‘এই জয় ক্যারিবীয় জনতার’
মুখে চিরচেনা হাসি। গায়ে ওয়েস্ট ইন্ডিজের পতাকা। প্রেমাদাসার সম্মেলনকক্ষে ঢুকে ট্রফিটা টেবিলে রেখে বসলেন। প্রথম প্রশ্ন আসতেই চোখ নাচিয়ে বললেন, ‘আমার ট্রফিটা এত বড় যে তোমাকে দেখতেই পাচ্ছি না!’এই হলেন ড্যারেন স্যামি। হাঁটছেন বন্ধুর পথে। দায়িত্ব নেওয়ার দিনটি থেকেই সমালোচকদের কথার ছুরিতে ক্ষতবিক্ষত। কিন্তু তিনি নির্বিকার। ক্যারিবীয়দের জীবনদর্শনের প্রতীক যেন স্যামি। মুখে সব সময় হাসি লেগেই আছে। লোক দেখানো নয়। ভেতর থেকেই আসা। জীবনটা উপভোগের জন্য। কঠিন কাজগুলোও করতে হবে হাসিমুখে। এভাবে হাসি-বিনোদনেই বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিলেন স্যামি। সমালোচকের অভাব নেই তাঁর। জবাব দেওয়া যায় অনেকভাবেই। তবে ক্লাইভ লয়েডের পর বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি—সবচেয়ে বড় জবাব এখন এটাই!অনেকগুলো দ্বীপদেশের বর্ণময়, বৈচিত্র্যময় সব ক্রিকেটারকে এক সুতোয় গাঁথা কঠিন কাজটা কী দারুণভাবেই করে আসছেন স্যামি। সেটারই পুরস্কার এই বিশ্বকাপ জয়। ‘ওয়ান টিম, ওয়ান পিপল, ওয়ান গোল’—এই মন্ত্র বারবার আওড়েছেন, ছড়িয়ে দিয়েছেন সতীর্থদের মধ্যে। কথার জাদুতে মুগ্ধ করেছেন সংবাদমাধ্যমকেও। ফাইনালের আগে অফিশিয়াল সংবাদ সম্মেলনের পর দাঁড়িয়ে তালি দিয়েছিল পুরো কক্ষ। ফাইনালের পর সংবাদ সম্মেলনে আসা-যাওয়ার আগে-পরেও সেই করতালি।আর এর মাঝে স্যামি শোনালেন এই শিরোপার মাহাত্ম্য, ‘নিশ্চিতভাবেই মুহূর্তটি আমরা সারা জীবন লালন করব সযত্নে। জীবনের বাকি সব দিন বাঁচব এই অনুভূতির মাঝে। আমার জীবনের সেরা মুহূর্ত এটি। এই ট্রফিটা ক্যারিবিয়ানের সব মানুষের জন্য। বিশ্বজুড়ে ওয়েস্ট ইন্ডিজের ভক্ত-সমর্থকেরা ছিল সাফল্যতৃষিত। আমি জানি, জ্যামাইকা থেকে শুরু করে গায়ানায় এখন শুধু পার্টি আর পার্টি। আমরা জানি কীভাবে পার্টি করতে হয়।’মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়েও তাঁরা বিশ্বাস হারাননি বলে তাঁর দাবি, ‘ঈশ্বরে আমাদের অগাধ বিশ্বাস। তিনি রহস্যময় সব কাজ করেন, কত বিস্ময় উপহার দেন! আমি সব সময়ই বলে এসেছি, এই দলটা নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখে, হারার আগে হারে না। সবাই জানত, কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আজ (পরশু) যেমন মারলন ও ডোয়াইন হাল ধরল। এরপর বোলিং ও ফিল্ডিং হলো অসাধারণ। আমি আগেই বলেছিলাম শিরোপা জিততে হলে প্রয়োজন এ প্লাস পারফরম্যান্স, সেটা দেখিয়েই আমরা জিতেছি।’সব সময়ের মতো এই টুর্নামেন্টের অণুবীক্ষণযন্ত্রের নিচে ছিল স্যামির নিজের পারফরম্যান্স। ফাইনালের আগে পর্যন্ত তেমন কিছু দেখাতেও পারেননি। তবে দলের সবচেয়ে প্রয়োজনের সময়টাতেই জ্বলে উঠেছেন। স্যামুয়েলসের দুর্দান্ত ইনিংসটার পর স্যামির ১৫ বলে ২৬ রানের ঝড়ই ১৩৭ রানের লড়াকু পুঁজি এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। আর পরে বল হাতে ২ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট।তবে বরাবরের মতোই ‘দেখিয়ে দিলাম’ ভাবটা ছিল না স্যামির মাঝে। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সের সমালোচনায় নিজের দর্শন হলো, ‘সমালোচনা সব সময়ই হবে। এমনকি আজ জেতার পরও কেউ চাইলে সমালোচনার কিছু খুঁজে পেতে পারে। এসব আমাকে ভাবায় না। আমি সব সময়ই বলে এসেছি, আমি চলি আমার নিজের দর্শনে। যিশুখ্রিষ্ট পৃথিবীতে এসেছিল, কোনো ভুল করেননি, তার পরও তাঁকে শূলে চড়ানো হয়েছিল। আমি তো ওই মানুষটির ধারেকাছেও নেই! যে কারও আমাকে নিয়ে যেকোনো মত থাকতে পারে। আমার তো ভালোই লাগে, আমার কাঁধ যথেষ্ট চওড়া। আমি যখন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাই, এই লোগোটা বুকের ওপর থাকে, সেটা হূদয়েও ধারণ করি। মাঠে নেমে নিজের সর্বস্ব ঢেলে দিই। পরের দিন গিয়ে আগের চেয়ে ভালো করার চেষ্টা করি। আমি গৌরবের জন্য খেলি না, ক্যারিবিয়ানের মানুষের জন্য খেলি।’স্যামির আশা, এই শিরোপা জয়ের হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে ক্যারিবিয়ান ক্রিকেট। আবার ফিরবে সেই স্বর্ণযুগ। এএফপি, ওয়েবসাইট।