'উদ্বোধনী ম্যাচ ফাইনালের মতোই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচ ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ, ভাবছেন আলভেজ। ছবি:এএফপি।
প্রথম ম্যাচ ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ, ভাবছেন আলভেজ। ছবি:এএফপি।

বিশ্বকাপ শুরু হতে বাকি সাকল্যে ৫৭ ঘণ্টা। তিন দিনও নেই হাতে। বৃহস্পতিবার ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠবে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে। সেদিন কোটি কোটি মানুষের চোখ থাকবে এ ম্যাচের দিকেই। প্রথম ম্যাচটিকে তাই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ভাবছেন দানি আলভেজ।

ব্রাজিলের এ রাইট ব্যাক বললেন, ‘চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রথম ম্যাচটি কেবল তিন পয়েন্ট পাওয়ার বিষয় নয়। অন্যান্য প্রতিপক্ষকেও একটি বার্তা দেবে। মনে করি, বিশ্বকাপে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা, অনেকটা ফাইনালের মতোই।’

কদিন আগে সার্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে অতি কষ্টে জেতায় সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে সেলেসাওদের। তবুও আলভেজের প্রত্যাশা, ম্যাচে সমর্থকদের পূর্ণ সমর্থনই পাবে ব্রাজিল দল। তাঁর যুক্তি, ‘আমরা ঘরের মাঠে খেলছি। নিশ্চিত সমর্থকেরা আমাদের পক্ষেই থাকবে। আর তাদের সমর্থনই ব্রাজিলকে করে তুলবে এবারের বিশ্বকাপের ফেবারিট।’ রয়টার্স।