‘এই হার মেনে নেওয়া কঠিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানে হার। ইতিহাস গড়ার অনেক কাছে গিয়েও তার নাগাল পেল না বাংলাদেশ। হূদয়ে রক্তক্ষরণ বইয়ে দেওয়া বাংলাদেশের এই পরাজয় ছুঁয়েছে অনেক ক্রিকেটবোদ্ধাকেই। ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের অশ্রু হয়ে ঝরে পড়া চোখের পানিতে কিছুটা হলেও আবেগমথিত ক্রিকেট মস্তিষ্কেরা। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও স্বীকার করেছেন, ‘এই হার মেনে নেওয়া সত্যিই কঠিন।’কলকাতার আনন্দবাজার পত্রিকায় আজ লেখা এক কলামে ‘বাঙালি বাবু’ সৌরভ বলেছেন, ‘মাত্র দুই রানে এশিয়া কাপ ফাইনাল হারার এই দুঃখটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটারদের তাড়া করে ফিরবে। জেতার এত কাছে এসে হারটা যে ওরা মেনে নিতে পারেনি, সেটা বেশির ভাগ ক্রিকেটারের কান্না দেখেই বোঝা যাচ্ছিল।’আবেগের বাইরে গিয়ে নিখাদ ক্রিকেটীয় বিশ্লেষণে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হারের ময়নাতদন্ত করতে গিয়ে সৌরভের অভিমত, ‘ফাইনালে বাংলাদেশের ক্রিকেটারদের পিছিয়ে পড়ার কারণ, এ ধরনের বড় ফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের নেই বললেই চলে। ঘরের মাঠে দর্শক-সমর্থকদের প্রচণ্ড চাপ নিয়ে খেলতেও অভ্যস্ত নয় সাকিবেরা।’তার পরও সৌরভের মত হচ্ছে, ‘অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ।’সৌরভ বলেন, ‘গোটা প্রতিযোগিতায় বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে ওরা যেভাবে লড়েছে, তা ভবিষ্যতে খুব সাহায্য করবে। এই প্রতিযোগিতা থেকে অনেক ইতিবাচক জিনিস পেয়েছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া তো আছেই, পাকিস্তানকেও তো ওরা দুবার হারানোর খুব কাছে চলে এসেছিল।’ফাইনালে বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, ‘মিরপুরের উইকেটে পাকিস্তানকে ২৩৬ রানে আটকে দেওয়ার পর সেই লক্ষ্য তাড়া করাটা খুব কঠিন হতো না। কিন্তু অন্য ম্যাচের তুলনায় ফাইনালে অত তাড়াতাড়ি রান উঠছিল না। বাংলাদেশের ব্যাটসম্যানরাও একেক সময় এত্ত সতর্ক হয়ে উঠছিল যে রানের গতি কমে যাচ্ছিল।’সৌরভ আরও বলেন, ‘ফাইনালে সাকিব আল হাসানই বাংলাদেশের নায়ক। যতক্ষণ সাকিব উইকেটে ছিল, ততক্ষণই বাংলাদেশ ম্যাচে ছিল, সাকিবের আউটই পরপরই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়।’সৌরভ বলেন, ‘অতিরিক্ত ঝুঁকি নেওয়া ও অতিরিক্ত সতর্ক হয়ে যাওয়া—এই দুটির কোনোটিই উচিত নয়। যেকোনো ধরনের খেলাই চাপমুক্ত হয়ে খেলাটা খুব জরুরি।’ তাঁর মতে, এশিয়া কাপ বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার ভিত গড়ে দেবে।