'এখনো মনে হচ্ছে, কী হলো!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক করেই দে ছুট! সোহাগ গাজীকে অভিনন্দন জানাতে ছুটলেন অধিনায়ক মুশফিকসহ অন্যরাও। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ছবি: শামসুল হক
হ্যাটট্রিক করেই দে ছুট! সোহাগ গাজীকে অভিনন্দন জানাতে ছুটলেন অধিনায়ক মুশফিকসহ অন্যরাও। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ছবি: শামসুল হক

সংবাদ সম্মেলনে এক-দুই শব্দের উত্তর। একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের অভূতপূর্ব কীর্তির কোনো উচ্ছ্বাসই নেই। মাঠ থেকে হোটেলে ফেরার পর ঢাকার বিমান ধরার তাড়া। তার মধ্যেই পীড়াপীড়ি করে সোহাগ গাজীকে সাক্ষাৎকার দিতে রাজি করালেন উৎপল শুভ্র। এখানে কিন্তু অনেক বেশি সপ্রতিভ

সোহাগের হাতের এই বলটা এখন হ্যাটট্রিকের স্মারক ষ প্রথম আলো
সোহাগের হাতের এই বলটা এখন হ্যাটট্রিকের স্মারক ষ প্রথম আলো

উৎপল শুভ্র: কেমন লাগছে? মাঠের তাৎক্ষণিক আনন্দ-উত্তেজনার পর কয়েক ঘণ্টা তো কেটে গেছে, এখনকার অনুভূতিটা কেমন?
সোহাগ গাজী: আসলে ভালোর ওপরে যদি কিছু থাকে, ওই জিনিসটা ভেতরে কাজ করছে। সত্যি কথা বলতে কি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার পর আমি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ট্যুরেও মোটামুটি ভালোই করেছি। ফিফটি-ফিফটি বলতে পারেন। এই সিরিজের আগে ভালো করার একটা বাড়তি তাগিদ ছিল। মনে হচ্ছিল, প্রিমিয়ার লিগে খেললাম, কিন্তু আমার নামটা আবার আগের মতো ভাসছে না। আস্তে আস্তে চলে যাচ্ছে। তাই ভাবলাম, দেখি, এবার কী করা যায়! কীভাবে আবার নামটা আসে!
উ. শু.: হ্যাটট্রিক বলটা আসলে কী করতে চেয়েছিলেন? কেউ কি কোনো পরামর্শ দিয়েছিল যে, বলটা এমন কর...
সোহাগ: না। দ্বিতীয় উইকেটটা যে রকম বলে পেয়েছি, ওই সেইম বলটাই করতে চেয়েছি। ফিল্ডিং সাজানোর দায়িত্ব তো সব সময় মুশফিক ভাইয়েরই। তা সাজিয়ে তিনি আমাকে বোলিং নিয়ে টিপস দেন। ওই বলটা করার আগে ফিল্ডিং উনিই সাজিয়েছেন, তবে বোলিং নিয়ে কিছু বলেননি।
উ. শু.: আসলে ওটা কী বল?
সোহাগ: আর্ম বল। আমি চেয়েছি, বলটা স্টাম্পে করব। মিস হলে যাতে এলবিডব্লু হয়।
উ. শু.: আর্ম বল কথাটা তো বাঁহাতি স্পিনারদের ক্ষেত্রে বেশি ব্যবহূত হয়। আপনার আর্ম বল মানে কি স্টাম্প টু স্টাম্প বল?
সোহাগ: সোজা বলই, তবে একটু বেরিয়ে যায়।
উ. শু.: যখন ক্যাচটা উঠল, মুশফিক ধরতে পারলেন না, বল তখনো বাতাসে...সেকেন্ডের ভগ্নাংশ সময়ই হয়তো বা, কিন্তু সেটিকে কি অনন্তকাল মনে হচ্ছিল?
সোহাগ: প্রথমে স্নিকের শব্দটা পেয়েই বুকটা ধড়াস করে উঠল। তার পর মুশফিক ভাইয়ের প্যাডে লেগে বলটা ওপরে উঠল। তখন কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ মানে তো সেকেন্ডেরও কম, থমকে গেছি যে কী হবে! লাস্ট মুহূর্তে সাকিব ভাই যখন ক্যাচটা নিল, একবার মনে হলো, মনে হয় হ্যাটট্রিক হয়েছে। আবার মনে হচ্ছিল আসলেই কি হ্যাটট্রিক করলাম! নিজেই কনফিউজড হয়ে গেছি, হলো কি হলো না বুঝতে পারছিলাম না। পরে তো...

