‘এখন ক্লাবের পয়সা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বেতন বাকি পড়েছে—এ অভিযোগ তুলে মাঠে নামছেন না মোহামেডানের নাইজেরিয়ান ফুটবলাররা। এতে ঐতিহ্যবাহী ক্লাবটির মর্যাদায় কিছুটা কালির ছোপ তো লেগেছেই। মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান এম এ সালাম কী বলেন? বুকোলারা কাল (পরশু) যে মাঠে নামেননি, আপনি জানেন?এম এ সালাম: হ্যাঁ, আমি শুনেছি বিষয়টা। কেন ওরা খেলেনি, সেই কারণটা সঠিক জানি না। তবে হ্যাঁ, ওদের কিছু বেতন হয়তো বাকি থাকতে পারে। বুকোলা বলেছেন তাঁর ও এমেকার চার মাসের বেতন বাকি। ড্যামির ৫ মাসের। ওঁদের বেতন দিচ্ছেন না কেন?সালাম: অনেক বড় প্রশ্ন করলেন। বেতন বাকি থাকতেই পারে। এখন ক্লাবের পয়সা নেই। ইসি কমিটি নেই। গন্ডগোল লাগছে। লিমিটেড কোম্পানি হচ্ছে ক্লাব। আমরা ফুটবল কমিটি টাকা-পয়সা দিয়ে টিম বানিয়ে দিয়েছি। এর পর বেতন দেওয়ার কথা ক্লাবের। হয়তো পয়সা-কড়ির অভাব আছে বলে দিতে পারছে না। তাহলে ফুটবল কমিটির দায়িত্বটা কী?সালাম: আসল ঘটনা, ক্লাব ঠিকমতো এবং সময়মতো টাকা জোগান দিতে পারেনি। যে কারণে এ সমস্যা। টিম করে দেওয়া...সার্বিক দায়িত্ব ফুটবল কমিটির। তবে ফুটবল কমিটি কখনো বেতন দেয় না। এটা ক্লাব দেয় সব সময়। দল করতে কত টাকা লেগেছে এবার? ফুটবল কমিটি কত দিয়েছে?সালাম: সঠিকভাবে বলা কঠিন। তবে দেড় কোটি টাকার বেশি লেগেছে। ফুটবল কমিটি দিয়েছে ৫০ লাখের মতো। চার মাসের বেতন বাকি পড়া উচিত মনে করেন আপনি?সালাম: সব ক্লাবেরই বাকি আছে। কোনো ক্লাবই সময়মতো হান্ড্রেড পার্সেন্ট বেতন দিতে পারে না। এখন টুকটাক যা বাকি আছে...কদিন আগে এসব নিয়ে কথা হয়েছে।  মোহামেডানে কিছুদিন পরপরই শোনা যায় খেলোয়াড়দের বেতন বাকি...সালাম: সব দায়িত্ব আমাদের ফুটবল কমিটির ওপর নয়। ক্লাবের কর্তৃপক্ষ আছে, ওনাদের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে। বেতন কেন দিচ্ছেন না, সেটা কথা বললে বোঝা যাবে। স্থানীয় খেলোয়াড়দের টাকা-পয়সা বাকি নেই বললেই চলে। এ সমস্যা থাকবে না। একবারে হয়তো দেওয়া যাবে না, ভেঙে ভেঙে দিতে হবে। ক্লাবের নির্বাহী কমিটি নেই এখন। এটা কি একটা বড় সমস্যা?সালাম: সমস্যা মানে...বিরাট সমস্যা! তবে কর্মকর্তারা সভাপতি ফালু ভাইয়ের সঙ্গে বোধহয় কথা বলেছেন। আমি যত দূর জানি, তিনি টাকা-পয়সা দিয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। বুকোলাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসলে কতটা গুরুতর?সালাম: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকেই। এগুলো টুকটাক ব্যাপার। শতভাগ শৃঙ্খলাটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যেও নেই। বিদেশিদের নিয়ে কী বলব! তবে এগুলো সাধারণ ব্যাপার। এ নিয়ে চিন্তা করি না। আপনাদের ফুটবল কমিটি সবকিছু দেখভাল করে? সালাম: সব দেখি আমরা। মাসে একটা মিটিং হয়ই। কোনো মাসে দুই-তিনটাও হয়। এবার মিটিং দিতে দিতেই তারা (বুকেলারা) এই কাজটা করে ফেলল। টাকা তো দিতেই হবে। সময়মতো দিয়ে দিলেই তো ঝামেলা হয় না...সালাম: টাকার জোগান ঠিকমতো হচ্ছে না বলেই দেরি হচ্ছে। ক্লাব কারও ব্যক্তিগত পয়সায় চলে না। ডোনারদের পয়সায় চলে। কেউ সময়মতো টাকা দেয়, কেউ দেয় না। সব ক্লাবেই এ সমস্যা আছে। কেউ বলে, হয়তো কেউ বলে না। মোহামেডানে এটা বেশি কেন?সালাম: মোহামেডানের এটা বেশি প্রকাশ পায়, যেহেতু আমাদের ক্লাবে গ্রুপিং আছে। একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। এমনও হতে পারে বুকোলাদের কেউ উসকানি দিয়েছে।