উসমান খাজাকে নিয়ে মেতে উঠেছে অস্ট্রেলীয় গণমাধ্যম। সিডনি টেস্টে অভিষেক হওয়া এই পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান নিজের প্রথম ইনিংসে হয়তো আহামরি কিছু দেখাতে পারেননি, কিন্তু প্রায় দুই ঘণ্টা উইকেটে পড়ে থেকে তিনি তাঁর সামর্থ্যের কিছু প্রমাণ রেখেছেন। আর তাতেই আনন্দিত অস্ট্রেলীয় গণমাধ্যম। আজ মঙ্গলবার ‘দ্য অস্ট্রেলিয়ান’ বলেছে, ‘সিডনির প্রথম ইনিংসে উসমান খাজার ইনিংসটি হয়তো বড় ছিল না। কিন্তু এতেই এই বাঁহাতি ব্যাটসম্যান প্রমাণ করে দিয়েছেন, কেন অস্ট্রেলীয় দলের ব্যাটিং লাইন আপে তাঁকে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের আগে জায়গা দিতে হবে।’ এ পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, ‘উসমানের ব্যাটিং দেখেই মনে হয়েছে, এই খেলোয়াড়টির জন্মই হয়েছে অস্ট্রেলিয়া দলের তিন নম্বরে ব্যাটিং করার জন্য।’দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় উসমান খাজার মতো একজন ব্যাটসম্যানের আবির্ভাবে পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়। এতে আরও বলা হয়, ‘যদিও উসমানের জন্ম সনদে ইসলামাবাদে জন্ম নেওয়ার কথা বলা হয়েছে, তার পরও উসমানের বেড়ে ওঠা সম্পূর্ণ অসি পরিবেশে, তাই তাঁকে একজন অস্ট্রেলিয়ান হিসেবেই অভিহিত করা যায়।’‘মেলবোর্ন এইজ’ আরও একধাপ এগিয়ে বলেছে, ‘অস্ট্রেলিয়ান দলের ধারাবাহিক ব্যাটিং দুর্বলতার সময়ে উসমান খাজার মতো একজন “সলিড” ব্যাটসম্যানের আবির্ভাব অন্ধকার সুড়ঙ্গের শেষে এক চিলতে আলোর রেখার মতোই একটি ব্যাপার।’ পত্রিকাটিতে উসমান খাজার ব্যাটিং স্টাইলের ভূয়সী প্রশংসা করে বলা হয়, ‘ওর ব্যাটিংয়ের মধ্যে এমন কিছু আছে, যা দিয়ে সে খুব সহজেই ফাস্ট বোলারদের খেলতে পারে। ফাস্ট বোলারদের স্লিপ ও গালির মাঝখান দিয়ে অ্যাঙ্গেল করে গড়িয়ে দেওয়া তাঁর ব্যাটিংয়ের অন্যতম বিশেষত্ব। তাঁর টাইমিং অসাধারণ। মাঝেমধ্যে তিনি ‘নরম হাতে’ও খেলতে পারে।অস্ট্রেলিয়া দলের প্রথম অভিবাসী ও মুসলিম ক্রিকেটার উসমান খাজার বিশেষত্বকে তিনটি ভাগে ভাগ করেছে ‘মেলবোর্ন এইজ’। এতে বলা হয় উসমান খাজার ব্যাটিংয়ে তিনটি বিশেষত্ব। জন্মগতভাবে সে উপমহাদেশীয় হওয়ার কারণে তাঁর রয়েছে উপমহাদেশীয় কব্জির কাজ। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠার কারণে তাঁর মধ্যে রয়েছে স্বাভাবিক অস্ট্রেলীয় কঠোরতা। আর সব শেষে তাঁর মধ্যে রয়েছে অভিবাসী হিসেবে দলে প্রতিষ্ঠিত হওয়ার স্পৃহা। সব মিলিয়ে উসমান খাজা অস্ট্রেলিয়ার ক্রিকেটের নতুন দিনেরই প্রতিনিধি।উসমান খাজার যে ব্যাপারটিতে অস্ট্রেলীয় গণমাধ্যমের সবচেয়ে বেশি মুগ্ধতা ঝরে পড়েছে, তা হলো—সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ৪০ হাজার দর্শকও তাঁকে এতটুকু নার্ভাস করতে পারেনি। তাঁর স্থিতধী চরিত্রই তাঁকে একদিন অনেক বড় টেস্ট ব্যাটসম্যানে পরিণত করবে। ওয়েবসাইট।