‘মন আর চাইছে না একটি দিনও এই ক্লাবে থাকি। কিন্তু ইচ্ছা না থাকলেও মৌসুমের শেষ পর্যন্ত থাকতেই হবে। সেই দিনটি এলেই বাঁচি। খেলোয়াড়দের স্বাধীনতা না থাকলে খেলা কঠিন। শুধু আমি নই আমাদের সব খেলোয়াড়ই হাড়ে হাড়ে বুঝছে।’যাঁঁর মুখে এই হতাশা, নাম প্রকাশ করতে চাইলেন না তিনি। কিন্তু ‘অফ দ্য রেকর্ড’ বলতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়দের কোনো দ্বিধা নেই। ক্লাব সভাপতির (মনজুর কাদের) দল পরিচালনায় ‘অতিষ্ঠ’ হয়ে দেশসেরা খেলোয়াড়দের কাছে এখন সবকিছু তেতো লাগছে!আবাহনী-মোহামেডানের মায়া ত্যাগ করে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই এবার ভিড়েছেন নবাগত শেখ জামালে। অল্প কিছুদিনের মধ্যেই সেই খেলোয়াড়দের মোহভঙ্গ হলো! এক খেলোয়াড়ের কথা শুনুন, ‘নতুন একটা দল হলো, ফুটবলের জন্য খুবই ভালো ফল আনবে ভেবেছিলাম কিন্তু এখন দেখছি এই ক্লাবে খেলোয়াড়দের স্বাধীনতা নেই! সবই ক্লাব সভাপতির ইচ্ছায় হয়। আবাহনী-মোহামেডানে কোচ স্বাধীন, খেলোয়াড়েরাও মুক্ত মনে খেলতে পারে। এখানে ঠিক উল্টো!’এই উপলব্ধিটা সবচেয়ে বেশি হওয়ার কথা সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচের। ফেডারেশন কাপে টিকলেও লিগ শুরু আগের দিন বিদায় নিয়েছেন মধ্যবয়সী ভদ্রলোক! ‘দল নির্বাচনে ক্লাব সভাপতির হস্তক্ষেপ মানিনি বলে ক্লাব সভাপতি আমার চাকরি খেয়ে নিয়েছেন’—বিদায় নেওয়া কোচ করে গেছেন এমন গুরুতর অভিযোগ। কোচ প্রত্যাশিত ফল দিতে না পারলে তাঁকে যেকোনো সময় ছাঁটাই করা যায়, কিন্তু ক্লাব সভাপতির মনমতো দল না গড়ে চাকরি হারানো নজিরবিহীন ঘটনাই।কোচবিহীন শেখ জামাল তিনটি লিগ ম্যাচের মাত্র একটি জিতেছে। বাকি দুটি ড্র। মাঠে ধুঁকছে এবারের ঘরোয়া মৌসুমের সবচেয়ে বড় বাজেটের দলটি। শ্রীলঙ্কান কোচ পাকির আলীর যোগ দেওয়ার কথা ১৭ জানুয়ারি। কত দিন টিকবেন তিনি? এক খেলোয়াড় আশাবাদী হতে চাইলেন, ‘পাকির আলীর বেলায় সে রকম কিছু হবে না আশা করি।’খেলোয়াড়েরা শুধু আশাই করতে পারেন। তবে যা দেখছেন তাতে বিস্মিত এক খেলোয়াড় ‘এই ক্লাবে সবকিছু ক্লাব সভাপতির ইচ্ছায় হয়। দল গড়া, খেলোয়াড় বদল, খেলোয়াড়েরা কী খাবে, কীভাবে হাসবে, কীভাবে হাঁটবে, কোন জার্সি ও টি-শার্ট পরবে—সবই সভাপতির পছন্দ অনুযায়ী। যাঁকে ইচ্ছা খেলাবেন। সভাপতি বিদেশে গেলেও ফোনে দল পরিচালনা করেন! ভাই, এ কোথায় এসে পড়লাম!’কক্সবাজার স্টেডিয়ামে তিন দিন আগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করেছিল শেখ জামাল। ওই ড্রয়ের পর এক খেলোয়াড় বলছিলেন, ‘সভাপতি সাহেব সিঙ্গাপুর বসেই দল তৈরি করে দিয়েছেন। সার্বিয়ান ডিফেন্ডার ড্রাগন ছিল আনফিট। কিন্তু সভাপতির নির্দেশে ড্রাগনকে মাঠে নামানো হয়। সভাপতি কিছু বুঝতে চান না, যেটা মনে করেন সেটাই করেন। এখানে কর্মকর্তারা তিনজন খেলোয়াড় বদল করেন বিরতির আগেই। সভাপতির ইচ্ছায় আনফিট প্লেয়ার খেললে কী করে রেজাল্ট ভালো আসবে!’ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে তবু রক্ষা। লিগ চ্যাম্পিয়ন হতে না পারলে কী যে হবে, শেখ জামালের খেলোয়াড়েরা ভাবতেই পারছেন না! দলের একজন খেলোয়াড় শঙ্কিত, ‘চাপের কারণে স্বাভাবিক খেলা খেলতে পারছি না। ফল খারাপ হলে সভাপতি সাহেব আজেবাজে কথা বলেন।’মনজুর কাদের বিদেশে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সাংবাদিকদের অনেকবারই বলেছেন, কোচই সব নয়। ফুটবল খেলাটা তাঁরাও বোঝেন। কাজেই কোচ যা খুশি করতে পারবেন না! ‘এমনকি আই অ্যাম দ্য কোচ’—রসিকতার সুরে হলেও এমন দাবিও করেছেন স্টেডিয়ামে দাঁড়িয়ে। মনজুর কাদের আবাহনী-মুক্তিযোদ্ধার সঙ্গেও ছিলেন। তখনো এভাবেই দল চালাতেন বলে শোনা যায়।শেখ জামালের ম্যানেজার হেলাল বলছেন, ‘সভাপতি এমনিতে হস্তক্ষেপ করেন না। তবে দু-একজন খেলোয়াড়ের ব্যাপারে তাঁর বক্তব্য থাকতেই পারে। বিষয়টা এর বেশি কিছু নয়।’ ফুটবলে দু-একজন খেলোয়াড়ের ব্যাপারেও বা ক্লাব সভাপতির পছন্দ থাকবে কেন? খেলোয়াড়েরা গোল করলে বোনাস দেওয়া, বিমানে গোটা দল কক্সবাজার পাঠানো, ক্লাব সভাপতির এ কাজগুলো ওই পছন্দের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে আর হাঁসফাঁস করছেন খেলোয়াড়েরা!