'এখন ভাবনায় শুধুই লিভারপুল'
ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না।৩৪ বছর বয়সী স্টিভেন জেরার্ড জাতীয় দল থেকে পরশু অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর কথা বলেছেন দ্য এফএ ডটকমের সঙ্গে।লিভারপুল মিডফিল্ডারের এই সাক্ষাৎকারে উঠে এসেছে ১৪ বছরের ক্যারিয়ারের অনেক স্মৃতি, ইংল্যান্ড দলের ভবিষ্যৎসহ আরও অনেক প্রসঙ্গ।

অবসরের এই সিদ্ধান্তই কি আপনার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত?
স্টিভেন জেরার্ড: আসলেই খুব কঠিন সিদ্ধান্ত। অনেক দিন ধরেই এটা নিয়ে ভেবেছি। যাদের সঙ্গে খেলছি, আমার এখনকার কোচ, কিংবা যাদের অধীনে আগে খেলেছি, সবার মতামত নিয়েছি। নিশ্চিতভাবে ১৮ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। তবে আমি মনে করি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি।
ইংল্যান্ডের বিশ্বকাপ যেভাবে শেষ হয়েছে, সেটা কি আপনার সিদ্ধান্তের পেছনে কোনো ভূমিকা রেখেছে?
জেরার্ড: কিছুটা, তবে শুধু বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিইনি। আমার বয়স, শরীরের অবস্থা, লিভারপুলের প্রতি দায়বদ্ধতা—এসব ভাবতে হয়েছে। বিশেষ করে লিভারপুল আবার চ্যাম্পিয়নস লিগে ফিরেছে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার শরীরের যে অবস্থা এখন, একই সঙ্গে আন্তর্জাতিক আর ঘরোয়া ফুটবল খেলা বেশি ধকল হয়ে যায়। যদিও আমি মনে করি, আগামী সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারব। ওই ফিটনেস আমার আছে। কিন্তু ভবিষ্যতের কথা বললে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোই ভালো। লিভারপুলের হয়ে যাতে সেরাটা দিতে পারি।
কোচ রয় হজসনের সঙ্গে আপনি এটা নিয়ে কথা বলেছেন? তিনি আপনার সিদ্ধান্ত বদলের চেষ্টা করেছিলেন?
জেরার্ড: আবেগাপ্লুত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে চেয়েছি। বিশ্বকাপের আগে, বিশ্বকাপ চলার সময় অনেকেই আমাকে এ নিয়ে অনেক প্রশ্ন করেছে। কিন্তু ফুটবল থেকে দূরে গিয়ে, একান্তে কিছুটা সময় নিয়ে এ বিষয়ে ভাবার দরকার ছিল। এই সপ্তাহে প্রথমবার আমি রয়ের (হজসন) সঙ্গে এ বিষয়ে কথা বলি। চেয়েছি মাথা ঠান্ডা করে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে।
ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে সমর্থকেরা, খেলোয়াড়েরা খুব হতাশ ছিলেন। পেছনে তাকালে আপনার মূল্যায়ন কেমন হবে?
জেরার্ড: আমিও খুব হতাশ, একই সঙ্গে আশাবাদীও। মনে হয় না আমরা খুব বেশি ভুল করেছি। আমাদের দলে দারুণ কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা দিন দিন উন্নতি করবে, শিখবে। আমি জানি সমর্থকেরা হতাশ, খেলোয়াড়েরা মানসিকভাবে বিপর্যস্ত। হয়তো এখন মূল্যায়ন করতে বললে সবাই নেতিবাচক কথাই বলবে। তবে আমার বিশ্বাস, এ অবস্থা বদলাবে। রয় (হজসন), রে (লিউইংটন) ও গ্যারির (নেভিল) ওপর আমার আস্থা আছে। জানি, ওরা দলটাকে অনেক দূর নিয়ে যাবে।
সতীর্থ হিসেবে কার সঙ্গে খেলাটা সবচেয়ে উপভোগ করেছেন?
জেরার্ড: প্রায় সবার সঙ্গে উপভোগ করেছি। ইংল্যান্ডের হয়ে খেলার অনুভূতি সব সময় অন্য রকম। এটাই সবচেয়ে বেশি মিস করব। প্রায় সবার সঙ্গে, সব কটি ম্যাচই উপভোগ করেছি। আলাদা করে কয়েকজনের নাম বললে ওয়েইন রুনির কথা আসবেই। সে বিশ্বমানের ফুটবলার। জন টেরি, অবিশ্বাস্য ডিফেন্ডার। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, পল স্কোলস, ডেভিড বেকহাম, টনি অ্যাডামস, অ্যালান শিয়েরার—আরও অনেক নাম। আমার অভিষেকের পর থেকেই বেকহাম আমাকে নানাভাবে সাহায্য করে আসছে। ও বৈশ্বিক তারকা। আমার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছি ওর সঙ্গে। তরুণদের মধ্যে ড্যানিয়েল স্টারিজ, রাহিম স্টার্লিংয়ের কথা বলব।
৩৮টি ম্যাচে আপনি দেশের অধিনায়কত্ব করেছেন। ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি কেমন?
জেরার্ড: এটা স্বপ্নের মতো। প্রতিবার আর্মব্যান্ড লাগিয়ে একদল খেলোয়াড় নিয়ে দেশের হয়ে ম্যাচ জেতার অনুভূতি অতুলনীয়। কয়েকবার অধিনায়কত্ব পেয়েছি, আবার হারিয়েছিও। কিন্তু কখনোই যিনি অধিনায়ক হয়েছেন, তাঁকে অসম্মান করিনি। ডেভিড বেকহাম, জন টেরি, রিও ফার্ডিনান্ড—সবাই অসাধারণ অধিনায়ক ছিলেন। আমি নিশ্চিত, রয় হজসন এবারও সবচেয়ে যোগ্য মানুষটাকেই অধিনায়ক করবেন।
খেলোয়াড়ি জীবনের শেষে কখনো কোচ হওয়ার কথা ভেবেছেন? কিংবা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) শুভেচ্ছাদূত?
জেরার্ড: কোচিং প্রশিক্ষণ শুরু করেছি। তবে এখন ভাবনায় শুধুই লিভারপুল। পাশাপাশি কোচিংয়ের ‘সি’ লাইসেন্স প্রশিক্ষণ নিচ্ছি। এখনো জানি না, কোচ হতে চাই কি না। যখন খেলা পুরোপুরি ছেড়ে দেব, তখন এটা নিয়ে ভাবার সময় আসবে। তবে যেটাই হোক, এফএ-এর সঙ্গে আমার সম্পর্ক আগামী ২০, ৩০ কিংবা ৪০ বছর থাকবে। আমি ইংল্যান্ডের জন্য কাজ করতে চাই।