'এই বয়সেও দারুণ বোধ করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনার ১৭টি একক গ্র্যান্ড স্লাম
সেরেনার ১৭টি একক গ্র্যান্ড স্লাম

১৭ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জয়, ১৪ বছর পর সেই সেরেনার ১৭টি গ্র্যান্ড স্লাম। পরশু ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনে পঞ্চম শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে হূদয়দুয়ার খুলে দিলেন সেরেনা উইলিয়ামস। প্রশ্নোত্তর পর্বের নির্বাচিত অংশ
 টুর্নামেন্টের শুরুতে শিরোপা ধরে রাখার জন্য কোনো চাপ কি ছিল?
সেরেনা উইলিয়ামস: শিরোপা ধরে রাখার চাপ সব সময়ই থাকে। আমি অতটা চাপ অনুভব করিনি, তবে জানতাম আমি জিততে চাই। টুর্নামেন্ট শুরুর আগে পরাজয় চাপটা বোধ হয় একটু কমিয়েই দিয়েছিল।
 স্টেফি গ্রাফের ২২ শিরোপাসহ গ্র্যান্ড স্লামের অনেকগুলো মাইলফলক পড়ে আছে সামনে। প্রায় ৩২ বছর বয়সে এসে ওই মাইলফলকগুলো নিয়ে কী ভাবছেন?
সেরেনা: আমি এগুলো নিয়ে ভাবি না। আমি সব সময়ই বলি, এই বয়সেও দারুণ বোধ করছি। আমি কখনোই এর চেয়ে ভালো বোধ করিনি। নিজেকে দারুণ ফিট মনে হচ্ছে। আমি এই ধরনের টুর্নামেন্টে ব্যস্ত সূচি নিয়েই একক, দ্বৈত সব খেলতে পারি। মোদ্দা কথা, আমি সত্যিই ভালো বোধ করছি। এ অনুভূতিটা বেশ কয়েক বছর ছিল না। এই সম্ভাবনায় (মাইলফলক) আমি রোমাঞ্চিত। জানি না, কী হবে! আমি শুধু খেলে যাব ও চেষ্টা করব সেরাটা দেওয়ার।

 কিছুদিন আগে ভিক্টোরিয়া আজারেঙ্কা তাঁর এক্স ফ্যাক্টর (সাফল্যের রহস্য) নিয়ে কথা বলেছেন। সেরেনার এক্স ফ্যাক্টর কোনটা? কোর্টে কোন ব্যাপারটা আপনাকে বিশেষ কিছু বানিয়েছে?
সেরেনা: আমি জানি না। আমি নিজে এটা নিয়ে কীভাবে বলি। আমার মনে হয় অন্য কাউকে এই প্রশ্নটা করলে ভালো হতো। আমি জানি না কোন জিনিসটা আমাকে বিশেষ কিছু বানিয়েছে। আমি নিজেকে অন্য সবার মতোই ভাবি। আমি শুধুই খেলি।
 প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে দেখা করলেন, কেমন লাগল?
সেরেনা: তাঁর সঙ্গে অনেকবারই দেখা হয়েছে। তাঁর সঙ্গে কিশোরী বয়সে প্রথম দেখার হওয়ার স্মৃতিচারণাও হলো। এটা মজারই ছিল। কারণ আমাদের একটা ইতিহাস আছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ইতিহাস থাকাটা তো অদ্বিতীয় এক ঘটনা।
 সবাই ক্রিসি (এভার্ট), মার্টিনা (নাভ্রাতিলোভা) ও স্টেফির (গ্রাফ) কথা বলে। আপনি কিন্তু এ যুগের সেরা ফেদেরারকে ছুঁয়ে ফেলেছেন। আপনার কাছে এর কি কোনো তাৎপর্য আছে?
