‘উঠতি’ ক্রিকেটার সাঙ্গাকারা!
আর যা-ই হোক, কুমার সাঙ্গাকারা ঠিক উঠতি ক্রিকেটার নন। কিন্তু সময়ের প্রয়োজনে শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকেই এখন খেলতে হচ্ছে উদীয়মানদের একাদশে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে ‘শ্রীলঙ্কা ইমার্জিং ইলেভেন’-এ খেলবেন সাঙ্গাকারা। সদ্য চোট কাটিয়ে ফেরা ব্যাটসম্যানকে টেস্ট সিরিজের আগে ছন্দে ফেরাতেই এই ব্যবস্থা। তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হচ্ছে আগামী পরশু, সনাৎ জয়াসুরিয়ার শহর মাতারায়।অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্টে তর্জনীতে চিড় ধরার পর থেকেই মাঠের বাইরে সাঙ্গাকারা। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ২০ জনের প্রাথমিক দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ককে। সাঙ্গাকারার আশা, প্রথম টেস্টেই খেলতে পারবেন তিনি, ‘এ সপ্তাহেই আমি নেটে ব্যাটিং শুরু করেছি, অনুশীলনও খুব ভালো চলছে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা হবে ম্যাচ প্র্যাকটিসের ভালো সুযোগ। ম্যাচটা ভালোভাবে কাটিয়ে দিতে পারলে আমি গল টেস্টে খেলব।’ প্রস্তুতি ম্যাচের ১৬ সদস্যের দলে ২৩ বছরের বেশি বয়সী ক্রিকেটার শুধু সাঙ্গাকারাই। টেস্ট দলের আরও দুজন খেলবেন প্রস্তুতি ম্যাচে—দুই ব্যাটসম্যান অ্যাশেন সিলভা ও কিথুরুয়ান ভিথাঙ্গে। ভিথাঙ্গে প্রস্তুতি ম্যাচের সহ-অধিনায়কও, অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। বিপিএলে চিটাগং কিংসে খেলে যাওয়া অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াও আছেন দলে। দলটির কোচ সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রুমেশ কালুভিতারানা। ওয়েবসাইট।