'এই ড্র হারের মতোই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের কাছে ড্র-টা যেমন হারের মতো, ওসাসুনার কাছে সেটাই হয়তো জয়ের সমতুল্য
রিয়াল মাদ্রিদের কাছে ড্র-টা যেমন হারের মতো, ওসাসুনার কাছে সেটাই হয়তো জয়ের সমতুল্য

লা লিগায় আরও একবার হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর একসময় হারের আশঙ্কাই ভর করেছিল ব্ল্যাঙ্কোস শিবিরে। শেষ অবধি খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে পেপের গোলে কোনোমতে হার এড়াতে পেরেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই ড্র তো রিয়ালের কাছে হারের সমতুল্যই।
স্প্যানিশ লিগে এবারের লড়াইটা কিছুটা ত্রিমুখী। প্রতিবার যেখানে রিয়াল ও বার্সার মধ্যে শিরোপার লড়াই সীমাবদ্ধ থাকে, সেখানে এবার দৌড়ে বেশ ভালোমতোই এগিয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার পরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা। এমন পরিস্থিতিতে ওসাসুনার বিপক্ষে ড্র-টা যে যথেষ্ট ছিল না, সেটা ম্যাচ শেষে স্বীকারও করে নিয়েছেন মার্সেলো, ‘আমরা প্রথমার্ধে শুরুটা ভালোভাবে করতে পারিনি। পরে খেলায় ফিরলেও সেটা দেরিই হয়ে গিয়েছিল। এই ড্র-টা আমাদের কাছে হারের মতোই। আমরা জানতাম ড্র করাটা মোটেও যথেষ্ট নয়।’
তবে মার্সেলো দায়টা নিজেদের ঘাড়ে নিলেও ওসাসুনার বিপক্ষে গতকালের অঘটনটার জন্য অনেকেই এখন দুষছেন রেফারিকে। প্রথমার্ধের ১৭ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ফাউলের শিকার হয়েছিলেন লুকা মডরিচ। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। এ সিদ্ধান্তটা পুরো ম্যাচেই প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন রিয়ালের গোলরক্ষক ডিয়েগো লোপেজ, ‘আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। কিন্তু ম্যাচটা রেফারির সিদ্ধান্ত দিয়েও প্রভাবিত হয়েছে। রামোসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটা ঠিক ছিল কি না, বলতে পারব না। আমি ওখানে ছিলাম না। কিন্তু মডরিচের পেনাল্টিটা নিশ্চিতভাবেই দেওয়া উচিত ছিল।’

লিগে ১৬ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। গতকালের ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছে ৫ পয়েন্টের ব্যবধানে। আর ১৫ ম্যাচ শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪০ পয়েন্ট। আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে পারলে বার্সেলোনাকেও ধরে ফেলবে অ্যাটলেটিকো।