'এখনো এলাকায় বোরকা পরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন আক্তার
শিরিন আক্তার

গত বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছিলেন ফটো ফিনিশে। এবার ৩৮তম জাতীয় অ্যাথলেটিকসে স্পষ্ট ব্যবধানে সোনা জিতলেন। ১১.৮৪ সেকেন্ড সময় করে প্রথমবারের মতো দেশের দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির শিরিন আক্তার। সাতক্ষীরার মেয়ে দেশকে সাফের সোনা উপহার দিতে চান
 দ্রুততম মানবী হওয়ার পর সবাই উচ্ছ্বাস করে। আপনি কাঁদছেন?
শিরিন আক্তার: এটা আনন্দের কান্না। আমার স্যার (আবদুল্লাহ হেল কাফি) আমার জন্য অনেক কষ্ট করেছেন। স্যার চেয়েছিলেন তাঁর কষ্ট যেন সার্থক হয়। স্যারের সম্মান রাখতে পেরেছি, এ জন্য খুব ভালো লাগছে।
 নয়বারের দ্রুততম মানবী নাজমুন নাহার (বিউটি) দৌড়াননি। এটাই কি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে?
শিরিন: না, সে রকম কিছু কখনোই মনে হয়নি। বরং বিউটি আপু খেললে প্রতিদ্বন্দ্বিতা আরও জমত। আমি আমার মতো খেলেছি। এবার খুব ভালো অনুশীলন করেছি। তাই বিউটি আপু থাকলেও কোনো সমস্যা হতো না।
 গত বাংলাদেশ গেমসে বিউটিকে হারিয়ে দিয়েছিলেন ২০০ মিটারে। এটাও কি ভালো করার পেছনের রহস্য?
শিরিন: ২০০ মিটারে বিউটি আপুকে হারিয়ে মনে হয়েছিল ১০০ মিটারেও পারব। কিন্তু ফটো ফিনিশে জাকিয়ার কাছে হেরে যাই। তখন থেকেই মনে মনে ঠিক করি, যেভাবেই হোক প্রথম হতেই হবে। এই জেদটাই আজ আমাকে ভালো দৌড়াতে সাহায্য করেছে। আরেকটা কথা, আমার আগে কেউ দৌড়ে যাবে, সেটা আমি কখনোই মানতে পারি না।
 বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে কি অ্যাথলেটিকস করতেন?
শিরিন: আমি খেলাপাগল মেয়ে। কিন্তু আমাদের পরিবার খুব রক্ষণশীল। এলাকায় আমাকে হাজিবাড়ির মেয়ে বলে চেনে সবাই। আমার পরিবারের কেউ কখনো খেলাধুলা করেনি। আমি তার পরও স্কুলে দৌড়াতাম। সবার আগে দৌড় শেষ করতাম। কিন্তু একসময় মনে হলো আমার আর খেলাধুলা করা হবে না।
 কেন?
শিরিন: ওই যে বললাম, আমাদের পরিবার রক্ষণশীল। আমি যে এখানে হাফপ্যান্ট পরে দৌড়াচ্ছি সেটা বাড়ির কেউই জানে না। এখনো এলাকায় গেলে আমাকে বোরকা পরে চলাফেরা করতে হয়। যখন বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলাম, বাবা-মা কেউই ভর্তি করতে রাজি হননি। আপত্তি করেছিলেন সবাই।
 তাহলে কীভাবে ভর্তি হলেন?
শিরিন: আমার বড় আপু খুব উৎসাহ দিতেন। তিনিই বাবাকে বুঝিয়ে-সুজিয়ে রাজি করান। যখন দেখি রাজি হচ্ছেন না বাবা, অনেক কান্নাকাটি করলাম। খাওয়া-দাওয়াও বন্ধ করে দিলাম। অবশেষে বাবা রাজি হলেন। পরে বাবা যখন আমাকে নিয়ে বিকেএসপিতে এলেন, সব দেখেশুনে তো উনি খুব খুশি। সেদিন বলেছিলেন, ‘এত সুন্দর জায়গা বিকেএসপি। যদি আমার থাকার কোনো সুযোগ থাকত তাহলে আমি থেকে যেতাম।’
 গতির খেলায় কাউকে আদর্শ মানেন?
শিরিন: দেশে বিউটি আপু, আর বিদেশে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের দৌড় খুব ভালো লাগে।
 বিউটি তো টানা নয় বছর চ্যাম্পিয়ন ছিলেন। আপনি কত দিন এটা ধরে রাখতে পারবেন?
শিরিন: আমি সব সময় একটাই স্বপ্ন দেখি, সাফে সোনা জিতব। আর যত দিন পারি এই সাফল্য ধরে রাখতে চাই। এ জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করব।
 গত বছর পুনে এশিয়ান অ্যাথলেটিকসে টাইমিং (১২.৫৯) তো খুব খারাপ হয়েছিল?
শিরিন: প্রথমে ২০০৯ সালে যুব অলিম্পিকে ১৬তম হয়েছিলাম (সিঙ্গাপুর)। পুনেতে আরও খারাপ করি। দৌড়ানোর পর মনে হয়েছিল আমার উন্নতি করার অনেক জায়গা আছে। আমাদের ফিজিও ম্যাডাম একজন মনোবিজ্ঞানী। ওনার সঙ্গে কথা বলার পর অনেক উপকার হয়েছে।