'এই সুযোগটা হাতছাড়া করব না'
সংবাদ সম্মেলনে আসবেন না আগেই ঠিক করা ছিল। ল্যাপ অব অনার শেষ করে ড্রেসিংরুমে সতীর্থদের নিয়ে জয় উদ্যাপন করলেন, সিক্ত হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের অভিনন্দনে। সেসব শেষ করে বেরিয়ে এলেন ড্রেসিংরুম থেকে। গ্র্যান্ড স্ট্যান্ডের নিয়মিত দর্শক বাবা মাহবুব হামিদ ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিলেন। কথা বলতে এগিয়ে গেলে মুশফিকুর রহিম সবিনয়ে বললেন, ‘আমি একটু নামাজটা পড়ে আসি। কথা দিলাম আবার আসব।’
কথা রাখলেনও। সোহাগ গাজী যখন সংবাদ সম্মেলনে যাচ্ছেন, মাঠে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিলেন জয়ী অধিনায়ক—
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা কি এখন অনেক সহজ?
মুশফিকুর রহিম: মোটেও না। হোম কন্ডিশনে সহজ বলতে পারেন, তাই বলে নিউজিল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়। তবে হ্যাঁ, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলি, নিউজিল্যান্ড হোক বা যেকোনো দল, ইনশা আল্লাহ জিততে পারব।
২৪৭ রান করার পরও ভেবেছিলেন যে জেতা সম্ভব?
মুশফিক: সত্যি বলতে কি, বিরতির সময় সবাইকে আমি একটা কথাই বলেছিলাম, ২৭০-২৮০ রান করলে আমরা হয়তো বা অনেক রিল্যাক্সড হয়ে যেতাম। ওরাও প্রথম থেকেই অনেক আক্রমণাত্মক খেলত। ঝোড়ো একটা শুরু হলে আমরা হয়তো একটু হতোদ্যম হয়ে যেতাম। সবাইকে তাই বলছিলাম—যদি জিতি, ২৪৭ রান করেই জিতব।
২৪৭ রান করে ম্যাচ জেতায় বোলারদের কৃতিত্বই বেশি হওয়ার কথা। তো বোলারদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন?
মুশফিক: আমাদের মূল বোলার ছিল মাশরাফি ভাই, সোহাগ গাজী আর রাজ (রাজ্জাক) ভাই। তিনজনই নিউজিল্যান্ডকে যথেষ্ট চাপে রেখেছে এবং খুবই ভালো বল করেছে। বোলারদের প্রতিটা বল আমার জন্য ছিল সোনার মতো দামি। আমি চাচ্ছিলাম একটাও শর্ট বল বা একটাও বাউন্ডারি যেন না হয়। নিউজিল্যান্ডের জন্য যেন কাজটা কঠিন হয়। সাকিব না থাকায় আমার একটা বোলার সব সময় কম ছিল। ও থাকলে কাজটা অনেক সহজ হতো। সেদিক দিয়ে আমার তিন মূল বোলারই অনেক ভালো করেছে।
মুমিনুলকে কী মনে করে বোলিংয়ে এনেছিলেন?
মুশফিক: আগের ম্যাচেও ওকে বোলিংয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু তখন ওদের দুইটা বাঁহাতি ব্যাটসম্যান ছিল। মারাটা সহজ হয়ে যেত তাদের জন্য। আজ দুজনই ডানহাতি ব্যাটসম্যান ছিল এবং মনে হচ্ছিল বাঁহাতি স্পিনাররা উইকেট থেকে সুবিধা পাচ্ছে। সে জন্যই ভাবলাম ও যদি দুই-তিনটা ওভার করে দেয়, তাহলে অন্তত শেষ দিকে রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইকে দিয়ে বল করাতে হবে না। সে জন্যই মুমিনুলকে আনা, সে-ও ভালো বল করেছে।
নিউজিল্যান্ডকে আরেকবার হোয়াইটওয়াশ করা এখন কতটা সম্ভব?
মুশফিক: সম্ভব তো অবশ্যই। এই সুযোগটা হাতছাড়া করব না। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি সিরিজ জিতলাম। এ রকম একটা দলের বিপক্ষে পর পর দুটি ওয়ানডে সিরিজ জেতা কম কথা নয়। এখন পর পর দুটি সিরিজেই যদি হোয়াইটওয়াশ করতে পারি, তাহলে এরপর যখনই আমাদের সঙ্গে খেলবে, নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস কম থাকবে। আর এ রকম সুযোগ তো সব সময় আসে না। অবশ্যই চাইব হোয়াইটওয়াশ করতে।
আজ (গতকাল) খেলা শেষে ড্রেসিংরুমে এ নিয়ে আলোচনা হয়েছে?
মুশফিক: তা তো অবশ্যই। যেটা বললাম, এ রকম সুযোগ সব সময় আসে না। ওরা সিরিজ হারলেও শেষ ম্যাচটা যেকোনো মূল্যে জিততে চাইবে। এটা ওদের মান-সম্মানের ব্যাপার। ওরা যেমন জিততে চাইবে, আমরাও চাইব সুযোগটা নিতে।
ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে বড় জুটি হয়নি, ব্যক্তিগত সর্বোচ্চ মাত্র ৫৮ রান। এ দিক দিয়ে কি উন্নতির সুযোগ দেখেন?
মুশফিক: আগের ম্যাচের চেয়ে আজকের (গতকাল) উইকেটটা ভালো ছিল, বিশেষ করে প্রথম ভাগে। আমাদের অন্তত ২৭০-২৮০ করা উচিত ছিল। অনেকে সেট হয়েও আউট হয়ে যাচ্ছি। এখানে একটু কাজ করতে হবে, বিশেষ করে পাওয়ার প্লের জায়গাটাতে। পাওয়ার প্লেতে রান না করতে পারলেও উইকেট যেন না হারাই।