'উপমহাদেশেই থাকবে বিশ্বকাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে? উপমহাদেশের কোনো দল। শচীন টেন্ডুলকার অন্তত মনে করেন সেটাই।
ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। ২০১৫ বিশ্বকাপে তাই শচীন টেন্ডুলকারের খেলার প্রশ্নই আসে না। তা না খেলুন। তাই বলে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে তো তিনি পারেনই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শুরু হবে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি। তার ঠিক ৫০০ দিন আগে টেন্ডুলকার ভবিষ্যদ্বাণী করলেন, বিশ্বকাপটা থাকবে উপমহাদেশেই।
বাংলাদেশের অবশ্য খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ টেন্ডুলকারের কণ্ঠে বাংলাদেশের নামটা উচ্চারিত হয়নি। ২০১১ বিশ্বকাপ জিতেছে ভারত। নিজেদের মাটির টুর্নামেন্টে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮২ রান করে তাতে টেন্ডুলকার রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ জিততে পারবে ভারত, ‘ভারতের পাশাপাশি পাকিস্তান এবং শ্রীলঙ্কাও ভালো দল। আমার পক্ষপাত অবশ্য ভারতের দিকেই। আমি চাইব তারা ভালো করুক। বিশ্বকাপ জয়টা সত্যিই রোমাঞ্চকর হবে। সেটা হবে পুরো জাতির জন্যই আনন্দের।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক-কোচ জাভেদ মিয়াঁদাদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৬টি বিশ্বকাপে খেলা টেন্ডুলকারের বিশ্বাস, ধোনির দল অস্ট্রেলিয়ায় ঠিকই ভালো করবে। কারণ অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশনের সঙ্গে ধোনির এই দলের অনেক সদস্যই পরিচিত। তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকের (৪৫ ম্যাচে ২২৭৮ রান) ভয়টা নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে। নিজের অভিজ্ঞতাই টেন্ডুলকারকে শঙ্কায় রাখছে।
১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ ছিল ভারতের। ডানেডিনের সেই ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল ৪ উইকেটে। ম্যাচ-সর্বোচ্চ ৮৪ রান করলেও টেন্ডুলকার এখনো ভুলতে পারেননি কনকনে ঠান্ডা আর প্রবল বাতাসের মধ্যে ব্যাটিং করাটা কতটা কঠিন ছিল! ওয়েবসাইট।

স্বপ্নপূরণের কাছে আফগানিস্তান
আর মাত্র একটা জয় পেলেই পূরণ হবে আফগানিস্তানের ২০১৫ বিশ্বকাপে খেলার স্বপ্ন। কেনিয়াকে নিয়ে যেভাবে ছেলেখেলা করছে, তাতে আফগানরা আগাম উৎসবই শুরু করে দিতে পারে!
দুই দিন আগে এই কেনিয়াকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জা দিয়েছিল আফগানিস্তান। কাল আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে সেই কেনিয়াকে আফগানরা হারিয়েছে ৮ উইকেটে। আগামীকাল এই কেনিয়ার বিপক্ষে জিতলেই আয়ারল্যান্ডের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান পেয়ে যাবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট। ক্রিকইনফো।