বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বলার মতো কিছুই করতে পারেনি আলজেরিয়া। ওই ম্যাচে পেনাল্টির কল্যাণে পাওয়া গোলটিই তাদের একমাত্র অর্জন। আর গোলটি ২৮ বছরের মধ্যে বিশ্বকাপে আলজেরিয়ার প্রথম। এর আগে কখনো যে গ্রুপপর্বই পার হতে পারেনি আফ্রিকান দলটি।
এ নিয়ে চারবার বিশ্বকাপে আসা দলটির তারকা বলতে আগের ম্যাচে গোল করা সোফিয়ান ফেগুলি। পোর্তো আলেগ্রের মাঠে আজ রাতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। ১৯৮৫ সালে মেক্সিকোতে একবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার আলজেরিয়াকে হার মানতে হয় ২-০ গোলে। সে প্রায় ২৯ বছর আগের কথা। এবার এই বিশ্বকাপে নতুন আরেকটি লড়াইয়ে আলজেরিয়ান কোচ ভাহিদ হালিলহজিচ জিততে চান। আরেকটি বিশ্বকাপে আলজেরিয়ার অগৌরবের বিদায় তিনি চান না, কাটাতে চান বিশ্বকাপের সাত ম্যাচের জয়-খরা, ‘এখন কান্নার সময় নয়, সময় এখন চূড়ান্ত কিছু করার।’ এই নিয়ে নয়বার আর টানা আটবারের বিশ্বকাপযাত্রী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কতটুকু কী করতে পারে আলজেরিয়া, সেটা সময়ই বলে দেবে। এর আগে ১৯৫৪ সালে বিশ্বকাপে প্রথম পা রাখা দক্ষিণ কোরিয়া নিজের মাঠের ২০০২ বিশ্বকাপে পৌঁছেছিল সেমিফাইনালে।
এশিয়ার অন্যতম ধারাবাহিক দলটি এবার নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। কুইয়াবার ওই ম্যাচে কোরীয়দের লড়াকু মনোভাবের ভালোই পরিচয় পেয়েছে গোটা বিশ্ব। ওই ম্যাচটাই দক্ষিণ কোরিয়া ডিফেন্ডার কিম ইয়ং-গোয়োনের অনুপ্রেরণা, ‘রাশিয়ার বিপক্ষে ম্যাচটির মতো খেলতে পারলে আমাদের সম্ভাবনাটাই ভালো দেখি।’
এ ম্যাচে দক্ষিণ কোরিয়া দলে বড় কোনো পরিবর্তন না থাকলেও আলজেরিয়া দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। এএফপি৷