‘এক নম্বর হতে এখনো অনেক বাকি’
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এক বছর পূর্ণ করলেন মাইকেল ক্লার্ক। এই একটি বছর অস্ট্রেলীয় দলকে নেতৃত্ব দিতে গিয়ে চাপটা ভালোই অনুভূত হয়েছে তাঁর মনে। তবে চাপটাপ যা-ই থাক না কেন, সময়টা যে তাঁর জন্য উপভোগ্য ছিল, ব্যাপারটি বলতে ভোলেননি তিনি।বিশ্বকাপের পরপর রিকি পন্টিংয়ের কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ১৪ টেস্টে দুটি হারের বিপরীতে জিতেছেন নয়টি টেস্টে—মোটামুটি ভালো রেকর্ডই। সর্বশেষ সিরিজ জয়টা এসেছে ক্যারিবীয় মাটিতে, ২-০ ব্যবধানে।নিজের অধিনায়কত্বের সময়টা ভালো যাওয়ার কারণ হিসেবে দলে থাকা অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদের প্রতিই ঝরেছে তাঁর কৃতজ্ঞতাটা। তিনি বলেছেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে দলে বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার পেয়েছি।’ এর পরপরই জানিয়ে দিয়েছেন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনাটা, ‘আপনি ভালো অধিনায়ক তখনই, যখন আপনার দলে ভালো খেলোয়াড় মজুদ থাকবে। দলে খেলোয়াড়ের মান ভালো না হলে অধিনায়কত্বেও সফলতা পাওয়া যায় না।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে এই মুহূর্তে ক্লার্কের ভাবনাজুড়ে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলার ভাবনাটাই রয়েছে এই মুহূর্তে তাঁর ইন্দ্রিয়জুড়ে। ইংল্যান্ডকে হারিয়েই তিনি প্রমাণ করতে চান, অস্ট্রেলীয় ক্রিকেট ঠিক পথেই রয়েছে।মাইকেল ক্লার্কের অধিনায়কত্বের এই এক বছর আপাতদৃষ্টিতে সফল হলেও এ সময় তিনি যেমন সাফল্যের চূড়া দেখেছেন, ঠিক তেমনি দেখেছেন দুঃস্বপ্নের অতল গহ্বর। তিনি ভারতের বিপক্ষে নিজ মাটিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৪-০ ব্যবধানে সিরিজ জয়ে। সেই সিরিজে ১২৫.২০ গড়ে তাঁর সংগ্রহ ছিল ৬২৬ রান। তিনি স্যার ডন ব্র্যাডম্যান ও ওয়ালি হ্যামন্ডের পর একই সিরিজে পেয়েছেন একটি ট্রিপল ও একটি ডবল সেঞ্চুরির দেখা। তবে তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে এক ইনিংসে ৪৭ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জাও পেতে হয়েছে। পেতে হয়েছে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অসিদের হতভম্ব করে দেওয়া এক তিক্ত পরাজয়ের স্বাদও।‘কেপটাউনে ৪৭ রানে অলআউট হয়ে যাওয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কত সহজেই পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে যেতে পারে, আবার সেই খারাপ পরিস্থিতির উত্তরণ কীভাবে ঘটানো যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে ৪৭ রানে অলআউট হয়ে যাওয়ার পরের ম্যাচেই আমরা জোহানেসবার্গে জয় পেয়েছিলাম।’ বলেছেন মাইকেল ক্লার্ক। তিনি আরও বলেন, ‘কেপটাউন ও হোবার্টের দুটি পরাজয় আমাদের অনেক কিছু শিখিয়েছে।’অস্ট্রেলিয়াকে পুনরায় বিশ্বের এক নম্বর টেস্ট দল বানানোর লক্ষ্যই মাইকেল ক্লার্কের। তবে ক্লার্কের মতে, সেই শীর্ষস্থান আসতে এখনো অনেক বাকি। আমাদের আরও উন্নতি করতে হবে। এটা একটা প্রক্রিয়া। নিখুঁতভাবে দলকে গড়ে তোলা। বিষয়টি একটি সিরিজ বা প্রতিযোগিতায় সাফল্য পাওয়া নয়।’ ওয়েবসাইট।