‘একদমই ভালো ক্রিকেট খেলিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন এমন ব্যাটিং বিপর্যয়? কেন বিশ্বকাপ উৎসবকে মাটি করে দেওয়া লজ্জাজনক হার? ভুল থেকে কি তাহলে কিছুই শেখে না বাংলাদেশ! কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এমন সব ছুরির ফলাই ধেয়ে গেল সাকিব আল হাসানের দিকে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বারবার একটা কথাই বললেন—‘দিনটা আমাদের ছিল না’। এ রকম ব্যাটিং বিপর্যয়ের কারণ কী? ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বল করল, নাকি আপনারা খুব বাজে ব্যাটিং করলেন?সাকিব আল হাসান: আমার ধারণা, দুটো মিলেই এটা হয়েছে। তারা ঠিক জায়গায় বল ফেলেছে, কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। খুব বাজে ব্যাটিং করেছি। আপনার ব্যাটসম্যানরা কি আতঙ্কিত হয়ে পড়েছিল?সাকিব: জানি না...ভেবে দেখতে হবে। তবে কিছু চাপ তো ছিলই। আমরা যে ম্যাচই খেলি, চাপ থাকে। সে চাপ কীভাবে সামলাতে হয়, সেটাও আমরা জানি। আজকের (গতকাল) দিনটাই আমাদের ছিল না। দর্শকদের জন্য কি খারাপ লাগছে?সাকিব: অবশ্যই। তারা কখনোই আশা করেনি আমরা এতটা খারাপ খেলব। আমরাও আশা করিনি এতটা বাজে খেলব। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও আপনারা খুব খারাপ ব্যাটিং করেছিলেন। এ ম্যাচেও সেটাই দেখা গেল। তাহলে কি ভুল থেকে আপনারা কিছু শেখেননি?সাকিব: গত ১২ মাস আমরা যে রকম খেলছি, আমাদের প্রতি সবার প্রত্যাশা থাকতেই পারে। আর আমার মনে হয় না যে বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের নেই, বিশেষ করে নিজেদের মাঠে। তবে আমরা আজ (গতকাল) একদমই ভালো ক্রিকেট খেলিনি। ম্যাচে আপনাদের ঠিক কী পরিকল্পনা ছিল?সাকিব: প্রথমে ব্যাট করে ভালো একটা রান করা। ২৩০-২৪০ রান করা। আমি মনে করি, এই উইকেটে এই রানটাই যথেষ্ট হতো। আপনাদের কোন জিনিসটা ঠিক হয়েছে এই ম্যাচে?সাকিব: কিছুই ঠিকমতো হয়নি...একমাত্র টস জয় ছাড়া। তামিম শুরুতে আউট হয়ে যাওয়ার পরও সবাই বাজে শট খেলে আউট হলো। ব্যাটসম্যানদের কি বলা হয়নি ওভাবে না খেলে উইকেটে টিকে থাকার চেষ্টা করতে?সাকিব: এটা ঠিক যে ইনিংসের শুরুতে আমরা কিছু শট খেলতে গেছি। দু-তিনটা উইকেট পড়ে যাওয়ার পরও এটা করা ঠিক হয়নি। তবে আগেই বলেছি, দিনটা আমাদের বাজে গেছে। এই ব্যাটিং নিয়ে কি কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব?সাকিব: আমার মনে হয় না গত ১২-১৫ মাসে আমরা এতটা বাজে ব্যাটিং করেছি। তবে ক্রিকেটে এটা সব সময়ই হতে পারে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আমাদের এখনো আছে। খুব ভালোভাবে ফিরে এসে সঠিক কাজগুলো করতে হবে। এই হারের পর বিশ্বকাপে বাংলাদেশের টিকে থাকার কতটা সুযোগ থাকল?সাকিব: আমি মনে করি, এখনো ভালো সুযোগ আছে। বাকি তিন ম্যাচের দুটোও যদি জিততে পারি দ্বিতীয় পর্বে যাওয়ার ভালো সুযোগ থাকবে আমাদের। এটা ঠিক যে এ ম্যাচে হারার পর ফিরে আসাটা কঠিন, তবে ছেলেরা জানে কীভাবে ফিরে আসতে হবে। এটা তারা আগেও করেছে, এখন কেন পারবে না? আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর পাওয়া দুদিন ছুটি কি দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলল? ছুটিতে আপনারা আসলে কী করেছেন?সাকিব: যতদূর ধারণা সবাই বিশ্রামই নিয়েছে। ভারত ম্যাচের পরও কিন্তু আমাদের দুই দিন ছুটি ছিল। পরের ম্যাচ ছয় দিন পর। দলের এখন যে মানসিক অবস্থা, ছয় দিনে সেটা কাটিয়ে ওঠা সম্ভব?সাকিব: সম্ভব। এর আগেও আমরা খুব বাজে পরিস্থিতিতে পড়ে সেখান থেকে ফিরে আসতে পেরেছি। তখন যখন পেরেছি, ইনশাআল্লাহ এবারও সম্ভব। অনেক কিছুই আছে, যেগুলো নিয়ে এই সময়ের মধ্যে কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে এটাই কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন?সাকিব: এখন পর্যন্ত। হয়তো এর চেয়েও খারাপ দিন আসতে পারে। আয়ারল্যান্ড-হল্যান্ডের পর ও. ইন্ডিজকে হারানোটাই সহজ বলেছিলেন আপনারা। সে ম্যাচেই কিনা এভাবে হারলেন! পরের ম্যাচগুলোর জন্য দলকে কীভাবে অনুপ্রাণিত করবেন?সাকিব: কঠিন হলেও ফিরে আসাটা অসম্ভব নয়। ছয় দিন সময় আছে, এটা নিয়ে ভালোভাবে চিন্তা করা যাবে। কী কী জায়গায় ভুল করেছি, দেখতে হবে। বেশির ভাগ জায়গাতেই হয়তো আমরা ভুল করেছি, সব সময় এটা করি না। একদিন এ রকম ভুল হতেই পারে, তবে সাম্প্রতিক সময়ে যেসব জায়গায় ভুল করছি, সেসব নিয়ে অবশ্যই কাজ করতে হবে। ম্যাচের আগের দিন আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল কেমার রোচকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা। আপনি বলেছিলেন, তেমন কোনো পরিকল্পনা নেই। আপনারা কি ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিয়েছিলেন, নাকি উত্তরটা হেঁয়ালি করে দিয়েছিলেন?সাকিব: না, কখনোই হালকাভাবে নিইনি। কোনো দলকেই আমরা কখনো হালকাভাবে নিই বলে মনে হয় না। আর আমাদের পরিকল্পনা সব সময়ই থাকে, যেটা সব সময় সবাইকে বলা যায় না।