‘এই সেঞ্চুরিটাকেই এগিয়ে রাখব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে করেছিলেন ঠিক ১০০ রান। এরপর গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৯৬ রান করেছেন, কিন্তু পাননি সেঞ্চুরির দেখা। পাকিস্তানের বিপক্ষে চলতি ঢাকা টেস্টে এল আরাধ্য সেই দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সাকিব আল হাসান যেটিকে এগিয়ে রাখছেন প্রথমটির চেয়েও। কাল দিন শেষে হওয়া তাঁর সংবাদ সম্মেলনের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে— দারুণ একটা ইনিংস, কিন্তু শেষটা ভালো হলো না...সাকিব আল হাসান: রান করতে পেরেছি এ কারণে তো অবশ্যই ভালো লাগছে। কেউই আউট হতে চায় না আর আউট হলে কারোই ভালো লাগে না। সেজন্য অবশ্যই একটু হতাশ। তবে যে রানটা করেছি তাতেই আমি খুশি। বাংলাদেশের প্রথম ইনিংসে দুটি রানআউট...সাকিব: রানআউটও ক্রিকেটের ভেতরেই পড়ে...এটা হতেই পারে। ডাবল সেঞ্চুরির চিন্তা মাথায় ছিল কি না...সাকিব: একটু একটু তো ছিলই। ছিল না বললে ভুল হবে। তবে এ রকম কোনো টার্গেট ছিল না যে, এত রান করতে হবে বা ও রকম কিছু করতে হবে। টার্গেট ছিল যত বেশি সময় ব্যাটিং করতে পারি। যদি সারা দিন ব্যাটিং করতাম হয়তো ডাবল সেঞ্চুরি হয়ে যেত। কাল (আজ) সকালের টার্গেট...সাকিব: ওদের যত দ্রুত সম্ভব অলআউট করতে পারি, এটাই সবচেয়ে বড় টার্গেট। ভালো জায়গায় বোলিং করা, যে সুযোগগুলো আসবে সেগুলো নেওয়া। উইকেটের অবস্থা...সাকিব: ব্যাটিংয়ের জন্য ভালো। তবে প্রতিদিনই সকাল বেলা বলে কিছু না-কিছু হচ্ছে। সেজন্য প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে...সাকিব: এটা পুরোপুরিই আইসিসির ব্যাপার। এটা আইসিসিই ভালো বলতে পারবে। গত বছর বাংলাদেশ দলে সাতটা টেস্ট সেঞ্চুরি ছিল। এবার এখন পর্যন্ত একটা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে কি না...সাকিব: মনে হয় না আমরা পেছনের দিকে যাচ্ছি। সমস্যা হয় যখন আমরা অনেক বড় বড় বিরতির পর টেস্ট খেলি। দু-তিন মাস পর পর যখন টেস্ট খেলি তখন আবার সবকিছু নতুন করে শুরু করতে হয়। এক-দুই ইনিংস লেগে যায় বুঝতে। আমার মনে হয় আমরা যদি নিয়মিত খেলতে পারি তাহলে এই সমস্যাটা থাকবে না। মাঝখানে টেস্ট থেকে ১৪ মাসের বিরতির আগে আমরা নিয়মিত অনেকগুলো টেস্ট খেলেছি। তখন আমাদের পারফরম্যান্সও অনেক ভালো হচ্ছিল। নিজের রানআউট নিয়ে...সাকিব: না, স্ট্রাইকে যাওয়ার জন্য না। ভুল বোঝাবুঝি হতেই পারে। উনি কল (মুশফিকুর রহিম) দিয়েছিলেন, পরে হয়তো বুঝতে পেরেছেন রানটা হবে না। তখন না করেছেন। এটা হতেই পারে। ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক বাধা কেটে গেছে কি না...সাকিব: দ্বিতীয় ইনিংসেও যদি ভালো ব্যাটিং করি, তাহলে বুঝতে হবে কেটে গেছে...(হাসি)। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেট পাওয়ারও আশা আছে কি না...সাকিব: (হাসি) এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো কাজই হতো! যে ম্যাচে ৫ উইকেট পেতাম ওই ম্যাচই খেলতাম। ভালো বোলিং করার চেষ্টা করব। উইকেট পেলে ভালো...। ক্যারিয়ারের শুরুতে পরিচয় ছিল ব্যাটসম্যান, যে বলও করতে পারে। পরে হয়ে গেলেন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার, যে ব্যাট করতে পারে। এখন আবার আগের অবস্থায় ফিরে গেলেন কি না...সাকিব: তার মানে তো আমি এখন পরিপূর্ণ অলরাউন্ডার হচ্ছি! দুইটাই ভালোভাবে করতে পারছি। সেঞ্চুরি করার পর হেলমেট না খোলার কারণ...সাকিব: না। বেশি খুশি হয়ে গিয়েছিলাম তো, কী করব বুঝতে পারছিলাম না। এ কারণে খোলা হয়নি। প্রথম টেস্ট সেঞ্চুরির সঙ্গে এই সেঞ্চুরির তুলনা...সাকিব: এই সেঞ্চুরিটাকেই এগিয়ে রাখব। এখানে অনেক কষ্ট করতে হয়েছে। আর ওখানে টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিং করেছিলাম। পরিস্থিতিটা ছিল অন্য রকম। প্রথম সেঞ্চুরির সব সময়ই একটা আলাদা জায়গা থাকে। তবে আমার জন্য এটা অনেক বেশি সন্তোষজনক। এবার আমি অনেক বেশি সময় ব্যাটিং করেছি। এই সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অনেক দিনের বিরতি। মাঝের সময়টায় দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভ্যস্ততা ধরে রাখতে কিছু করা হবে কি না...সাকিব: সামনে টেস্ট ম্যাচ নেই, আন্তর্জাতিক ক্রিকেটেও একটু বিরতি আছে। কিন্তু এর ভেতরই আমরা প্রিমিয়ার লিগ খেলব, বিপিএল আছে, তারপর চলে যাব এশিয়া কাপে। আমার মনে হয় না এই বিরতির মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলার সুযোগ থাকবে। তবে আমাদের মানসিকভাবে তৈরি থাকতে হবে। আমার মনে হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ পরিসরের খেলা খেলেই অভিজ্ঞতা আনা কঠিন। আমরা সারা বছরই আন্তর্জাতিক ক্রিকেট খেলি। হয়তো টেস্ট খেলছি না, কিন্তু ওয়ানডে খেলছি। এসবের মাঝে বিশ্রামেরও দরকার হয়।