'এ জন্যই তো রিয়ালে এসেছি'

যেকোনো ফুটবলারেরই স্বপ্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা। গ্যারেথ বেল টটেনহ্যাম ছেড়ে এই মৌসুমে রিয়ালে আস্তানা গড়েছিলেন সেই স্বপ্ন বুকে নিয়ে। কাল রাতের পর বেলের তৃপ্তিটা ঠিক এই জায়গাতেই। ম্যাচ শেষে তিনি বলেছেনও, ‘ঠিক এ কারণেই আমি রিয়ালে এসেছিলাম।’
এই মৌসুমে বেলকে কিনতে রিয়ালের খরচ রেকর্ড ১০০ মিলিয়ন ইউরো। ওয়েলসের এই প্লে-মেকারকে দলে নিয়ে ব্লাঙ্কোসরা যে ভুল করেনি, তার প্রমাণ বেল নিজেই দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই তো কিছু দিন আগে তাঁর দুর্দান্ত এক গোল রিয়ালকে কোপা ডেল রের শিরোপা জিতিয়েছে। কালও দুর্দান্ত খেলে তিনি ঠিকই রাখলেন নিজের প্রয়োজনীয়তার প্রমাণ।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত বেল সংবাদ সম্মেলনে ছড়িয়ে দিয়েছেন নিজের তৃপ্তি, ‘আজ সবাই শতভাগ দিয়ে খেলেছে। সবাই সবার দায়িত্বের প্রতি ছিল সজাগ। সবার সম্মিলিত পারফরম্যান্সের ফলই আজকের ফল।’
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলকে পৌঁছে দিয়ে কাল বেল ছিলেন সবচেয়ে সুখী মানুষ। সংবাদ সম্মেলনে অকপটে তা জানিয়েও দিলেন তিনি, ‘এ জন্যই তো আমি রিয়ালে এসেছিলাম। স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমার।’
ম্যাচে বায়ার্নের অতিরিক্ত জায়গা ছেড়ে খেলার পরিণতিই প্রতি-আক্রমণের গোলগুলো। বেল সেগুলোর বিশ্লেষণেও গেছেন সহজ ভাষায়, ‘বায়ার্ন আজ খুব জায়গা ছেড়ে খেলছিল। আমরা সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলেছি। প্রতি-আক্রমণ করে খেলাটাই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য দারুণভাবে পূরণ হয়েছে।’
ফাইনালে উঠে তৃপ্ত অবশ্যই কিন্তু তৃপ্তির ঢেঁকুরটা এখনই তুলতে চান না তিনি, ‘ফাইনালে উঠেছি, ঠিক আছে। আমরা সবাই খুব খুশি। কিন্তু ফাইনালে অনেক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমরা সেই পরীক্ষায় উতরে যেতে অপেক্ষায় আছি।’ রয়টার্স।