এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কাজ করছেন অনেক দিন ধরে। কিছুদিনের জন্য দেশে এসে মাঠে আসছেন নিয়মিতই। কাল বিজয় দিবস ক্রিকেট দেখতেও আমিনুল ইসলাম চলে এলেন ধানমন্ডি মাঠে। বাংলাদেশের সাবেক অধিনায়ক কথা বললেন এই ম্যাচ, তাঁর কোচিং ক্যারিয়ার আর ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে

বিজয় দিবস ক্রিকেটে অনেক দিন পর এলেন? ম্যাচটির মহিমা আপনার কাছে কতটা?
আমিনুল ইসলাম: ছয়-সাত বছর তো হবেই। মহিমা বলতে...প্রথমত, বিজয় দিবসে বিশেষ ম্যাচ, এই ম্যাচটিকে আলাদা করে তুলতে এটুকুই যথেষ্ট। দ্বিতীয়ত, এই ম্যাচ দিয়ে আমরা শ্রদ্ধা জানাই শহীদ জুয়েল ও শহীদ মুশতাককে, মহান মুক্তিযুদ্ধের সব শহীদকে শ্রদ্ধা জানাই। তৃতীয়ত, এটি সত্যিকারের এক মিলনমেলা। ক্রিকেটাঙ্গনের সবার সঙ্গে দেখা হয় এখানে এলে। একসময় খেলতাম, এখন খেলি না—কিন্তু এই ম্যাচ আমাদের কাছে সব সময়ই বিশেষ কিছু।
নিজে যখন খেলতেন কেমন লাগত?
আমিনুল: ছেলেবেলায় আমরা স্কুলে প্যারেড বা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয় দিবস পালন করতাম। ক্রিকেটার হওয়ার পর আমাদের বিজয় দিবস উদ্যাপন মানেই ছিল এই ম্যাচ। আন্তর্জাতিক বা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, তার পরও একটা রোমাঞ্চ কাজ করত মনে। যাঁদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সেই দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি আন্তর্জাতিক আঙিনায়, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে অন্য রকম একটা অনুভূতি কাজ করত।
নিজের কথা বলুন, কোচিং কেমন চলছে?
আমিনুল: এসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে চুক্তির মেয়াদ সম্প্রতি তিন বছর বেড়েছে। দায়িত্বের পরিধিও বেড়েছে, নতুন করে যোগ হয়েছে হংকং, যারা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এসিসির দলগুলোর জন্য বিশেষায়িত কোচিং করছি। পারিবারিক কারণে কয়েক দিন পর অস্ট্রেলিয়ায় থিতু হচ্ছি, ওখান থেকেই এসিসির কাজ করব। অস্ট্রেলিয়ায় একটি হাই পারফরম্যান্স দলের সঙ্গেও কথা চলছে।
চীনের ক্রিকেটেও তো কাজ করছেন অনেক দিন!
আমিনুল: ছয় বছর শেষ হলো। চীনের প্রকল্পটি এখন আরও অনেক বড় হয়েছে। আগে তো কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে। অলিম্পিকের খেলা নয় বলে চীন সরকার এখনো সেভাবে ক্রিকেটে মনোযোগ দেয়নি, তবে আইসিসি-এসিসি চেষ্টা করছে।
টেস্ট দলগুলোর বাইরে এসিসির চারটি দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে, এসিসির জন্য অনেক বড় সাফল্য!
আমিনুল: এসিসির অধীনে আমাদের ২১টি দেশ আছে। ২০০৭ সালে নেওয়া স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী আমাদের লক্ষ্য ছিল চারটি দেশ যেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে ও ৫০ ওভারে দুটি। সেই লক্ষ্য পূরণ হয়েছে। ভালো লাগছে যে যারা আমাদের হাত ধরেই ক্রিকেট শিখেছে, তারা এখন বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশের ক্রিকেটে কাজ করতে ইচ্ছে হয় না?
আমিনুল: ২০১১ সালে লেভেল-৩ করেছি। আমার এসিসির চাকরিটায় ফাঁকা সময় মেলে অনেক, অনায়াসেই বছরে চার-পাঁচ মাস বের করে আনতে পারি। বাংলাদেশের ক্রিকেটে সুযোগ পেলে, যেকোনো কাজ পেলে অবশ্যই করব।
বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন নিশ্চয়ই দেখেন?
আমিনুল: কোচিং পেশায় যখন এসেছি, এটাই তো আসলে চূড়া। সুযোগটা পেলে লুফে নেব তো অবশ্যই। এই মুহূর্তেই আমি নিজেকে বাংলাদেশের কোচ হওয়ার যোগ্যও মনে করি।
বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য দেশের বাইরে কতটা উদ্বেলিত করে?
আমিনুল: নিজেকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার পরিচয় দিতেই সবচেয়ে ভালো লাগে। যেসব দেশে কাজ করি, আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করি। আমি ওদের ক্রিকেটের যে ভিডিওগুলো দেখাই, সব বাংলাদেশের জয়ের। ওরা জানে, বাংলাদেশ সব সময়ই জেতে! বাংলাদেশ এখন নিয়মিত জয় পাচ্ছে, বাংলাদেশ ভালো আয়োজন করছে, সব মিলিয়ে দেশের বাইরে গর্বিত একজন বাংলাদেশি হিসেবে নিজেকে তুলে ধরি এখন।