'এখন ওরাই আমাদের নিয়ে গর্ব করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবিনা, সত্যিকারের অলরাউন্ডার। ছবি: প্রথম আলো
রুবিনা, সত্যিকারের অলরাউন্ডার। ছবি: প্রথম আলো

পাঁচ বোনের সংসার। ক্যানসার আক্রান্ত মাকে হারিয়েছেন গত বছর মে মাসে। ভাই নেই বলে মাঝেমধ্যেই আক্ষেপ করতেন বাবা আমিরুল ইসলাম। কিন্তু বাবার আক্ষেপ ঘুচিয়েছেন রুবিনা বেগম। পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছেন সমানতালে। পাশাপাশি পুলিশ হিসেবে দায়িত্ব পালনও করছেন। ক্রীড়াঙ্গনের এক ‘অলরাউন্ডারের’ নাম রুবিনা। কাল ঢাকায় শেষ হওয়া আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক যেন পোড়খাওয়া মধ্যবিত্ত সংসারের জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার প্রতীক ।
ক্রিকেটার হতে চেয়েছিলেন রুবিনা। ফুটবলের আন্তস্কুল টুর্নামেন্টে নিয়মিত খেলতেনও। জাতীয় দলে সুযোগ পেয়েও পরীক্ষার কারণে ক্যাম্পে যোগ দেননি। তবে হ্যান্ডবলটার নেশা ছাড়তে পারেননি। বাংলাদেশের গত আইএইচএফ ট্রফি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রুবিনা এবারও সমানে আলো ছড়িয়েছেন টুর্নামেন্টে। চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬টি গোল তাঁরই।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে রুবিনা। এই জেলা থেকেই উঠে এসেছেন কাবাডির শাহনাজ পারভীন মালেকা, শাহিদা খাতুনরা।
মেয়ে বলে শুরুতে খেলাধুলায় পাঠাতে মোটেও আগ্রহী ছিলেন না রুবিনার মা-বাবা। কিন্তু মালেকাদের খেলা দেখেই একসময় মত বদলান রুবিনার বাবা। কাল খেলা শেষে সেই গল্পটাই বলছিলেন রুবিনা, ‘বাড়ির আশপাশের মেয়েদের ঢাকায় খেলতে যেতে দেখে বাবা বলতেন, তোরা এভাবে খেলতে পারিস না?’ বাবার উৎসাহেই পরে ষষ্ঠ শ্রেণি থেকে খেলা শুরু।
এত খেলা থাকতে কেন হ্যান্ডবলে এলেন? প্রশ্নটা করতেই রুবিনার উত্তর, ‘আমাদের স্কুলে নিয়মিত হ্যান্ডবল টুর্নামেন্ট হয়। হ্যান্ডবল এখন নেশায় পরিণত হয়েছে। স্কুলের স্যার আবুল হোসেন মণ্ডলের অনুপ্রেরণায় এ খেলায় এসেছি। ’
হ্যান্ডবল খেলতে খেলতেই পুলিশের চাকরি পেয়েছেন রুবিনা। কৃষক বাবার সংসারের সবচেয়ে বড় আর্থিক সাহায্য করতে পেরে ভীষণ খুশি পঞ্চগড়ের মেয়ে, ‘এই যুগে টাকা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার। তা ছাড়া আমাদের এলাকার মানুষ পুলিশের চাকরি খুব একটা পছন্দ করে না। তারপরও টাকা ছাড়া আমার চাকরি হয়েছে শুধু খেলছি বলেই। বাবার সংসারে কিছুটা হলেও সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে।’
শুরুতে চাকরির ডিউটি ও খেলাধুলা একই সঙ্গে করতে ভীষণ কষ্ট হতো। কিন্তু এখন আর সেভাবে ডিউটি করতে হয় না। প্রথম দিনের অভিজ্ঞতার কথা এভাবেই বলছিলেন রুবিনা, ‘আমার প্রথম ডিউটি পড়েছিল সুপ্রিম কোর্টে। শুধু দাঁড়িয়ে ছিলাম, অন্য কোনো কাজ ছিল না। তাই একঘেয়ে লাগছিল। পুলিশের কাজটা যে কত কঠিন, সেটা যাঁরা করেনি, তাঁদের বোঝানো যাবে না।’
সর্বশেষ দায়িত্ব পালন করেন রুবিনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট সিরিজের সময়। খেলোয়াড় হিসেবে ক্রিকেট মাঠে দায়িত্ব পালন করতে পেরে ভীষণ খুশি। রুবিনার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। ক্রিকেট মাঠে দায়িত্ব পেলে তাই খুশি হন। এক ফাঁকে হলেও তো তামিমকে দেখা যায়।
রুবিনার বোন পারভিন আক্তারও হ্যান্ডবল খেলোয়াড়। দুই বোন একসঙ্গে অনুশীলনে যেতেন বলে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে রুবিনাকে, ‘গ্রামের মহিলারা অনেক খারাপ কথা বলত। বখাটেরা ইভ টিজিং করত।’ তবে দিন বদলে গেছে। সেই কথাগুলো শুনুন রুবিনার মুখে, ‘আগে যারা উত্ত্যক্ত করত, এখন ওরা দেখছে তেঁতুলিয়ার মেয়েরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। এখন ওরাই আমাদের নিয়ে গর্ব করে। ওদের মানসিকতা বদলে গেছে।’