‘এই তুলনা অপ্রয়োজনীয়’
মাত্র ২৫ বছর বয়সেই ফুটবল ইতিহাসের অন্যতম তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। ফুটবল জগতে আবির্ভাবের পর থেকেই প্রতিভাবান এই স্ট্রাইকারের তুলনা দেওয়া হয় আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। খেলার ধরন, কৌশল, দুর্দান্ত ড্রিবলিং ক্ষমতা ইত্যাদি মিলিয়ে সেই তুলনার যথেষ্ট ন্যায্যতা দিয়েছেন মেসি নিজেই। তবে দুই যুগের দুই সেরা ফুটবলারের মধ্যে এই তুলনাকে একেবারেই অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন মেসির বার্সেলোনা ও আর্জেন্টাইন সতীর্থ হাভিয়ের মাচেরানো।দীর্ঘদিন ধরে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে মাচেরানোর। আর্জেন্টিনার জাতীয় দলের বাইরেও ২০১০ সাল থেকে বার্সেলোনার জার্সি গায়ে খেলেন এই দুই আর্জেন্টাইন তারকা। মেসির সঙ্গে খেলা একটা বিরাট সম্মানের ব্যাপার বলে মনে করেন মাচেরানো। তাঁর ভাষায়, ‘মেসি তিনবার ফিফার ব্যলন ডি’অর জিতেছে। এ জন্য পুরো আর্জেন্টিনা তাঁকে নিয়ে গর্ব বোধ করে। মেসির সঙ্গে খেলতে পারা আমার জন্যও বিরাট সম্মানের ব্যাপার। আমি প্রতিটি দিনই তাঁর সঙ্গে কাটাই। ভবিষ্যতে আমি হয়তো স্মরণে রাখব যে আমি সর্বকালের অন্যতম সেরা এক খেলোয়াড়ের পাশে খেলেছি।’ম্যারাডোনা-মেসির মধ্যে তাঁর ভাষায় এই ‘অপ্রয়োজনীয়’ তুলনা সম্পর্কে মাচেরানো বলেন, এই দুই ফুটবলারের মধ্যে তুলনার কোনোই দরকার নেই। দুজন দুই সময়ের সেরা। ম্যারাডোনা তাঁর যুগের সেরা; আর মেসি এ সময়ের সেরা ফুটবলার। গোল ডট কম।