‘এখনই সিরিজ বন্ধ হোক’
ইজাজ বাটের চমকপ্রদ পাল্টা-আক্রমণে পুরো ম্যাচ পাতানো বিতর্কই নতুন মোড় নিয়েছে। তবে পিসিবি প্রধানের অভিযোগের কারণে নয়, তৃতীয় ওয়ানডে ঘিরে সন্দেহের কারণেই সিরিজটা আর খেলার যৌক্তিকতা দেখছেন না সাবেক দুই ইংল্যান্ড অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট ও মাইকেল ভন। গত পরশু ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও বলেছিলেন, মূল্যহীন হয়ে গেছে সিরিজটা।নতুন করে অভিযোগ ওঠার পরও সিরিজটা কেন হচ্ছে, ভেবে পাচ্ছেন না সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্টুয়ার্ট, ‘শুক্রবারের ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগগুলো যদি সত্যি হয় কিংবা যদি সত্যিই যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে বুঝতে পারছি না সিরিজটা কেন হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে। ওভালে পাকিস্তানিরা যদি সত্যিই বুকিদের কথামতো খেলে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সিরিজ বন্ধ করে দেওয়া উচিত। কলঙ্কময় একটি সিরিজে ইংলিশ ক্রিকেটাররা অংশ নিতে পারে না।’স্টুয়ার্টের সঙ্গে একমত ভনও, ‘এই মুহূর্তে সিরিজ বন্ধ করে দেওয়াই হবে ক্রিকেট খেলাটার জন্য সবচেয়ে ঠিক কাজ। আমি জানি, অভিযোগগুলো এখনো প্রমাণিত নয় এবং কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, তবু আমি এটা বলছি কারণ বাতাসে এত বেশি খবর উড়ছে যে ক্রিকেটে মন দেওয়া কঠিন।’ ইংল্যান্ড কোচ ফ্লাওয়ার বলেছিলেন নতুন অভিযোগগুলো শুধু ওয়ানডে সিরিজ নয়, পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজটাই অর্থহীন।এক দিন আগেও কোচের সঙ্গে দ্বিমত ছিল অ্যান্ড্রু স্ট্রাউসের। গত পরশু ইংলিশ অধিনায়ক বলেছিলেন, যত অভিযোগই উঠুক, প্রমাণ না হওয়ার আগপর্যন্ত সিরিজ বন্ধ করা উচিত নয়। ইজাজ বাটের পাল্টা অভিযোগের পর কাল সেই স্ট্রাউসের সুরও বদলে গেছে। স্ট্রাউস বলেছেন, ইংলিশ ক্রিকেটাররা আর সিরিজটা খেলার উৎসাহ পাচ্ছে না। ওয়েবসাইট।