সেরেনা: রজারের সঙ্গে এক কাতারে থাকতে পারাটা বড় একটা সম্মান। সে কত বড় এক চ্যাম্পিয়ন, অবিশ্বাস্য এক প্রতিদ্বন্দ্বী। সে এখনো খেলে যাচ্ছে, জিততে পারে আরও অনেক কিছু। তাঁর সঙ্গে একই সারিতে থাকতে পারাটা সত্যিই দারুণ। ক্রিসি ও মার্টিনার সঙ্গে তুলনার ব্যাপারে বলব, আমি এখনো ওঁদের পাশে যেতে পারিনি। এখনই তাই ওঁদের সঙ্গে তুলনায় যেতে চাই না। কারণ সংখ্যাগতভাবে ওঁরা এখনো এগিয়ে।
 ১৯৯৯ সালে ১৭ বছর বয়সে প্রথম জিতেছিলেন ইউএস ওপেন। সেই জয় ও এই জয়ের মধ্যে কী পার্থক্য?
সেরেনা: ১৭-তে জেতাটা অবিশ্বাস্য। খুব ভালো লাগছিল। কারণটা যা-ই হোক না কেন, ওই বছর আমার কখনোই মনে হয়নি আমি হারতে পারি। আমি জানতাম আমি জিততে যাচ্ছি। কিন্তু বেশি বয়সে জেতার মহিমা হলো, আমি জানি না আর কখনো কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারব কি না। আমি যখনই জিতি, তখনই এটা বলি। আমি সত্যিই এটা নিয়ে রোমাঞ্চিত।
 যদি প্রশ্ন করি, ১৭ বছর বয়সী সেরেনা ও ৩১ বছরের সেরেনার মধ্যে লড়াই হলে কে জিততে পারে ও কেন?
সেরেনা: আমি জানি না। আমি একটা সিনেমা দেখেছি যেখানে আমার বয়স ১৭। ইন্ডিয়ান ওয়েলসে স্টেফি গ্রাফের সঙ্গে খেলছিলাম। আমি কিন্তু ভালোই খেলেছি। আমার সত্যিই কোনো ধারণা নেই। নেটের কাছে যাওয়া, ভলি খেলা সব একই রকম আছে। তাই বলছি আমি জানি না। আমরা দুজনই লড়াকু। দুজনই কখনো হাল ছেড়ে দিই না। তাই এই ম্যাচ দেখাটা মজার হতো।
 ক্যারিয়ারে কত টাকা আয় করেছেন, কোনো ধারণা আছে?
সেরেনা: কেউ একজন বলল, আমি আজ ৫০ (মিলিয়ন) ছাড়িয়েছি। তবে আমার ওই টাকার অর্ধেকই তো গেছে আঙ্কল স্যামের পকেটে (হাসি)। আমি তাকে ভালোবাসি। সব সময়ই তাকে অর্ধেক টাকা দিয়ে দিই। (যুক্তরাষ্ট্রকে মজা করে আঙ্কল স্যাম বলা হয়, সেরেনা ইঙ্গিত করেছেন করের দিকে)।
 ১৭ বছরের সেরেনা থেকে ১৭তম গ্র্যান্ড স্লাম—১৪ বছরের দীর্ঘ এই পথ পাড়ি দিতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে?
সেরেনা: আমি এটাকে ত্যাগ হিসেবে দেখি না। আমি এটাকে দেখি সুযোগ হিসেবে। হয়তো আমি বাচ্চা বয়সে অন্যদের মতো মজা করতে পারিনি, উপভোগ করিনি অনেক কিছুই। তবে আমি যা পেয়েছি, সেটাকে অন্যকিছুর সঙ্গে বদলাতে রাজি নই। আমি সুযোগ পেয়েছি টেনিস খেলার, সুযোগ পেয়েছি ভালো করার। তাই আমার জন্য এটা কোনো ত্যাগ নয়।
সেরেনার ১৭টি একক গ্র্যান্ড স্লাম
অস্ট্রেলিয়ান ওপেন ৫ ২০০৩, ২০০৫, ২০০৭,
২০০৯, ২০১০
ফ্রেঞ্চ ওপেন ২ ২০০২, ২০১৩
উইম্বলডন ৫ ২০০২, ২০০৩, ২০০৯,
২০১০, ২০১২
ইউএস ওপেন ৫ ১৯৯৯, ২০০২, ২০০৮,
২০১২, ২০১৩