‘একটু চাপে আছি আর কি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পেলেন টেস্ট ক্যাপ, বিকেলে অভিষেক হলো সংবাদ সম্মেলনেও। টেস্ট অভিষেকে ব্যাট হাতে যতটা সপ্রভিত ছিলেন, ততটাই গুটিয়ে ছিলেন সংবাদ সম্মেলনের অভিষেকে। মুখে লেগে থাকল লাজুক হাসি...ছোট্ট ছোট্ট উত্তর। ১০ নম্বরের নায়ক আবুল হাসান-এর সংবাদ সম্মেলন তুলে দেওয়া হলো প্রায় হুবহু... আমরা সবাই মোটামুটি জানি, আপনি আজ কী কী কীর্তি গড়েছেন। আপনি নিজে কি জানেন?আবুল হাসান: আসলে তেমন কিছু না। যখন ব্যাটিংয়ে গিয়েছি, নিজেকে ব্যাটসম্যানই ভেবেছি। এই তো...ব্যাটসম্যানের মতোই খেলার চেষ্টা করেছি। একগাদা রেকর্ড যে গড়ে ফেলেছেন, সেটা কতটা জানেন?হাসান: না...এ রকম কিছু জানি না। প্রথম শ্রেণীর ক্রিকেটেও আগে মাত্র একটি ফিফটি ছিল আপনার। আজ যখন উইকেটে গেলেন, ভাবনা কী ছিল? মাহমুদউল্লাহর সঙ্গে কী কথা হলো উইকেটে?হাসান: রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) শুধু এটাই বলেছেন, ‘রাজু (হাসানের ডাকনাম) যখন ব্যাটিং করবি, ব্যাটসম্যানের মতোই করবি।’ আরেকটা কথা, আমি যখন অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ দলে খেলেছি, তখন কিন্তু ব্যাটসম্যান হিসেবেই খেলেছি। পরে পেসার হয়ে গেছি। যখন ভালো খেলছিলেন, তখন কি ভাবনা বা আলোচনাগুলো পরিবর্তন হয়েছিল?হাসান: রিয়াদ ভাই শুধু এটাই বলেছেন যে ইনিংসটা লম্বা কর। খেলে যা। এটাই... টেস্ট অভিষেক নিয়ে সবাই কত রকম স্বপ্ন দেখে। পেসার আবুল হাসান নিশ্চয়ই স্বপ্নেও ভাবেনি টেস্ট অভিষেকে ব্যাট হাতে এমন কিছু করে ফেলবে!হাসান: ইনশাআল্লাহ, ব্যাটিং ভালো করেছি, আমার মূল লক্ষ্য আসলে বোলিংটা। বোলিংটা ভালো করতে পারলেই আমি খুশি হব।  মানে জানতে চাওয়া হচ্ছে, ব্যাটিং নিয়ে এমন কিছু কি কখনোই ভাবতে পেরেছিলেন?হাসান: আসলে তেমন কিছু ছিল না, এ রকম...। কখন জানতে পারলেন টেস্ট অভিষেক হচ্ছে? হাসান: কালকে (পরশু) জানতে পেরেছি। আমাকে কোচ আগেই বলেছিলেন যে প্রস্তুত থাকো, পরের টেস্ট খেলতে পারো। তবে নিশ্চিত কিছু বলেননি। পরে মুশফিক ভাই বললেন যে আমি খেলব। কতটা রোমাঞ্চিত ছিলেন জানার পর?হাসান: একটু চাপে ছিলাম, বড় ম্যাচ আমার জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক...একটু চাপে ছিলাম। ১০ নম্বরে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার হাতছানি এখন আপনার সামনে...হাসান: এটা আসলে মূল ব্যাপার নয়। কালকে (আজ) উইকেট থাকার চেষ্টা করব, রিয়াদ ভাইকে সাপোর্ট দেব। উইকেটে থাকলে রানটা হয়ে যাবে।  ৯৭ রানে মনে হলো একটু নার্ভাস ছিলেন...হাসান: অভিষেক ম্যাচে সেঞ্চুরির সুযোগ, চাপ তো থাকবেই। এটুকুই আর কী... উইকেট কেমন মনে হলো...হাসান: উইকেট কিন্তু খারাপ নয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারেনি। উইকেট খারাপ নয়।  উইকেটে যাওয়ার সময় আপনার লক্ষ্য কী ছিল?হাসান: আমার লক্ষ্য ছিল রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়া। তবে ফিফটির পর আস্তে আস্তে হয়ে গেল... বোলিংয়ে কোনো লক্ষ্য আছে? ধরুন, ১০ উইকেট নিয়ে ফেললেন!