‘একটা ম্যাচ খারাপ যেতেই পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের প্রয়োজনে লাল কার্ড দেখার ঝুঁকি নিয়েছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। আর সবার মতো হতাশ আমিনুলও। এএফসি চ্যালেঞ্জ কাপের শ্রীলঙ্কার কাছে পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বাংলাদেশের পাওয়া-না পাওয়া নিয়ে কথা বললেন বাংলাদেশের গোলরক্ষক। শ্রীলঙ্কার বিপক্ষে সমস্যাটা কী ছিল?আমিনুল হক: আমরা প্রথম থেকেই সমস্যায় ছিলাম। খেলতে পারিনি গরমের কারণে। এমনিতে পরপর খেলা পড়ে গেছে।  ওরা কীভাবে খেলল?আমিনুল: ওরা এখানকার আবহাওয়ায় খেলতে অভ্যস্ত। সন্ধ্যায় ম্যাচটা দিলে দেখতেন, কেমন খেলি। দুপুর ৩টার পরিবর্তে ৪টায় কেন দিল না, আমার বুঝতে অপারগ। ম্যাচের সময় তো আঘাত পেয়েছেন। পরে হাসপাতালেও গিয়েছেন। এখন কী অবস্থা? আমিনুল: ওদের স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে বুকে একটু লেগেছে। এখন ঠিক আছে। লাল কার্ড হবে বুঝতে পেরেছিলেন?আমিনুল: আমি বুঝছিলাম লাল কার্ড দেবেই। না দিয়ে কোনো উপায় ছিল না রেফারির।  আপনার ওই বেরিয়ে আসা তো দলের সর্বনাশ ডেকে আনল...আমিনুল: ওই সময় নাসির বল মিস করার পর গোল বাঁচানোর জন্য আমাকে বেরিয়ে আসতে হয়েছে। স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষ না হলে অবধারিত গোল ছিল।  শাস্তি তো বোধহয় এক ম্যাচই হবে...আমিনুল: এক ম্যাচই হওয়ার কথা। আমি তো খারাপ কোনো আচরণ করিনি। রেফারি লাল কার্ড দিয়েছে, আমি বের হয়ে চলে এসেছি। এখন রেফারির রিপোর্টই আসল। আন্তর্জাতিক ম্যাচে আগে লাল কার্ড ছিল?আমিনুল: এর আগে মুক্তিযোদ্ধার হয়ে তুর্কমেনিস্তানে লাল কার্ড দেখেছি। ঠিক একই রকম। ডিফেন্স বল ছেড়ে দিয়েছে, আমাকে বাঁচাতে হয়েছে লাল কার্ড দেখে। শেষটা তো খারাপ হয়ে গেল চ্যালেঞ্জ কাপে...আমিনুল: হ্যাঁ, শুরুতে যেভাবে করেছিলাম, শেষটা সেভাবে করতে পারলাম না। এটা প্রায়ই হয়। নতুন কিছু না...আমিনুল: প্রায়ই হয় না। এবার হয়ে গেছে। একটানা এতগুলো ম্যাচ খেলেছি। একটা ম্যাচ খারাপ যেতেই পারে।  এই সফরটাকে মূল্যায়ন করবেন কীভাবে?আমিনুল: এটা ইতিবাচক যে আমাদের ফুটবলে একটা পরিবর্তন এসেছে। এখন আমাদের দায়িত্ব এই খেলাটা ধরে রাখা। মূল পরিবর্তনটা কোন জায়গায়?আমিনুল: আমাদের খেলোয়াড়দের মানসিকতায় একটা রাত-দিন তফাত্ চলে আসছে। একটা ম্যাচ হেরে গেছি বলে হতাশ হওয়ার কারণ নেই। এটা হতেই পারে। খারাপ দিন যেতেই পারে। সফর থেকে প্রাপ্তি কী?আমিনুল: শুরুতে প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল। সেমিফাইনালে খেলব আমরা। মিয়ানমারের বিপক্ষে এত সুযোগ পেয়েও নষ্ট করলাম। মিয়ানমার বারবার বলেছে, তোমরা আনলাকি। ওদের খেলোয়াড়েরা ডাইনিংয়ে এসে এই কথা বলেছে। যেটা আগে কখনো বলেনি। শ্রীলঙ্কার কাছে ৩ গোলে হেরে সফর শেষ। যাওয়ার সময় কেমন লাগছে?আমিনুল: খুব খারাপ। একটুর জন্য সব শেষ। এটা অসম্ভব। হওয়ারই কথা না। তবে এখানেই শেষ নয়। তাহলে আমরা সামনে এগোব কীভাবে? হতাশ হওয়ার কারণ দেখি না।  অন্যরা কেউ কিছু বলল?আমিনুল: তাাজিকিস্তান কোচ বলেছেন, তোমরা একদিন পর পর ম্যাচ খেলছ। তোমাদের এই দল তৃতীয় ম্যাচে ক্লান্ত হয়ে পড়বে। হওয়াটাই স্বাভাবিক। যখন শুনলেন ৫টা ম্যাচ খেলে এসেছি, তখন বললেন এটা হতেই পারে।