'এই সুপার কাপ একটা মাইলফলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল ইসলাম মানিক
শফিকুল ইসলাম মানিক

বিদেশি খেলোয়াড় ছাড়াই এবারের সুপার কাপ ফুটবল দারুণ জমেছে। আগামীকাল ফাইনাল। পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে প্রাপ্তির তালিকাটা বেশ বড়। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের বিশ্লেষণে উঠে এল সেগুলোই l
আপনার চোখে এবারের সুপার কাপ কেমন হলো?

শফিকুল ইসলাম: এককথায় সফল ও ফলপ্রসূ টুর্নামেন্ট। এত দিন অনেকে বলছিলেন, বিদেশি ছাড়া আমাদের ফুটবল বুঝি ম্যাড়মেড়ে। কিন্তু পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে এই টুর্নামেন্ট প্রমাণ করল, বিদেশি ছাড়াও আমাদের ঘরোয়া টুর্নামেন্ট সুন্দর এবং আকর্ষণীয় হতে পারে।
l কোন দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয় বলছেন?

শফিকুল: দেখুন, প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ফেনী সকারের মতো দল আবাহনীকে রুখে দিয়েছে। অথচ আবাহনী কিন্তু খারাপ খেলেনি। মুক্তিযোদ্ধা-আবাহনী ম্যাচটা তো অসাধারণ ছিল। এভাবে সব ম্যাচই ভালো হয়েছে। লিগে সাধারণত হাতে গোনা কিছু ম্যাচ ভালো হয়। কিন্তু এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সব ম্যাচই দৃষ্টিনন্দন ছিল।

l বলা হচ্ছিল, এই সুপার কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য বিরাট এক সুযোগ। তা স্থানীয়রা সেটি কতটা কাজে লাগাতে পারল?

শফিকুল: ষোলো আনাই কাজে লাগিয়েছে। বিদেশিদের দাপটে লিগে যারা বেঞ্চে কাটিয়েছে, তারা কিন্তু সুপার কাপে খেলেছে এবং ভালো করেছে। পুরোনোরা তো ভালো খেলেছেই, নতুন অনেকেই চোখ কেড়েছে। এটা নতুন মৌসুমে ভালো দল পেতে ওই খেলোয়াড়দের সাহায্য করবে।

l আপনার চোখে আলাদাভাবে নজর কেড়েছে কোন কোন খেলোয়াড়?

শফিকুল: আলাদা করে মোহামেডানের মোবারক, ওয়াহেদ, মেজবাবুল মানিক...এমন আরও অনেকেরই নাম বলা যায়। শেখ রাসেলের নাহিদের কথাই যদি বলি, লিগে বিদেশির কারণে সেভাবে সুযোগ পায়নি, কিন্তু সুপার কাপে নিজেকে মেলে ধরেছে। ব্রাদার্সের স্ট্রাইকার জুয়েল রানা, সকারের সজীবও চোখ কেড়েছে। একইভাবে ব্রাদার্সের জামালসহ আরও অনেকেই বেশ ভালো খেলেছে।

l টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কোনো পরিবর্তন চোখে পড়েছে?

শফিকুল: একজন কোচ তাঁর পরিকল্পনা বা ছক সাজান নিজের খেলোয়াড়দের সামর্থ্য দেখে। লিগে বিদেশিদের নিয়ে যেভাবে খেলেছে দলগুলো, ওই বিদেশিদের ছাড়া একই পরিকল্পনা সুপার কাপেও প্রয়োগ করেছে। যেমন ফাইনালে ওঠা শেখ রাসেল মৌসুমজুড়ে বিদেশিদের নিয়ে ৪-২-৩-১ ছকে খেলেছে, আরেক ফাইনালিস্ট মোহামেডানও তাই। এখন বিদেশি ছাড়া স্থানীয়দের নিয়েও তারা একই পরিকল্পনায় খেলছে। তার মানে আমাদের খেলোয়াড়দের ওপরও নির্ভর করা যায়!

l জাতীয় দলের জন্য এটি কতটা সুফল আনবে মনে করেন?

শফিকুল: জাতীয় দল অনেক উপকৃত হবে। কোচ ক্রুইফ নিজেও খেলা দেখেছেন। তাঁর ৪-২-৩-১ ফর্মেশনের সঙ্গে খেলোয়াড়েরা অভ্যস্ত হচ্ছে। সবচেয়ে ভালো দিক, প্রচণ্ড গরমকে জয় করে খেলোয়াড়েরা বাড়তি পরিশ্রম করেছে, যাতে কোচের নজর কাড়া যায়। খেলোয়াড়দের পাসিং, প্রেসিং সবই ভালো হয়েছে।

l তাহলে কি এখন বিদেশি খেলোয়াড় কমানোর দাবিটা আরও জোরালো হতে পারে?

শফিকুল: অবশ্যই। এই সুপার কাপ দেখিয়েছে, আগামী দিনে বিদেশি কমালে ঘরোয়া ফুটবল আকর্ষণ হারাবে না। খেলোয়াড়-সংকটের পরও বলব, সাত বিদেশির নিবন্ধন আর চারজনকে খেলানোর নিয়মটা বাদ দেওয়া সময়ের দাবি।

l আগামী সুপার কাপও কি স্থানীয়দের নিয়েই হওয়া উচিত মনে করেন?

শফিকুল: এটা হলে তো ভালোই। সুপার কাপ না হোক, অন্তত স্বাধীনতা কাপ হতে পারে পুরোপুরি স্থানীয়দের নিয়ে। মৌসুমে একটা টুর্নামেন্ট এভাবে করলে ভালোই হবে।

l কিন্তু এত কিছু যে জন্য, সেই দর্শক তো সেভাবে আসছে না...

শফিকুল: এই জায়গায় ঘাটতি রয়েই গেছে। লিগের চেয়ে দর্শক বেশি এসেছে, তবে আরও আসা উচিত। প্রচারণা কম, ম্যাচ প্রিভিউ সেভাবে হয়নি প্রচারমাধ্যমে। এসব কারণ হতে পারে। টুর্নামেন্টের সময় অল্প, একদিন পরপর খেলা। তবু এই সুপার কাপ আমাদের ফুটবলের জন্য একটা মাইলফলক।