
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে নেপালের কাছে ৫-১ গোলে হার।
নেপালের মতো দলের কাছে এভাবে উড়ে যাওয়া শুধু লজ্জাজনক নয়, অবিশ্বাস্যও বটে।
কেন এই বিপর্যয়? ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের (নিপু)
l বাফুফের তৃণমূল ফুটবল দেখাশোনার দায়িত্ব আপনার ওপর। নেপালের কাছে ৫ গোল খাওয়ার দায় তো আপনার কাঁধেও বর্তায়?
বায়েজিদ আলম জোবায়ের: আমি দায়িত্ব নিচ্ছি। তবে আমিও ভাবতে পারিনি নেপালের কাছে ৫ গোল খাব। এই ফলে আমিও বিস্মিত।
l কোচ রেনে কোস্টার দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেপালে গিয়ে। তার মানে দল নির্বাচনই সঠিক হয়নি?
জোবায়ের: দল নির্বাচন সঠিকই হয়েছে। আসলে অনুশীলনের সময় মিলেছে মাত্র এক মাস। শেষ পাঁচ দিন দল পেয়েছে রেনে কোস্টার। দল পেয়েই রেনে আমাকে বলল, ভালো প্লেয়ার নেওয়া হয়নি, মানে সিলেকশনে সে অসন্তুষ্ট। বিশেষ করে গোলকিপারদের নিয়ে হতাশা ছিল বেশি। তবে দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেরা খেলোয়াড়দেরই নিয়েছি।
l অনেকে বলছেন, খেলোয়াড় নির্বাচনে স্বজনপ্রীতি হয়েছে। এই অভিযোগ কীভাবে খণ্ডাবেন?
জোবায়ের: স্বজনপ্রীতি মোটেও হয়নি। আমরা এই দলের সঙ্গে মূল কোচ হিসেবে দিয়েছিলাম গোলাম রব্বানি ছোটনকে। ছিলেন আরও দুজন কোচ। তাঁদের অধীনে দুই বেলা প্রচণ্ড পরিশ্রম করেছে ছেলেরা। কিন্তু সমস্যাটা হয়েছে, এই দলে অনূর্ধ্ব-১৩, ১৪ খেলা অনেক খেলোয়াড়ই সুযোগ পায়নি। বেশির ভাই নতুন। এদের ভালোভাবে গড়ে তুলতে এক মাস সময় যথেষ্ট ছিল না।
l তাহলে দল পাঠানো হলো কেন? সমস্যাগুলো আগে বোঝা উচিত ছিল না?
জোবায়ের: এই দলটার থাকারও তো অনেক সমস্যা হয়েছে। সাত দিন বিকেএসপিতে থাকার পর আসতে হলো হকি স্টেডিয়ামের হোস্টেলে। বিকেএসপি ফুটবল ফেডারেশনের কাছে বকেয়া টাকা পাবে শুনেছি, এসব কারণে এই যুবদলটাকে সেখানে বেশি দিন রাখা যায়নি। যা-ই হোক, হকি থেকে কমলাপুর স্টেডিয়ামে, তারপর ওয়ারী ক্লাবে রাখা হয়। যাযাবরের মতো ঘুরতে হয়েছে দলটাকে। এসবের নেতিবাচক প্রভাব হয়তো পড়েছে মাঠে।
l একসময় তৃণমূল ফুটবলে বাংলাদেশ অনেক ভালো ফল করত। এখন এভাবে ভরাডুবি কেন?
জোবায়ের: অনেক কারণ। এরা একবার অনুশীলন করেছে বাফুফের টার্ফে, একবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে, একবার কমলাপুরে। খেলোয়াড়দের ওয়েট ট্রেনিং, সুইমিং দরকার, সেটিও আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তাহলে কীভাবে হবে বলেন!
l প্রশ্ন উঠেছে, ফল এত খারাপ হলে আপনার অধীনে থাকা বাফুফের কোচরা তাহলে কী করছেন?
জোবায়ের: বাফুফের ১৯ জন কোচের মধ্যে তৃণমূলের জন্য ১২ জন। এই কোচদের ঠিকভাবে কাজ লাগাতে যা যা করা দরকার, সেখানে আমাদের ঘাটতি আছে। এখন তো তৃণমূলে টুর্নামেন্টও কমে গেছে। ম্যাচ অনুশীলনের সুযোগ পায়নি এই ছেলেরা।
l দল বাইরে পাঠানোর আগে অনুশীলন ম্যাচ আয়োজন করা হলো না কেন?
জোবায়ের: নানা কারণে সেটা হয়নি। কার সঙ্গে খেলব, দলই তো নেই। আপনি দেখুন, দক্ষিণ এশিয়ার প্রতিটি টুর্নামেন্ট এখন নেপালে হচ্ছে। ওরা বেশ প্রস্তুতি নিয়ে নেমেছে। ওরা একাডেমি করে ভালো ভালো খেলোয়াড় বের করছে। তারই ফল পাচ্ছে এখন। আমাদের এখানে দল বাইরে খেলে এলে ফলোআপ থাকে না। তবে সিলেট বিকেএসপিতে একাডেমিটা হলে আমরাও উন্নতি করব আশা করছি।
l নেপালের কাছে এই হারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন খুব ক্ষুব্ধ। আপনাকে ডেকে কী বললেন?
জোবায়ের: আমাকে ডেকে হতাশা ব্যক্ত করেছেন। কোচদের ওপর মহাক্ষুব্ধ। আমাকে বলেছেন, কোচদের মাসে মাসে বেতন বাসায় পাঠানো হবে। তাঁদের কাজ করার দরকার নেই।