‘এই শিরোপা সমর্থকদের প্রাপ্য ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটি ম্যানচেস্টার ডার্বিতেই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে শিরোপা জয়ের স্বপ্নটা বেশ ভালোমতোই জাগিয়েছিল ম্যানচেস্টার সিটি। আর লিগের চরম নাটকীয় সর্বশেষ ম্যাচটি শেষে সেই স্বপ্নটা বাস্তবেও রূপান্তরিত করেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। গতকাল কুইন্সল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ার পরও অতিরিক্ত সময়ে দুটি গোল করে নাটকীয়ভাবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ব্লুরা। ঘুচিয়েছে ৪৪ বছরের শিরোপাখরা। এই বহু আকাঙ্ক্ষিত শিরোপা জয়টা ম্যানসিটির সমর্থকদের উদ্দেশেই উত্সর্গ করেছেন মানচিনি। এই শিরোপাটা তাঁদের প্রাপ্য ছিল বলেই মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ।গতকাল ম্যাচ শেষে মানচিনি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ফুটবলটা আসলেই অবিশ্বাস্য। এই শিরোপাটা আমাদের সমর্থকদের জন্য। এটা সত্যিই তাদের প্রাপ্য। শেষ মুহূর্তে এইভাবে জয় পাওয়াটা সত্যিই অসাধারণ। শেষ দিনে এত নাটকীয়তা আমি কখনো দেখিনি। ম্যাচটাতে জয়টা আমাদের প্রাপ্যই ছিল। শিরোপাটাও। ৪৪ বছর পর আমরা এটা জিততে পেরেছি। এই মৌসুমটা ছিল একটা উন্মাদনার মৌসুম।