 উ. শু.: পুরো দল যখন আপনাকে ঘিরে উৎসবে মেতে উঠল, সেই উদ্যাপনটা কেমন ছিল?

সোহাগ: আমাদের দলে একটা জিনিস কিন্তু এখন বদলে গেছে। আগে টিভিতে দেখতাম, বাংলাদেশ জিতলে প্লেয়াররা সব দৌড়ে মাঠে ঢুকে যেত। এখন আর এমন হয় না। যেকোনো কিছুকেই আমরা স্বাভাবিকভাবে নিই। এখানেও বাড়তি কিছু হয়নি। সবাই আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছে, সিনিয়র-জুনিয়র সবাই। রাজ ভাই, মুশফিক ভাই...মুশফিক ভাই আর সাকিব ভাইকে তো আলাদাভাবে ধন্যবাদ জানাতে হয়।

উ. শু.: সাকিব যে ক্যাচটা নিল, ওকে স্পেশাল একটা ডিনার খাওয়াবেন না?

সোহাগ: (হাসি) অবশ্যই খাওয়াব। ক্যাপ্টেন-সাকিব ভাই দুজনকেই খাওয়াব।

উ. শু.: ১৩৬ বছর ধরে টেস্ট খেলা হচ্ছে। খেলেছেন কত রথী-মহারথী। কেউ যা করতে পারেননি, আপনি সেটি করে ফেলেছেন। বুঝতে পারছেন, এটা কত বড় একটা কীর্তি?

সোহাগ: আসলে সেদিন ন্যাশনাল টিমে এসে এত তাড়াতাড়ি এত বড় একটা জিনিস করে ফেলেছি, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এখনো মনে হচ্ছে, কী হলো! আসলে যে এমন কিছু করে, সঙ্গে সঙ্গে হয়তো বুঝতে পারে না যে কী করলাম! পরে হয়তো বোঝে। আমিও একটু সময় গেলে হয়তো বুঝতে পারব।

উ. শু.: আগের দিন প্রথম টেস্ট সেঞ্চুরি, পরের দিন হ্যাটট্রিক! এমন কিছুর স্বপ্ন তো কারও দেখার কথা নয়...

সোহাগ: ঠিকই বলেছেন। আমি ছোটবেলা থেকেই ক্রিকেটের পাগল ছিলাম। তবে ক্রিকেট নিয়ে কখনোই বড় কোনো স্বপ্ন দেখিনি। পাড়ার ক্রিকেট খেলতাম। কোনো দিন ভাবিনি, এখানে আসব। কাঠের বলে যে খেলব, এটাই তো ভাবিনি। ভাবিনি ন্যাশনাল টিমে খেলব, ন্যাশনাল টিমে খেলে এমন পারফর্ম করব, এটা তো নয়ই। এজ গ্রুপে খেলতে শুরু করার পর আমি দু-তিনবার এসএসসি পরীক্ষা দিতে পারি নাই খেলার জন্য। একবার মনে আছে, আমার বাবা বলেছিলেন, ‘যা ক্যাম্পে যা। পরীক্ষা পরের বছরও দিতে পারবি।’ আমার খেলার জন্য আমি আমার বাবা-মায়ের কাছে খুব কৃতজ্ঞ। জানি না অন্যদের বাবা-মায়েরা কী করে, তবে আমার বাবা-মা সব সময়ই খেলার জন্য উৎসাহ দিয়েছেন।

উ. শু.: এজ গ্রুপে খেলার সময় তো নিশ্চয়ই টেস্ট খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন...

সোহাগ: জাতীয় লিগে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার পর যখন একাডেমি দলে ডাক পাই, তখন তো চিন্তাটা মাথায় এসেছেই। এর আগে কিন্তু আমি খালি বাদ পড়তাম। নয় বছর এজ গ্রুপে থাকার পরও আমি একবারও ট্যুর করতে পারিনি। সব ট্যুরেই আমি স্ট্যান্ডবাই থাকতাম। একবারই শুধু আন্ডার সেভেনটিন দলে ঢুকেছিলাম, ইনজুরির জন্য যেতে পারি নাই। ওই সময়ই আমার মনে একটা জেদ চলে এসেছিল, আমি ক্রিকেটের শেষ দেখে ছাড়ব।

উ. শু.: এই যে বারবার শেষ মুহূর্তে বাদ পড়া, হতাশায় ছেড়ে দিতে ইচ্ছা হয়নি?

