‘একটা খেলা খেলেছিলাম, হেরে গেছি’
তামিম ইকবালের খুব মন খারাপ। সেটি না হলেই অস্বাভাবিক হতো। জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরে যাওয়ার পর যদি মন খারাপ না হয়, তাহলে আর কিসে হবে! বাংলাদেশের সব ক্রিকেটারেরই বুকে লেগেছে এই পরাজয়। তামিম ইকবালের সম্ভবত সবচেয়ে বেশি।মোহাম্মদ আশরাফুল ছাড়া এই দলের আর কেউ জিম্বাবুয়ের সেই সময় দেখেননি। বাংলাদেশ এর আগে যে দুবার টেস্ট সিরিজ খেলতে এখানে এসেছে, জিম্বাবুয়ে দলে তখন তারকার মেলা। দুই ফ্লাওয়ার ভাই, হিথ স্ট্রিক, অ্যালিস্টার ক্যাম্পবেল, অ্যান্ডি ব্লিগনট...। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে জিম্বাবুয়ে তখন অস্ট্রেলিয়ার মতো।বাংলাদেশের এই দলের কাছে তা নয়। সাকিব-তামিমদের কাছে জিম্বাবুয়ে মানেই জয়। একটি-দুটি ম্যাচ হারতে হয়েছে সত্যি, তবে সেই পরাজয় ঠিকই বহু গুণে ফিরিয়ে দেওয়া গেছে। ওয়ানডে আর টেস্ট আলাদা। তার পরও সাড়ে ছয় বছর পর টেস্ট প্রত্যাগত জিম্বাবুয়ে বাংলাদেশ দলের কাছে ‘খেলব আর জিতব’ ব্যাপারই ছিল। সেটিই সর্বনাশ করল কি না, তা একটা প্রশ্ন বটে।তামিম ইকবালের মন বেশি খারাপ, তাঁর ‘খেলা’টা কেউ বুঝল না বলে। চতুর্থ দিনের খেলা শেষে জিম্বাবুইয়ান পেসার ব্রায়ান ভিটরিকে ‘অর্ডিনারি’ বলে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছিলেন। বাংলাদেশ হেরে যাওয়ার পর এই মন্তব্য বুমেরাং হয়ে আঘাত করেছে তাঁকে। জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর এই টেস্টে তামিমের পারফরম্যান্সই ‘খুব অর্ডিনারি’ ছিল বলে পাল্টা তীর ছুড়েছেন। দেশেও ‘হিরো’ থেকে অনেকটা ‘ভিলেনে’ রূপান্তরিত। তামিমের কি এখন মনে হচ্ছে, ওই মন্তব্যটা না করলেই ভালো হতো!‘একটু যে মনে হচ্ছে না, সেটি অস্বীকার করব না’—পরাজয়ের তিক্ততা নিয়ে ঘুম ভাঙার পর কাল সকালে বললেন তামিম ইকবাল। কেন বলেছিলেন, সেই ব্যাখ্যাটাও দিলেন এর পর, ‘এটা ছিল একটা মাইন্ড গেম। ওই ছেলেটা নতুন, প্রথম টেস্ট ম্যাচ খেলছে। আমার এখনো মনে আছে, প্রথম টেস্ট খেলার সময় আমি কেমন নার্ভাস ছিলাম। আমি তাই ও কথা বলে ওকে আরও নার্ভাস করে দিতে চেয়েছিলাম। মনে হয়েছিল, এটা শোনার পর ও নিজেকে প্রমাণ করতে বাড়তি কিছু করতে চাইবে। আমি তো আউটই হয়ে গিয়েছি, বাকি ব্যাটসম্যানদের তাতে উপকার হবে। ভিটরির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। দলের ভালো ভেবেই আমি ওই মন্তব্য করেছিলাম।’একটা ‘খেলা’ খেলেছিলেন, তাতে কাজ হয়নি—ব্যাপারটাকে এভাবেই দেখতে চান তামিম, ‘টেলর যে এখন বলছে, আমার ওই কথা ওদের আরও উদ্দীপিত করেছে, হারলে কিন্তু এ কথা বলত না। আমরা হেরে গেছি বলেই আমার মন্তব্যটা নিয়ে এখন এমন বিরূপ কথাবার্তা হচ্ছে। সেটি আমি মেনেও নিচ্ছি। আমি একটা খেলা খেলেছিলাম, তাতে হেরে গেছি।’টেস্টের আগে যে বলেছিলেন, বাংলাদেশ সামর্থ্যের ৭০ ভাগ খেলতে পারলেই জিতবে—এই কথাটাও তো এখন পরিহাসের মতো শোনাচ্ছে। তামিম ইকবাল অবশ্য এখনো তাঁর ধারণায় অনড়, ‘আমি আমার ওই কথা থেকে সরছি না। আমি এখনো মনে করি, আমরা ওদের চেয়ে ভালো দল। চতুর্থ দিন শেষেই তো বলেছিলাম, “আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি আমরাই”, আপনি শেষ দিনে আমাদের আউটগুলো দেখেন, আমরা নিজেদের ভুলেই সবাই আউট হয়েছি।’কিন্তু সামর্থ্যের প্রমাণও কি ‘বেশি ভুল’ ‘কম ভুল’ করা থেকেও হয় না? যারা ভালো খেলে, তারা কম ভুল করে। যারা বেশি ভুল করে, তারা খারাপ খেলে। তামিমের জবাব, ‘হ্যাঁ, এভাবে বলতে পারেন। তবে আমি মনে করি, এই টেস্টে আমরা নিজেদের সামর্থ্যের মাত্র ৫০ ভাগ খেলতে পেরেছি। হেরেছিও এ কারণেই।’যা হয়ে গেছে, সেটি তো আর বদলে দেওয়ার উপায় নেই। তবে পরাজয়টা কিছুতেই মেনে নিতে পারছেন না তামিম, ‘আমার কতটা খারাপ লাগছে, মুখে বলে তা বোঝাতে পারব না। মনটা খুলে যদি দেখাতে পারতাম, তাহলে হয়তো সবাই বুঝতে পারত আমার কেমন খারাপ লাগছে।’এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডেতে তামিমের ১৫৪ রানের ইনিংস আছে। সেটি এই জিম্বাবুয়েতেই। সেই সুখস্মৃতি আছে। আছে ‘অর্ডিনারি’ মন্তব্যের কারণে টেস্টে পরাজয়ের দুঃখটা আরও বহুগুণ হয়ে যাওয়ার যন্ত্রণা। ওয়ানডে সিরিজে সবকিছু ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞাটা কি আরও শাণিত হলো তাতে? তামিম ইকবাল শুধু হাসেন। কী অর্থ সেই হাসির—আপাতত মুখের কথা নয়, যা বলার ব্যাটেই বলবেন?