অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাইপর্ব আর এসিসির একটা চার দিনের ম্যাচ—এত দিন এই ছিল দেশের বাইরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা। বড় সুযোগ এই প্রথম। দুবাইয়ে ইংল্যান্ড-পাকিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ার থাকবেন বাংলাদেশের এনামুল হক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার বলে গেলেন, বাংলাদেশের আম্পায়ারদের জন্য এটা হতে পারে একটা টার্নিং পয়েন্ট দেশের বাইরে তো আগেও আম্পায়ারিং করেছেন। কিন্তু বড় কোনো ম্যাচে এবারই প্রথম। কেমন লাগছে?এনামুল হক: দেশের বাইরে এই প্রথম আমি দুটি টেস্ট দলের আম্পায়ারিং করতে যাচ্ছি। আর পাকিস্তান তো এখন টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নই। এই দুই দলের ম্যাচে আম্পায়ারিং করা আমার জন্য একটা চ্যালেঞ্জ। বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার আমি আর নাদির শাহ, আমরা জানি যে আমরা ভালো কাজ করছি। অথচ আমরা বাইরে কাজ করার সুযোগ পাই না। এ রকম একটা সুযোগের অপেক্ষায়ই ছিলাম আমরা। আমি মনে করি, এটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। আপনারা যে ভালো কাজ করছেন, সেটা কীভাবে জানছেন? কে মূল্যায়ন করছে?এনামুল: প্রতিটি সিরিজ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে আমাদের কাছে দুই দলের অধিনায়ক এবং ম্যাচ রেফারির রিপোর্ট চলে আসে। সেসব রিপোর্টের নম্বর দেখলেই বোঝা যায় আমরা কে কেমন করছি। এ ছাড়া বছর শেষে আইসিসিরও একটা রিপোর্ট আসে। গত বছর ওটাতেও আমার আর নাদির শাহর ফলাফল খুব ভালো ছিল। অদূর ভবিষ্যতে বড় আসরে আম্পায়ারিং করার কোনো প্রস্তাব কি আছে? আইপিএলের জন্য তো বিসিবি থেকে বাংলাদেশি আম্পায়ারদের নাম পাঠানো হয়েছে...এনামুল: হ্যাঁ, আমি হয়তো আইপিএলে যাচ্ছি। যতটুকু জানি, আমি সম্ভবত তিনটা ম্যাচে আম্পায়ার থাকব। আইপিএল থেকে আমার চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। ম্যাচ ফি কত, ডিএ কত, কোন হোটেলে থাকব—সেসবও জানিয়ে দিয়েছে। আইপিএল মানেই তো টাকা। আম্পায়ারিং করে কেমন পাবেন?এনামুল: প্রতি ম্যাচের জন্য আমাকে ৩৪৪৯ ডলার করে দেবে বলে জানিয়েছে। এক দিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য আইসিসি যা দেয়, এটা তার চেয়েও বেশি। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ বাড়ছে। এখন নিশ্চয়ই আরও উপভোগ্য মনে হচ্ছে আম্পায়ারিংয়ের কাজটা...এনামুল: এই কাজটার প্রতি ছোটবেলা থেকেই আমার আগ্রহ। কাল (পরশু) পিকনিক করতে কুমিল্লার রাজেশপুর গিয়েছিলাম। আমাকে দেখে গ্রামের অনেকেই এল। তাদের একটাই কথা, আমি নাকি কোচ হলে ভালো করতাম! কিন্তু আমি মনে করি আম্পায়ারিংই আমার উপযুক্ত কাজ। মানুষের গালি খেতে হয়, খারাপ কথা শুনতে হয়, অনেকেই তাই এটাকে তাচ্ছিল্যভরে দেখে। আম্পায়ারিং নাকি নিচু স্তরের কাজ। কিন্তু আমি কাজটা উপভোগ করি বলেই আম্পায়ারিংয়ে এসেছি। স্কুলে পড়ার সময় থেকেই খেলার পাশাপাশি আমি আমি খাতা-কলম নিয়ে স্কোর লিখতাম, আম্পায়ারিং করতাম। দেশে এখন কোচের অভাব নেই, কিন্তু ভালো আম্পায়ারের অভাব আছে। কোনটাকে বেশি উপভোগ্য মনে হয়—ক্রিকেটারের জীবন নাকি আম্পায়ারের?এনামুল: দুটিই ভালো। দুটিই উপভোগ করার মতো, যে যেভাবে নেয়। তবে আমার কাছে ক্রিকেটারের চেয়ে আম্পায়ারের কাজটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়, এটাই বেশি কঠিন।