'এখন আন্দোলনের সময় নয়'

আর কদিন পরেই বিশ্বকাপ। ব্রাজিলে এখন চলছে সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুরো ব্রাজিল। কিন্তু এই উত্সব-আবহের মধ্যেই কেন যেন বাজছে আন্দোলন-বিক্ষোভের বেসুরো সুর। আন্দোলনের উত্তাপ ছুঁয়ে গেছে ব্রাজিল দলের বিশ্বকাপ প্রস্তুতিকেও। কোচ লুই ফেলিপে স্কলারির অন্তত তেমনটাই অভিমত।
স্কলারিকে যদি আন্দোলনের প্রতিপক্ষ ভাবেন, তাহলে কিন্তু ভুল করবেন। তিনি আন্দোলনের বিরুদ্ধে নন; বরং বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের দাবিতে যে আন্দোলন চলছে, সেটাকে তিনি সমর্থনই করেন। কিন্তু বিশ্বকাপ আয়োজনের সময় এ ধরনের আন্দোলনের ঘোর বিরোধী তিনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা ব্রাজিল দলের বিশ্বকাপ প্রস্তুতিকেও মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
স্কলারি আন্দোলনের গণতান্ত্রিক ভাবধারাটি বজায় রাখার পক্ষে। বিশ্বকাপের সময় দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যে হাজার হাজার অতিথি ব্রাজিলে আসবেন, তাঁদের কথা বিবেচনা করেও আন্দোলনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রাজিলের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি কোনোদিনই এই আন্দোলনের বিপক্ষে নই; বরং আন্দোলনকারীদের অনেক দাবি-দাওয়াকে আমি নিজের দাবিই মনে করি। আমরা সবাই আরও ভালো ব্রাজিল দেখতে চাই। সে লক্ষ্যে আমাদের সবার চাওয়াই এক। কিন্তু বিশ্বকাপও আমাদের দেশের একটা বিরাট সম্মানের বিষয়। সে দিকেও আন্দোলনকারীদের লক্ষ্য রাখা উচিত।’
সহিংসতাই স্কলারির মূল ভাবনার বিষয়, ‘কনফেডারেশন কাপের সময়ও সহিংসতা হয়েছে। আন্দোলনের নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়। বিশ্বকাপের সময় এমন কিছু হলে সেটা হবে আমাদের জন্য লজ্জার।’
স্কলারি এই মুহূর্তে সবকিছু ভুলে ব্রাজিল দলের সমর্থনে সবাইকে ঝাঁপিয়ে পড়ারই আহ্বান জানিয়েছেন, ‘আমরা একটা মিশন নিয়ে আছি। সেটা অবশ্যই বিশ্বকাপ জয়। সেই লক্ষ্যে সবারই সমর্থন চাই। আপাতত আন্দোলনটা তোলা থাকুক। আন্দোলনের সময় সত্যিই এটা নয়। আন্দোলন-বিক্ষোভ ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে।’
বিশ্বকাপ আয়োজন নিয়ে গোটা ব্রাজিলই এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। এক ভাগের মতে, সরকার দেশটির নাগরিকদের মৌলিক অনেক সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা না নিয়ে বিশ্বকাপে টাকা ঢালছে। আন্দোলনটা হচ্ছে মূলত ওই সমস্যাগুলো সমাধানের দাবিতেই।
বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি ব্রাজিলে এখনো নাগরিকেরা প্রতিনিয়ত গৃহায়ণ, চিকিত্সা ও যোগাযোগের ক্ষেত্রে নানা ধরনের মৌলিক সমস্যার সম্মুখীন হন। ওয়েবসাইট।