েই সেই বিতর্কিত গোলটা করেছিলাম।’
বন্ধুকে এ রকম খোঁচা দিয়ে শুরু করলেও পরে অবশ্য তাঁর প্রশংসা করতে গিয়ে কোনো কার্পণ্য করেননি লিনেকার, ‘ও পরে যে গোলটা করেছে, সেটা আমার দেখা সেরা।’
পরে টুইটারেও ম্যারাডোনার সঙ্গে সেই অনুষ্ঠানে তাঁর খুনসুটির একটা ছবি দিয়েছেন লিনেকার। সঙ্গে লিখেছেন, ‘ঈশ্বরের হাতের গোল আর ইতিহাসের সেরা গোলের ২৮ বছর পূর্তি হয়েছে। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার সঙ্গে আড্ডা দিয়েও দারুণ লেগেছে।’ ডেইলি মেইল৷