এএফসি প্রেসিডেন্টস কাপের ৫টি আসরেই ফাইনালে খেলে দুবার তারা চ্যাম্পিয়ন। কাল তারা তৃতীয় শিরোপা অভিযান শুরু করল চীনা তাইপের হাসুসকে ৫ গোলে উড়িয়ে। ঢাকার প্রচন্ড রোদ আর গরমের মধ্যে প্রথম ম্যাচটা খেলে কথা বললেন কিরগিজস্তানের দরদই বিশকেক দলের রাশিয়ান কোচ সার্গেই দভরায়ঙ্কভ খুব ঝক্কি গেল বোঝা যাচ্ছে। প্রচণ্ড গরমে খেলতে হলো ম্যাচটা।সার্গেই দভরায়ঙ্কভ: আর বলবেন না, যা রোদ আর গরম। বাপ রে বাপ, এই গরমে খেলা! তবু তো খেলতে হয়েছে। আপনারা না পেশাদার দল।সার্গেই: জি হ্যাঁ, আমরা পেশাদার দল। সে জন্যই তো রক্ষা। তবে আমি খুশি। শুরুতে দেখা গেল আপনার দল একটু রয়ে-সয়ে খেলছে। পরে আক্রমণে গেল। এটাই কি কৌশল ছিল?সার্গেই: আমাদের কৌশল ছিল একটু ধীরে-সুস্থে খেলা। যখন দেখলাম ওতে কাজ হচ্ছে না, পরে আক্রমণে গতি বাড়ান হলো। এটা প্ল্যান ‘বি’ বলতে পারেন। আপনার খেলোয়াড়দের শেষ দিকে দেখা গেল কারও কোমরে হাত। কেউ শুয়ে পড়েছেন মাঠে।সার্গেই: এটা হতেই পারে। তবে আমরা কী খেললাম, সেটাই বড় কথা। ওরা পেশাদার ফুটবলার, যেকোনো পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে খেলতে হবে এবং খেলেছেও। আপনার দল গত ৫টি প্রেসিডেন্টস কাপেই ফাইনালে খেলেছে। আর কত দিন এই টুর্নামেন্টেই পড়ে থাকবেন?সার্গেই: এটা তো আমাদের হাতে নেই। এএফসি বলতে পারবে। আসলে ব্যাপারটা হলো, আমাদের দেশটাকে এখনো প্রেসিডেন্টস কাপের ওপরের ধাপের জন্য বিবেচনা করছে না এএফসি। যদি করে তাহলে হয়তো ওপরের ধাপ মানে এএফসি কাপে সুযোগ পাব। এই সুযোগ না পাওয়ায় আপনাদের দুঃখ হয় না?সার্গেই: হয় না আবার! কিন্তু করার কিছু নেই। কিরগিজস্তানের ফুটবল এখন কেমন চলছে?সার্গেই: ভালোই। অনেক তরুণ ফুটবলার উঠে আসছে। ক্লাব পর্যায়ে আমাদের দরদই খুব ভালো করছে। টানা ছয়বার আমরা চ্যাম্পিয়ন। আপনি তো রুশ, তা কত বছর ধরে আছেন দলটির সঙ্গে?সার্গেই: তিন বছর হলো। ভালোই লাগছে আমার। কাছাকাছি দেশ, ভাষা-সংস্কৃতি প্রায় একই। সমস্যা হয় না। গত দুটি প্রেসিডেন্টস কাপের ফাইনালে প্রতিবেশী তাজিকিস্তানের রেজর তেদরের কাছে আপনারা হেরেছেন। এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন না হয়ে ছাড়বেন না!সার্গেই: এবার চ্যাম্পিয়ন হওয়ার সর্বাত্মক চেষ্টা করব। আমাদের প্রস্তুতি ভালো। যদিও ঢাকায় আসতে কষ্ট হয়েছে। ভেঙে ভেঙে এসেছি তো, সময় অনেক বেশি লেগেছে। ছেলেগুলো ক্লান্ত। বাংলাদেশে সম্ভবত এই প্রথম এলেন। সবকিছু কেমন লাগছে?সার্গেই: হ্যাঁ, প্রথম এলাম। কেমন লাগছে, সেটা বোঝার সময় এখনো পাইনি। এসেই তো হোটেল, অনুশীলন আর খেলা। গরমটা ভোগাচ্ছে। আমাদের ওখানেও এখন বেশ গরম। তবে এখানকার মতো নয়। তা ছাড়া নতুন জায়গা...নতুন মানুষ...। ট্রাফিক জ্যাম বেশি।