সোহাগ: ওই যে বললাম, ক্রিকেটের জন্য ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। ক্রিকেটের শেষটা কোথায়, এটা দেখার জন্য আমি বাকি সবকিছুই পিছিয়ে দিয়েছি। তবে হতাশ তো লাগতই। সবাই ট্যুরে যেত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেঞ্জি পরত...আমি কখনো কারও কাছ থেকে একটা গেঞ্জি চেয়ে নিই নাই। মনে প্রতিজ্ঞা ছিল, নিজে যেদিন খেলতে পারব, সেদিনই ওই গেঞ্জি গায়ে দেব।

উ. শু.: হ্যাটট্রিকটা করার পর নির্দিষ্ট কারও কথা কি মনে হয়েছে?

সোহাগ: না...তবে মা-বাবার কথা আমার সব সময়ই মনে হয়। আমি যখন যেখানেই যাই, ম্যাচের আগের দিন আমার মা-বাবার সঙ্গে কথা বলি। তাঁদের সঙ্গে কথা বলার পর আমি খুব কনফিডেন্স পাই। আসলে বাবা-মা যেভাবে গাইড করে, সেটির তো কোনো তুলনা হয় না।

উ. শু: হ্যাটট্রিক করার পর কথা হয়েছে বাবা-মায়ের সঙ্গে?

সোহাগ: না, এখনো কথা হয়নি। রুমে গিয়ে কথা বলব।

উ. শু.: স্যরি, আমি দেরি করিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাকে যদি এক বছর পিছিয়ে যেতে বলি, গত বছর এই দিনে সোহাগ গাজীর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয়ই হয়নি আর আজ আপনি ইতিহাস! মনে করতে পারেন গত বছর এই সময়ের কথা?

সোহাগ: ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে পারি বলে শুনছিলাম। কিন্তু সত্যিই ন্যাশনাল টিমে খেলব, এটা ভাবতে পারছিলাম না। মনে আছে, আমি যখন আন্ডার নাইনটিনে ছিলাম, আমরা পুরো দল মিরপুরে একটা টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলাম। মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই। দেখতে দেখতে মনে হচ্ছিল, কত সুন্দর মাঠ, সবাই কী সুন্দর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে...এখন আমি নিজেই তা খেলছি, আমার কাছে স্বপ্নের মতো লাগে।

উ. শু.: সংবাদ সম্মেলনে বললেন, অলরাউন্ডার নয়, নিজেকে বোলার হিসেবে ভাবেন। তা সেঞ্চুরি বা হ্যাটট্রিকের মধ্যে আপনি কি তাহলে হ্যাটট্রিকটাকেই এগিয়ে রাখবেন?

সোহাগ: অবশ্যই। সেঞ্চুরিটাও বড়। আমি যখন নেমেছিলাম, আর একটা উইকেট পড়ে গেলেই ম্যাচটা অন্য রকম হয়ে যেত। সেঞ্চুরি আর হবে কি না জানি না, তবে ব্যাটিং নিয়ে কিন্তু গত কিছুদিন আমি অনেক পরিশ্রম করেছি।

উ. শু.: সেঞ্চুরি আর হ্যাটট্রিক—এই দুটি অর্জনকে যদি দশের মধ্যে নম্বর দিতে বলি, কোনটাকে কত দেবেন?

সোহাগ: সেঞ্চুরি দশে দশ। হ্যাটট্রিকও দশে দশ।

উ. শু.: সেঞ্চুরির স্বপ্ন দেখলেও দেখে থাকতে পারেন। তবে টেস্টে হ্যাটট্রিক করে ফেলবেন, এটা তো ভাবা কঠিন। নাকি এমন স্বপ্নও ছিল?

সোহাগ: বলেকয়ে তো আর হ্যাটট্রিক করা যায় না। তবে জীবনে অনেক সময়ই যা চাওয়া যায় না, সেটাই পাওয়া যায়।

উ. শু.: শুরুর প্রশ্নে আবার ফিরে যাই। নিজের অনন্য কীর্তি নিয়ে এত কথা বলার পর অন্য কিছু কী মনে হচ্ছে?

সোহাগ: আমার ফিটনেস নিয়ে গত কিছুদিন অনেকেই অনেক কথা বলেছে। বিশেষ করে ‘এ’ টিমের হয়ে ইংল্যান্ড সফরের পর। ইংল্যান্ডে আমি অনেক রান দিয়েছি, এত রান জীবনে দিইনি। আমারও খারাপ লেগেছে। তবে এটাও তো ঠিক সব ম্যাচেই আপনি ৫-৬ উইকেট পাবেন না। ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে। খারাপ সময়ে যাঁরা পাশে থাকেন, তাঁরাই প্রকৃত বন্ধু। তবে যাঁরা তখন নানা রকম কথা বলেছেন, তাঁদের বলতে চাই, ওসব বলে ভালোই করেছেন। আমার ভালো খেলার জেদটা তাতে আরও বেড়ে গেছে।