‘উপহারের’ অপেক্ষায় জর্জেভিচ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনেই ব্যস্ত থাকার কথা ছিল তাঁর। কিন্তু টিম হোটেলেই অলস সময় কাটাচ্ছেন তিনি। কখনো হোটেলের লবিতে পায়চারি করছেন। কখনো সঙ্গী ট্রেনার ও ফিজিওর সঙ্গে আড্ডা দিচ্ছেন। আর অপেক্ষা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের দেশে ফেরার। গতকাল রাতেই ফেরার কথা ছিল সালাউদ্দিনের। বাফুফে সভাপতি এসেই হয়তো আজ ভাগ্য নির্ধারণ করবেন ফুটবলের নতুন কোচ জোরান জর্জেভিচের।আজ এই সার্বিয়ানের ৫৮তম জন্মদিন। এ জন্য কয়েকজন শুভাকাঙ্ক্ষী বসুন্ধরা সিটি থেকে কাল উপহারও কিনে রেখেছেন। কিন্তু জর্জেভিচ হয়তো সবচেয়ে বড় উপহারের প্রত্যাশা করছেন সালাউদ্দিনের কাছ থেকেই।জর্জেভিচের অনুপস্থিতিতে কালও যথারীতি অনুশীলন হলো। আপত্কালীন কোচ সাইফুল বারীর তত্ত্বাবধানে চলেছে নিবিড় অনুশীলন। কখনো স্ট্রেচিং, কখনো ম্যাচ প্র্যাকটিস। প্রায় আড়াই ঘণ্টার অনুশীলন শেষ করে মাঠ ছেড়েছেন ফুটবলাররা। জর্জেভিচ নেই। কিন্তু তাঁর অশরীরী ছায়া যেন কাজ করছে এই অনুশীলনেও। তাঁর নির্বাচিত দল নিয়েই তো আসলে কাজ করতে হচ্ছে সাইফুল বারীকে! ধরতে গেলে এই দলটিই টানা ৫ ম্যাচ জিতে এসএ গেমস ফুটবলের সোনা এনে দিয়েছে। অভাবিত এই সাফল্য এই দলের মধ্যেও এনেছে বাড়তি আত্মবিশ্বাস। শ্রীলঙ্কায় আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু এএফসি চ্যালেঞ্জ কাপে তাই ভালো কিছু করারই প্রত্যয় খেলোয়াড়দের কণ্ঠে। অধিনায়ক আমিনুল যেমন বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলা। এসএ গেমসের সাফল্যের ধারাবাহিকতা শ্রীলঙ্কাতেও ধরে রাখতে চাই। এ জন্য প্রতি মুহূর্তে আমরা পরস্পরের সঙ্গে কথা বলছি। মাঠের বাইরে যতই সমস্যা থাকুক না কেন মাঠে আমরা আমাদের খেলাটা খেলতে চাই।’ জর্জেভিচের ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী দেশসেরা গোলকিপার, ‘আমি আশাবাদী আগামীকাল (আজ) থেকেই তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। জোরানের সঙ্গে আমার আজ (কাল) দুপুরেও কথা হয়েছে। উনি বলেছেন, তোমরা ভেব না যে আমি তোমাদের সঙ্গে নেই। আমি না থাকলেও আমি তোমাদের যেটা শিখিয়েছি মাঠে সেটা তুলে ধর। আমরাও চ্যালেঞ্জ কাপে সেটি করে দেখাতে চাই।’এই দলের কয়েকজন তরুণ তুর্কি এসএ গেমসে ভালোই চোখ কেড়েছেন। তাঁদের মধ্যে তৌহিদুল আলম একজন। সদ্য এসএ গেমসে বদলি হিসেবে নেমে সেমিফাইনাল ও ফাইনালে করেছেন অসাধারণ দুটো গোল। দলে আছেন রেজাউল করিম, মামুন মিয়া, নাসিরুল ইসলামদের মতো খেলোয়াড়। তাঁদের ব্যাপারে দারুণ আশাবাদী আমিনুল, ‘আমি আশা করছি ওরা ভালোই করবে শ্রীলঙ্কায়।’ তবে এ মুহূর্তে দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানালেন তিনি। তাই এনামুলকে ছাড়াই হয়তো শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। দেশের বাইরে বয়সভিত্তিক অনেক ম্যাচই খেলেছেন তৌহিদুল। তবে এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন জাতীয় দলের জার্সি গায়ে তুলে। চ্যালেঞ্জ কাপ নিয়ে নিজে কী ভাবছেন তরুণ স্ট্রাইকার? ‘এসএ গেমসে যেমন খেলেছি, আমার চেষ্টা থাকবে সেটাই যাতে শ্রীলঙ্কায় খেলতে পারি।’ যেকোনো দলই কোচ নিয়ে বিব্রতকর এই পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। একটু হলেও তৌহিদুলের মনে যে এই আশঙ্কা কাজ করছে না তা কিন্তু নয়, ‘হয়তো সামান্য প্রভাব পড়তে পারে। তবে আমরা যে ছন্দে খেলছি তাতে খুব বেশি সমস্যা হবে না।’ এক ফাঁকে নিজের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন, ‘শ্রীলঙ্কায় মূল একাদশে সুযোগ পেলে প্রতিটি ম্যাচে গোল করতে চাই।’ একই স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন আরেক নবাগত স্টপার রেজাউল, ‘অবশ্যই ভালো খেলার প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছি। কিছুদিন আগে এসএ গেমসে জিতেছি। কোনো ম্যাচে হারিনি। আশা করি, কলম্বোতেও সাফল্যের ধারাবাহিকতা থাকবে।’ চার বছর পর দলে ডাক পাওয়া কাঞ্চনের প্রত্যাশাও একই সমান্তরালে, ‘যেহেতু কোচ আমাকে দলে ডেকেছে। আমিও চাইব কোচের সম্মান রাখতে।’ সবই ঠিক আছে। কিন্তু যে কোচ তাদের এত স্বপ্ন দেখালেন, তিনি কি আদৌ যাবেন শ্রীলঙ্কায়? নাকি তাঁর পেশাদারির কাছে হেরে যাবে এসএ গেমসে লাল-সবুজ গায়ে জড়িয়ে দেখানো আবেগ!