‘একটা ভালো সেভ একটা গোলের সমান’
দীর্ঘদিন ইতালি ও জুভেন্টাসের গোলবার আগলে রেখেছেন পরম নির্ভরতায়। সর্বকালের সেরা গোলরক্ষকদের ছোট্ট তালিকাতেও তাঁর নাম রাখতে হবে। এই ৩৫ বছর বয়সেও তিনি সতেজ, সপ্রাণ। ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন বলেছেন তাঁর ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনাসহ অনেক কিছু নিয়েই। ১৪ বছর বয়স পর্যন্ত আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন। ১৯৯০ ইতালি বিশ্বকাপে ক্যামেরুন গোলরক্ষক টমাস এনকোনোকে দেখেই নাকি গোলরক্ষক হতে চেয়েছেন। সত্যি? বুফন: হ্যাঁ, সত্যি। টমাস এনকোনোর দুর্দান্ত সব সেভের জন্যই আমি এই পজিশনটার প্রেমে পড়ে যাই। তিনি খুব দ্রুতই আমার নায়ক হয়ে যান। আমি তো তাঁর সম্মানে আমার ছেলের নাম রেখেছি লুইস টমাস। ছেলে জন্ম নেওয়ার পর এনকোনো আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন। অনেকেই বলে, গোলরক্ষকেরা আসলে পুরোনো মদের মতো, বয়সের সঙ্গে সঙ্গে তারা আরও ভালো হয়। গোলরক্ষকেরা তাদের শিখরে কখন পৌঁছায় বলে মনে করেন? বুফন: আমি জানি না। স্পষ্টতই ত্রিশ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। খেলার ক্ষেত্রেও তাই। যখন আপনি ত্রিশ ছাড়িয়ে যাবেন, তখন আপনার অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারবেন কখন আপনি খেলবেন ও কখন অনুশীলন করবেন। আগের উচ্চতায় থাকার জন্য আপনাকে অনেক খাটতে হবে। মূল খেলার বাইরে থেকে একজন গোলরক্ষক অধিনায়কের দায়িত্ব কি ঠিকঠাক পালন করতে পারেন?বুফন: আমি মনে করি না বাহুবন্ধনী পরাটাই অধিনায়কের একমাত্র কাজ। আসল অধিনায়ক সে-ই যে মাঠে তো বটেই, ড্রেসিংরুমেও দলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা যে পজিশনেই খেলুন। কোন ডিফেন্ডারের সঙ্গে আপনার সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল? বুফন: পাঁচজনের নাম বলব ফ্যাবিও ক্যানাভারো, লিলিয়ান থুরাম, আন্দ্রেয়া বারজাগলি, লিওনার্দো বোনুচ্চি, জিওর্জিও চিয়েল্লিনি। একটা ভালো সেভ কি একটা গোলের মতোই গুরুত্বপূর্ণ? বুফন: সত্যি বলতে আমি সেটাই মনে করি। গোলরক্ষকেরা জানে কোনো ভুল করলে তাদের জন্য সেটা শুধরে নেওয়া কঠিন। এটা এমন একটা জায়গা, যেখানে পুরো মনোযোগই আপনাকে দিতে হবে। একটুও গা এলিয়ে দেওয়ার সুযোগ এখানে নেই। আপনার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ কোনটা? বুফন: বলা কঠিন। তবে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিদানের বিপক্ষে করা সেভটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ক্লাব পর্যায়ে ৮০০ ও জাতীয় দলে ১২৬টি ম্যাচ আপনি খেলে ফেলেছেন। আপনার ওপর কোন কোচের প্রভাব সবচেয়ে বেশি? বুফন: আমি মনে করি, প্রত্যেক কোচই আমার ক্যারিয়ারের উন্নতিতে অবদান রেখেছেন। তবে আন্তোনিও কন্তেই আমার সঙ্গে কাজ করা সেরা কোচ। যে দল দুই মৌসুম আগে সাতের ওপরেই উঠতে পারত না, সেই দলে খুব অল্প সময়ের মধ্যে নতুন প্রাণ এনেছেন কন্তে। এবং তিনি এসেই আমাদের জয় এনে দিয়েছেন। কোন স্ট্রাইকার আপনাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে? বুফন: জ্লাতান ইব্রাহিমোভিচ আসলেই আমাকে মুগ্ধ করেছে। অনেক ভুগিয়েছেও। আপনার সামনে কোন ডিফেন্ডারকে চান? বুফন: আমি যাদের সঙ্গে খেলেছি তাদের চেয়ে ভালো কাউকে তো বাছতে পারছি না । আপনার কাছে জুভেন্টাস মানে... বুফন: সাফল্য, সংগ্রাম ও দায়বদ্ধতার জীবন। এটা সেই পরিবার, যেখানে আমি বড় হয়েছি। অন্যদেরও বেড়ে উঠতে সাহায্য করেছি। এটা নতুন ধরনের একটা জীবন বেছে নেওয়ার সুযোগ। ৩৫ বছর বয়সে জাতীয় দলে অধিনায়কত্বের সময় যখন দেখেন ১৯ বছরের তরুণেরা দলে আসছে তখন কেমন লাগে? বুফন: এটাই যে, সময় কারও জন্য থেমে থাকে না। ১৭ বছর বয়সে আমার অভিষেক হয়েছিল, এখন ৩৫। আমি তো ঘড়ির কাঁটা ধরে রাখতে পারি না, কিন্তু আমি শান্তিতেই আছি। এ নিয়ে আমি উদ্বিগ্ন নই। এসব তরুণেরাই ভবিষ্যৎ। আমি শুধু আমার এত বছরের অভিজ্ঞতাটা ওদের মধ্যে সঞ্চারের চেষ্টা করছি। ইদানীং ইতালি আগের চেয়েও বেশি ছড়িয়ে খেলেছে। ঐতিহ্যগত রক্ষণশক্তির মূল্য দিয়েই কি এটা হয়েছে? বুফন: সিজারে প্রাণদেল্লি যা করছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। আমি মনে করি, আক্রমণ ও রক্ষণের মধ্যে আমরা একটা ভারসাম্য আনতে পেরেছি। এটাই আমাদের ফরোয়ার্ডদের আরও ভালো খেলতে সাহায্য করছে। সামনের জুনের ফিফা কনফেডারেশনস কাপকে কি আপনি বিশ্বকাপের পোশাকি মহড়া হিসেবে দেখছেন? বুফন: যেকোনো কিছুর চাইতে এটা একটা অসাধারণ পরীক্ষা। ফাইনালে কোন দলের সঙ্গে খেলতে চান? বুফন: ব্রাজিল। তাদের ইতিহাসের জন্য তো বটেই, স্বাগতিকদের সঙ্গে খেলাটা সব সময়ই রোমাঞ্চকর। কিছুদিন আগে আপনি নিজের শহরের ক্লাব কারারেসে কালচো কিনে নিয়েছেন। আপনাকে কী ডাকব, ক্যাপ্টেন নাকি প্রেসিডেন্ট? বুফন: আমাকে শুধু জিজি ডাকুন। এতেই চলবে।