‘এক ম্যাচে কখনো এত “জীবন” পাইনি’
মাত্র ১৫টি রানের জন্য গতকাল শততম সেঞ্চুরিটা উদযাপন করতে পারেননি শচীন টেন্ডুলকার। এ অসাধারণ গৌরব ঝুলিতে ভরতে পারলে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালটা হয়তো আরও স্মরণীয় হয়ে থাকত লিটল মাস্টারের। তবে যা হয়েছে, সেটাও বা কম কী? ১১৫ বলে ৮৫ রানের চমত্কার এক ইনিংস খেলে গড়ে দিয়েছেন ভারতের জয়ের ভিত্তি। ম্যাচ শেষে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। কিন্তু গতকাল তাঁর এই ইনিংসটার পেছনে অবদানটা শুধু তাঁর ব্যাটেরই না, স্বয়ং ভাগ্যদেবী নিজে যেন সব সময় দাঁড়িয়ে ছিলেন টেন্ডুলকারের পেছনে। গতকাল একবার দুইবার না, পাঁচবার ‘জীবন’ পেয়েছেন ভারতের এই ব্যাটিং বিস্ময়। ম্যাচ শেষে তিনি নিজেও স্বীকার করেছেন যে, ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কখনোই এত ‘জীবন’ পাননি।ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর টেন্ডুলকার বলেছেন, ‘পাঁচ পাঁচবার “জীবন”! ঈশ্বর আমার সহায় ছিলেন। এর আগে এ ধরনের ঘটনা আমার ক্যারিয়ারে কখনো ঘটেনি।’১১তম ওভারে সাইদ আজমলের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার ইয়ান গোল্ড। কিন্তু রিভিউয়ের সহায়তা নিয়ে সেইবার বেঁচে যান টেন্ডুলকার। তখন তাঁর স্কোর মাত্র ২৩। পরের বলে আবারও পড়লেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। এবারও বেঁচে গেলেন অল্পের জন্য। দুই ওভার পর আফ্রিদির বলে আবারও ক্যাচ তুলে দিয়েছিলেন শর্ট মিড উইকেটে। কিন্তু মিসবাহ তালুবন্দী করতে পারেননি সেই ক্যাচ। ২০তম ওভারে ৪৫ রানের মাথায় এবার টেন্ডুলকারের ক্যাচ ছাড়েন ইউনুস খান। ৩০তম ওভারে আফ্রিদির চমত্কার একটি বল উইকেটের পেছনে চলে যায় টেন্ডুলকারের ব্যাটের কানায় লেগে। কিন্তু গ্লাভসে ‘মাখন মেখে’ খেলতে নামা কামরান আকমল যথারীতি এবারও ব্যর্থ।এতবার জীবন পেয়েও টেন্ডুলকার যে শতকটা পূর্ণ করতে পারলেন না সেটাই এখন বিস্ময়। তবে অনেকে অবশ্য খুশিই হয়েছেন। কারণ টেন্ডুলকার সেঞ্চুরি করলে ভারত জিততে পারত না, এমন কুসংস্কারে যে অনেকেই বিশ্বাস করেন! টাইমস অব ইন্ডিয়া।