হাসান: (হাসি)...আসলে সবকিছু আল্লাহ তায়ালার হাতে। চেষ্টা করব ইনশাআল্লাহ। খুলনার অভিষেক তো আপনি স্মরণীয় করে রাখলেন, কেমন লাগছে? আর দলের অবস্থানকে এ মুহূর্তে কেমন বলবেন?হাসান: অবশ্যই আমরা ভালো পজিশনে আছি। আমি মনে করি, আমরা ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাটিং করতে পারি, অবশ্যই ভালো হবে আমাদের। কখন মনে হলো সেঞ্চুরিটা সম্ভব?হাসান: যখন ৭০ রান হয়ে গেল, তারপর মনে হলো একটা কিছু করব। সেঞ্চুরির পর অনুভূতিটা কী ছিল? উদ্যাপন তো মনমতো হলো না মনে হয়...ব্যাট ছুটে গেল, লাফটা ঠিকমতো হলো না...হাসান: তখন আসলে আমি...বলতে পারি না। এ রকম সিচুয়েশনে...না, কিছু বলতে পারছি না। বেশ আক্রমণাত্মক ব্যাটিং করলেন। অনেক সময় টেলএন্ডাররা নার্ভাসনেস থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন...হাসান: না, না...অমন কিছু নয়। আমার কথা হলো, বাজে বল করলে আমি সেটা কাজে লাগাব। ভালো বলটায় আমি টিকে থাকব। এই তো...। মৌলভীবাজারের কুলাউড়া থেকে উঠে এসে বিভিন্ন ধাপ পেরিয়ে আজ আপনি এখানে। কার অবদানকে সবচেয়ে বেশি মনে পড়ছে এ মুহূর্তে?হাসান: প্রথমে আমার আব্বু...আব্বুর অনেক ইচ্ছা ছিল আমি এই পর্যায়ে খেলি। আব্বু আজ নেই। আরও অনেকেই আছেন। মৌলভীবাজারে আমার জেলা কোচ রাসেল ভাই, বিভাগীয় কোচ ইমন ভাই..তাঁরাই অনেক কিছু করেছেন আমার জন্য। নিজের এই ব্যাটিং-প্রতিভার কথা আপনি কি জানতেন?হাসান: হ্যাঁ, অবশ্যই! আগেই তো বলেছি, অনূর্ধ্ব-১৫ যখন খেলেছি, ব্যাটসম্যান হিসেবেই খেলেছি। কোনো ধরনের ক্রিকেটে কি এ ধরনের কোনো ইনিংস আছে?হাসান: না, এ রকম নেই। অ্যাভারেজ রান করতাম, এই ২৫-২৬...। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একটা ক্যাচ ছাড়ার পর ব্যাপক সমালোচিত হয়েছিলেন। আজ আপনি ইতিহাস গড়েছেন। এই মাঝের সময়টা কেমন ছিল...দুটি সময়ের তুলনাই বা কীভাবে করবেন?হাসান: বিশ্বকাপ খেলে আসার পর খুব খারাপ লেগেছে। মনে হয়েছে, হয়তো আমি ক্যাচ ছাড়ার কারণেই দল কিছু করতে পারেনি। কিন্তু সবাই বুঝিয়েছে এটা খেলারই অংশ, যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।  ড্রেসিংরুমে ফেরার পর অধিনায়ক কী বললেন?হাসান: সবাই ভালো বলছে...কেউ তো খারাপ বলে না...। আপনি কি একটু অনুভূতিগুলোর কথা খুলে বলবেন, কিছুই আসলে বোঝা যাচ্ছে না...হাসান: কী বলব আর...(হাসি)। সংবাদ সম্মেলনে অভিষেকটা কেমন লাগছে?হাসান: একটু চাপে আছি আর কী! এত বড় ইয়ে আসলে কখনো করিনি... কোন চাপটা বেশি? এডওয়ার্ডসের বোলিংয়ের চেয়ে কি এটা বেশি চাপ?হাসান: আমার মনে হচ্ছে তাই...! নিজের সেরা শট কোনটিকে বলবেন?হাসান: ফিফটি হলো যে শটে, ছক্কা, ওইটা...(স্যামির বলে)। আপনার অনুভূতিগুলো তবুও স্পষ্ট হলো না। কিছু একটা বলুন, যা ইচ্ছা...যা মনে আসে...আবোল-তাবোল হলেও সমস্যা নেই...হাসান: আসলে কী, হান্ড্রেড করলে একটা ব্যাটসম্যানের যেমন লাগে, আমারও তেমন লাগছে।