‘এখন সবাই আমার কথাও বলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যের কথা গোপন রাখেন। তবে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে লুক্বায়িত আনন্দে মিটি মিটি হাসছেন ইমরুল কায়েস। গোপন লক্ষ্যটা এখনো পূরণ না হলেও তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার শোনালেন আশার কথা আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনো ম্যান অব দ্য ম্যাচ হননি। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হলেন। খুব ভালো সময় যাচ্ছে মনে হয়!ইমরুল কায়েস: সময় অবশ্যই ভালো যাচ্ছে। প্রথম ম্যাচে ভালো শুরু করলেও এর পরের দুই ম্যাচ একটু খারাপ হয়ে গেছে। সর্বশেষ দুই ম্যাচে আমি আবার ফিরে এসেছি। বলতে পারেন পরিশ্রমের ফসল পাচ্ছি। একটা জিনিস কি...বড় জায়গায় দেখবেন আমি ভালোই খেলি। লর্ডসে আমার প্রথম ফিফটি। এর আগে কখনোই ফিফটি মারিনি, লর্ডসে মারলাম। ম্যান অব দ্য ম্যাচের ক্ষেত্রেও তাই। অন্য কোথাও ম্যান অব দ্য ম্যাচ হয়নি, বিশ্বকাপে হয়েছি। আল্লাহই হয়তো আমাকে সাহায্য করছেন। লক্ষ্যের কথা কখনো আপনি বলেন না। কিন্তু বিশ্বকাপ নিয়ে যেরকম প্রত্যাশা ছিল, সেটা কি পূরণ হচ্ছে?ইমরুল: হয়তো কিছুটা হচ্ছে। তবে একটা ব্যাপার এখনো হয়নি। সেটা হয়ে গেলে হয়তো নিজেকে সফল বলব। এসবের কিছুই এখন বলা যাবে না (হাসি)। দুটি ভালো ইনিংস খেললেও সেঞ্চুরি হয়নি। এ নিয়ে নিশ্চয়ই হতাশা আছে?ইমরুল: সেঞ্চুরি করতে হলে ভাগ্যও লাগে। অনেকে কিন্তু ৯৯ রানেও আউট হয়ে যায়! হল্যান্ড রান করেছে অনেক কম। আমি যদি সেঞ্চুরির জন্য বেশি মারতাম, তার পরও ৮০-৮৫-র বেশি করতে পারতাম না। তা ছাড়া শাহরিয়ার নাফীস ভাই অনেক দিন পর দলে ফিরেছেন, ওনারও কিছু রান করা দরকার ছিল। ওনাকে বলেছি একটু সময় নিয়ে খেলেন, কিছু রান করেন। বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানেরই সেঞ্চুরি নেই। প্রথম সেঞ্চুরিটা আপনার ব্যাট থেকেই আসবে, এমন স্বপ্ন দেখেন না?ইমরুল: এটা বলতে পারব না। তবে আমি এখন যে খেলাটা খেলছি, সেটা চালিয়ে যেতে পারলে আশা করি হবে। তামিম আর আপনি মিলেই বাংলাদেশের ওপেনিং জুটি। তার পরও আপনাকে সব সময় তামিমের ছায়ায় পড়ে থাকতে হয়। বিশ্বকাপে সেই ছায়া থেকে বেরোতে পেরে ভালো লাগছে?ইমরুল: অবশ্যই। একটা সময়ে মানুষ বলত, তামিমের পার্টনার ইমরুল কায়েস। অবশ্যই তামিম অনেক বড় তারকা, আমাকে হয়তো মানুষ সেভাবে চিনতই না। এখন সবাই আমার কথাও বলছে। বলছে বাংলাদেশ দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা অনেক ভালো। টপ-অর্ডার ভালো করে দিলে পরের ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়—এসব শুনতে ভালোই লাগে। পরশু মাঠে নেমে কি ম্যাচ শেষ করে আসার লক্ষ্য ছিল?ইমরুল: হ্যাঁ, অনেক দিন ধরেই এ রকম কিছু চাচ্ছিলাম। আমার রানের গড় কমে যাচ্ছে, সুযোগ পেলে সেটা বাড়িয়ে নেব। বড় ইনিংস খেলে অপরাজিত থাকব, তাতে আত্মবিশ্বাসও বাড়বে...এ রকম ইচ্ছা ছিল। ইংল্যান্ড ম্যাচেও কিন্তু আমার উইকেট বোলাররা নেয়নি, রানআউট হয়েছি। বোলাররা পরপর দুই ম্যাচে আউট করতে পারেনি, এটাও একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বাড়াতে পারে। ইংল্যান্ড ম্যাচের পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে আপনাদের। আপনাকে উনি কী বলেছিলেন?ইমরুল: উনি বলেছেন, ‘অনেক ভালো খেলেছ। তোমাকে ধন্যবাদ, দেশের মান রেখেছ। আমরা অনেক খুশি।’ প্রধানমন্ত্রীর কাছ থেকে এ রকম অভিনন্দন পেয়ে খুবই ভালো লেগেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলাটা একজন খেলোয়াড়ের জন্য বিরাট সম্মান। কোনো দিন কি ভেবেছিলেন ক্রিকেট এমন একটা সুযোগও করে দেবে? এটা তো সারা জীবন মনে রাখার মতো ব্যাপার...ইমরুল: অবশ্যই। বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রীকে দেখে, তাঁর কথা শোনে। কয়জনের ভাগ্যে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়? সেখানে উনি নিজ থেকে আমাদের সঙ্গে কথা বলছেন, আমরা অবশ্যই ভাগ্যবান। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। হল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু?ইমরুল: আমরা কিন্তু এই বিশ্বকাপে একটা ম্যাচ ছাড়া সব ম্যাচেই ভালো খেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই খেলাটা ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনালে না যাওয়ার কোনো কারণ নেই। আমাদের কন্ডিশনে খেলা, সবকিছু মিলিয়েই আমাদের পক্ষে ভালো ক্রিকেট খেলা সম্ভব। সবার সেটাই প্রত্যাশা। তা ছাড়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সুযোগ তো এমনিতেই আসবে। দলের টিম স্পিরিট খুব ভালো মনে হচ্ছে এখন। এটাও কি ভালো করার একটা কারণ?ইমরুল: যা করার, দলের সবাই এখন একসঙ্গে করি। প্রতিটি ক্রিকেটার একসঙ্গে দাঁড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। যখনই আমরা একসঙ্গে হই, নিজেদের মধ্যে আলাপ হয় কী করলে কী হবে। আমার মনে হয়, এটা একটা বড় অ্যাডভান্টেজ।