‘একনায়ক’ হবেন না ফ্লেচার
শত কোটি ক্রিকেট-পাগল দেশের মানুষ তাঁর দিকে তাকিয়ে। বিশ্বজয়ী ভারতীয় দলকে কীভাবে সামলাবেন, কোন নীতি নিয়ে সামনে এগিয়ে যাবেন—এমন অনেক প্রশ্ন ভারতীয়দের মধ্যে। প্রশ্নের অন্ত নেই ভারতীয় দলের ভক্তদেরও। এ প্রশ্নের গভীরে আছে আবার শঙ্কা, নতুন কোচ ডানকান ফ্লেচার ‘একনায়ক’ হয়ে উঠবেন না তো?দায়িত্ব নেওয়ার পর চেন্নাইয়ে আজ প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ফ্লেচার। চেষ্টা করেছেন নিজের মনোভাব, দৃষ্টিভঙ্গি সবার কাছে তুলে ধরার। ‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একনায়ক আচরণ নয়, তাঁদের সহায়তা নিয়েই কাজ করতে চাই আমি। দায়িত্ব পালন করতে গিয়ে উপদেশ, পরামর্শ দিতেই হবে। প্রয়োজন মনে হলে দলে পরিবর্তনও আনতে হবে। তবে সবচেয়ে বড় কথা, এখানে স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করার কোনো সুযোগ নেই’—বলেছেন ৬২ বছর বয়সী জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক।শত কোটি মানুষের দেশের জাতীয় দলের দায়িত্ব, শক্তিশালী গণমাধ্যমের কড়া নজরদারি, সদ্য বিশ্বকাপ জয়ের উন্মাদনা, প্রত্যাশা—ভারতীয় দলের দেখা-শোনা করা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা মেনে নিয়েছেন ফ্লেচার নিজেও, ‘এটা আমার জন্য সত্যিই নতুন চ্যালেঞ্জ। গ্যারি কারস্টেন ও বোলিং কোচ এরিক সিমন্সের পরামর্শ নিয়েছি আমি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও আলোচনা হয়েছে। বিশ্বজয়ী দলকে দেখা-শোনা করা খুব রোমাঞ্চকর দায়িত্ব।’ ওয়েবসাইট।