‘এই ব্রাজিলকে হারানো কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচে এক ড্র, এক হার—দ্বিতীয় রাউন্ডটা আইভরিকোস্টের জন্য কঠিন হয়ে গেল অনেকটাই। দু ম্যাচে তারা গোলও করতে পেরেছে মোটে একটি। দলের এমন পারফরম্যান্সের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন কোচ সভেন গোরান এরিকসন। আর অধিনায়ক দিদিয়ের দ্রগবা স্বীকার করেছেন, হেরেছেন তাঁরা শ্রেয়তর দলের কাছেই।‘আজকের (পরশু) পারফরম্যান্সে আমি দুঃখিত। আমরা কয়েকটি ভুল করেছি, ব্রাজিল সেই সুবিধা নিয়েছে। তবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার তো সব সময়ই ভালো করার কথা। ওরা অসাধারণ দল’—ম্যাচ শেষে বলেছেন এরিকসন। প্রথম ম্যাচে আইভরিকোস্ট খেলেছিল পর্তুগালের বিপক্ষে, যাদের খেলার ধরন অনেকটাই ব্রাজিলের মতো। পর্তুগালকে আটকাতে পারলেও ব্রাজিলের সঙ্গে না পারায় এরিকসন দায়ী করছেন রক্ষণভাগকেই, ‘পর্তুগালের বিপক্ষে আমরা খুব ভালো ডিফেন্স করেছিলাম। পরশুও খারাপ করিনি, কিন্তু ব্রাজিলের বিপক্ষে প্রয়োজন ছিল পুরোপুরি নিখুঁত খেলা, আমরা সেটা খেলতে পারিনি। তবে শুধু ডিফেন্সেই নয়, সামনেও সুযোগ হাতছাড়া করেছি আমরা, অন্তত দুটো গোল করা উচিত ছিল।’ নিজের দল ভালো না করলেও এই সুইডিশ মুগ্ধ ব্রাজিলের খেলায়, ‘এই ব্রাজিল দল অনেকদূর যেতে পারে, এই সামর্থ্য তাদের আছে। বিশেষ করে ওদের ডিফেন্সটা দুর্দান্ত। ওদের হারানো কঠিন।’কোচের সঙ্গে একমত দ্রগবাও, ‘আমরা জানতাম ব্রাজিলকে হারানো কঠিন হবে। ওরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। আমরাও সুযোগ পেয়েছিলাম, কিন্তু নিঃসন্দেহে ওরা ছিল এগিয়ে।’ আইভরিকোস্টের শেষ গ্রুপ ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে, ২৫ জুন নেলসপ্রুইটে। ওয়েবসাইট।