‘উন্নত’ আলোয় ভারত-শ্রীলঙ্কা লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনির ‘ওয়াকআউটের’ জবাবে মোক্ষম একটা বাউন্সার ছুড়ে দিলেন ক্রিকেট শ্রীলঙ্কার পিচ কিউরেটর অনুরুদ্ধ পোলোনোভিতা। অসমান বাউন্সের অনুশীলন উইকেট দেখে পরশু রেগেমেগে বেরিয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। প্রশ্ন তুলেছিলেন কিউরেটরদের সামর্থ্য নিয়ে। যথেষ্টই আঁতে ঘা লেগেছে পোলোনোভিতার, জবাবটাও তাই দিলেন দুর্দান্ত, ‘বুঝতে পারছি না কোন ধরনের উইকেট তারা চায়। সেদিন দারুণ ব্যাটিং উইকেটে ৮৮ রানে গুটিয়ে গেল। এখন বলছে, অনুশীলন উইকেট ভালো নয়!’ধোনি পাল্টা কোনো জবাব দিয়েছেন কি না, জানা যায়নি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে যেভাবে হেরেছে তাঁর দল, তাতে বড়মুখ করে কিছু বলার উপায়ও নেই। তবে পারফরম্যান্সের চেয়ে বড় জবাব তো আর হয় না। সেই সুযোগটা আজ পাচ্ছে ভারত। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা। অবশ্য জবাব দেওয়ার কাজটা সহজ হবে না মোটেও। যে দলের কাছে রীতিমতো উড়ে গেছে ভারত, সেই নিউজিল্যান্ডকেই আবার সহজে হারিয়েছে শ্রীলঙ্কা। ভারতীয়দের আজ তাই খেলতে হবে নিজেদের উজাড় করে দিয়ে। আজ ভারত হারলে তাদের ফাইনাল যেমন অনিশ্চিত হয়ে যাবে, তেমনই ফাইনালের পথে এগিয়ে যাবে শ্রীলঙ্কা।টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের আগে অবশ্য একটা সুখবর শুনেছে দলগুলো। ডাম্বুলায় সবচেয়ে বড় অভিযোগ যেটা নিয়ে, সেই ফ্লাডলাইটের মান উন্নত করা হয়েছে। রণগিরি স্টেডিয়ামে ফ্লাডলাইটের টাওয়ার আছে আটটি, প্রতিটিতে বালব আছে ২১টি করে। আগে প্রতিটি বালব ছিল ১০০০-১১০০ ওয়াটের। সেগুলো বদলে এখন বসানো হয়েছে ১৩০০-১৪০০ ওয়াটের বালব। গত এশিয়া কাপের সময় ক্রিকেটাররা প্রশ্ন তুলেছিলেন ডাম্বুলার ফ্লাডলাইটের মান নিয়ে। লাসিথ মালিঙ্গা বলেছিলেন, ‘এই আলো মোটেও ক্রিকেটের উপযোগী নয়।’ ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেছিলেন, ‘স্পিনারদের হাত দেখে বল বোঝার কোনো উপায়ই নেই!’তবে বালব বদলানো হলেও ঝামেলার শেষ হচ্ছে না। নতুন বসানো বালব বসানোর পরও নাকি আলো পর্যাপ্ত নয়। ক্রিকেটারদের কয়েকজনের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট উপযোগী করতে আলো আরও এক-দুই লেভেল বাড়াতে হবে। টসটা তাই আজও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। গত ম্যাচে পরে ব্যাট করে জিতেছে শ্রীলঙ্কা। তবে পরে ব্যাট করে জিততে হলে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলার বিকল্প নেই। কিন্তু প্রতিদিনই তো সেটা সম্ভব নয়।দুই দলেরই মূল দুশ্চিন্তা ব্যাটিং। প্রথম ম্যাচে লজ্জাজনক পারফরম্যান্সের পর কোথায় ঘুরে দাঁড়াবে, তা না, ভারত উল্টো ধাক্কা খেয়েছে যুবরাজ সিংকে হারিয়ে। ডেঙ্গু জ্বরের কারণে আজ খেলতে পারছেন না বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর জায়গায় দলে আসতে পারেন বিরাট কোহলি। চোটের কারণে অনিশ্চিত সর্বশেষ দুই ম্যাচে ৪ উইকেট করে নেওয়া পেসার আশিস নেহরাও। ওয়েবসাইট।