'উপলক্ষটা স্মরণীয় করে রাখতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসেল মাহমুদ জিমি
রাসেল মাহমুদ জিমি

২০০৩ সালে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে তাঁর যাত্রা শুরু। ১৪ বছরের ক্যারিয়ারে জাতীয় হকি দলে অনেক ভাঙাগড়া দেখেছেন
রাসেল মাহমুদ জিমি। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক বললেন জাতীয় হকি দলের অতীত, বর্তমান ও টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে
আরেকটি টুর্নামেন্ট। নতুন চ্যালেঞ্জ। কী ভাবছেন?
রাসেল মাহমুদ জিমি: ভাবনা আসলে একটাই। ঘরের মাঠে ভালো কিছু করা। আন্তর্জাতিক হকি ফেডারেশনের এই মানের টুর্নামেন্ট আগে হয়নি আমাদের দেশে। তাই উপলক্ষটা স্মরণীয় করে রাখতে চাই। যদিও বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে আমরা আগেও দুবার খেলেছি।
এই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডেই আপনারা দিল্লিতে ২০১৩ সালে চীনকে ৩-২ গোলে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। চয়ন, মিমো, কৌশিক গোল করেছিলেন। আপনি সেরা মিডফিল্ডার হয়েছিলেন ওই টুর্নামেন্টে...
জিমি: সেবার ভালো খেলেও আমরা পরের রাউন্ডে যেতে পারিনি। আয়ারল্যান্ডের কাছে আগেই হেরে যাওয়ায় ক্ষতি হয়েছিল অনেক। চীনের ম্যাচটার কথা সব সময়ই মনে পড়ে। ওই ম্যাচটা আমাদের জন্য বড় এক অনুপ্রেরণা হয়ে আছে।
এবার ঘানার সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ দেখে অনেকে খুব ভালো কিছু আশা করতে সাহস পাচ্ছেন না।
জিমি: প্রস্তুতি ম্যাচের ভুল নিয়ে আমরা কাজ করেছি। আমার মনে হয়, সব ঠিক হয়ে যাবে। দুর্ভাবনার কিছু নেই।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়ার লক্ষ্যের কথা আগেই বলেছেন। ধরুন দ্বিতীয় হলো বাংলাদেশ, এরপর কত দূর যাওয়ার লক্ষ্য থাকবে?

জিমি: গ্রুপে দ্বিতীয় হতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলা সহজ হবে আমাদের জন্য। কোয়ার্টার ফাইনাল পেরোলে সেমিফাইনাল। এটাও তো কম নয়।
কিন্তু পরের রাউন্ডে যেতে ফাইনাল খেলার বিকল্প নেই। আপনাদের কোচ অলিভার কিন্তু আকারে-ইঙ্গিতে ফাইনালেও চোখ রাখার কথা বলছেন।
জিমি: আমরা ধাপে ধাপে এগোতে চাই। আগেই যদি বলি, ফাইনাল খেলতে চাই বা খেলব সেটা ঠিক হবে না। তবে ভালো পারফর্ম করলে নিশ্চয়ই ভালো কিছু আশা করা যায়।
আপনার শুরুর সময়ের হকি আর বর্তমান হকির মধ্যে কী পার্থক্য দেখছেন?
জিমি: আগে ব্যক্তিগত খেলার দিকেই বেশি মনোযোগ ছিল। অর্থাৎ ব্যক্তিগত স্কিলটাই ছিল আসল। এখন বিশ্ব পর্যায়ে ভালো করতে দ্রুতগতির হকি খেলতে হবে। এটাই যুগের চাহিদা। অর্থাৎ পাওয়ার ও স্পিডের ওপর খেলা। এর সঙ্গে মানিয়ে নিতে পারেনি বলে ভারত, পাকিস্তানের মতো দেশও পিছিয়ে পড়েছে। টিম গেম ও ফিটনেসের কাছে এই দলগুলো মার খেয়েছে। পাওয়ার হকি খেলে ইউরোপ এগিয়ে গেছে অনেক।
বাংলাদেশ জাতীয় দলও তো বদলে গেছে। সেই বদলটা আপনার চোখে কেমন?
জিমি: আমার শুরুর দিকে দেখেছি, দলে ১২-১৩ জন ভালো খেলোয়াড় থাকত। বেঞ্চটা ছিল দুর্বল। এখন বেঞ্চ শক্তিশালী হয়েছে। চোট আঘাতও এখন কম। টানা ২-৩ মাস অনুশীলন করেও আমাদের এই দলে কোনো ইনজুরি নেই। এটাও পজিটিভ দিক।
দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আপনি। আপনার কাছে সবার প্রত্যাশাও বেশি। এ নিয়ে কী ভাবছেন? শুরুতেই মালয়েশিয়া ম্যাচ নিয়েই বা আপনার ভাবনা কী?
জিমি: প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালয়েশিয়া অনেক শক্তিশালী। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে হয়তো ম্যাচটা ওদের জন্য সহজ হবে না। তবে পারফর্ম করতে না পারলে ম্যাচ একতরফাই বানিয়ে ফেলতে পারে ওরা। সেটা যাতে না হয় সে জন্য চাইব নিজের সেরাটা ঢেলে দিতে।