'এটা অবিশ্বাস্য ফেল্প্স, আমি তোমাকে হারিয়েছি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেল্‌পস্‌কে হারানোর পর স্কুলিং। ছবি: রয়টার্স।
ফেল্‌পস্‌কে হারানোর পর স্কুলিং। ছবি: রয়টার্স।

আট বছর আগে কান্ট্রি ক্লাবের সেই সকালটি আজ খুব করেই মনে পড়ছে জোসেফ স্কুলিংয়ের। মাইকেল ফেল্‌প্‌সকে পেছনে ফেলে জিতে নিয়েছেন অলিম্পিকের ১০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা। ভেঙেছেন অলিম্পিক রেকর্ড। ফেল্‌প্‌সকে তাঁর ২৩তম সোনার পদক থেকে বঞ্চিত করে দেশকে উপহার দিয়েছেন প্রথম সোনার পদক। অবিশ্বাস্য এই কীর্তি স্কুলিংকে আরও তৃপ্তি দিচ্ছে আট বছর আগের সেই সকালটির কথা মনে করে। 

২০০৮ বেইজিং অলিম্পিকের আগে যুক্তরাষ্ট্র সাঁতার দল সিঙ্গাপুরে অনুশীলন ক্যাম্প করেছিল। ১৩ বছর বয়সী স্কুলিং যে কান্ট্রি ক্লাবে সাঁতার অনুশীলন করতেন, সেখানেই যুক্তরাষ্ট্রের সাঁতার দল অনুশীলন করেছিল। একদিন খুব সকালে কান্ট্রি ক্লাবে তুমুল উত্তেজনা। মাইকেল ফেল্‌প্‌স যে এসেছেন! সাঁতারের মহাতারকা সেদিন কান্ট্রি ক্লাবের খুদে সাঁতারুদের কাছে দূর-দিগন্তের কেউ নন। স্কুলিংয়ের পরিষ্কার মনে আছে সেদিনের আবেগ আর উচ্ছ্বাসের কথা।
সবাই ফেল্‌প্‌সের সঙ্গে ছবি তুলল, তিনিই–বা বাদ যাবেন কেন? মোবাইল ফোনে তুলে রেখেছিলেন। কেউ ভেবেছিল, এই ফেল্‌প্‌সকে হারিয়েই অলিম্পিকে সোনা জিতবেন। সিঙ্গাপুর পাবে ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা, আর ফেল্‌প্‌সের সঙ্গে গদগদ হয়ে ছবি তোলা স্কুলিংই হবেন সিঙ্গাপুরের এই ঐতিহাসিক প্রাপ্তির নায়ক!
স্কুলিংয়ের মুখে তাই অনির্বচনীয় আনন্দের অনুভূতি, ‘ফেল্‌প্‌সের সঙ্গে আমার পরিচয় আট বছর আগেই হয়েছিল। কান্ট্রি ক্লাবে এক সকালে সে এল। আমাদের সবার মধ্যেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ফেল্‌প্‌সের সঙ্গে একটা ছবি তোলার জন্য। তাঁর পাশে দাঁড়িয়ে, আমার এই অর্জন উদ্‌যাপন করছি। ব্যাপারটা আমি হৃদয়ে ধারণ করে রাখব সারাটা জীবন।’

ফেল্‌প্‌সের সঙ্গে সিঙ্গাপুরে দেখা হয়েছিল তখনকার ১৩ বছরের স্কুলিংয়ের। ছবি: দ্য গার্ডিয়ান।
ফেল্‌প্‌সের সঙ্গে সিঙ্গাপুরে দেখা হয়েছিল তখনকার ১৩ বছরের স্কুলিংয়ের। ছবি: দ্য গার্ডিয়ান।

জানতেন, তাঁর ছোটবেলার ‘হিরো’ আছেন এই ইভেন্টে। বড় কিছুর স্বপ্ন তিনি দেখেননি। সে কারণেই হয়তো ফেল্‌প্‌সকে পেছনে ফেলে অবাক তিনিও। ফেল্‌প্‌সকেই বলেছেন, ‘এটা অবিশ্বাস্য, ফেল্‌প্‌স। আমি তোমাকে হারিয়েছি! এই অনুভূতির সঙ্গে আমি পরিচিত নই। পৃথিবীর বাইরের এক অনুভূতি এটি। আমি ঠিক জানি না কী করব।’ ফেল্‌প্‌সের উত্তর ছিল খুবই সংক্ষিপ্ত—‘আমি জানি।’
ফেল্‌প্‌সকে হারিয়ে কিছুটা যেন আবেগপ্রবণও স্কুলিং, ‘ফেল্‌প্‌স ছাড়া আমি এই পর্যায় পর্যন্ত আসতে পারতাম কি না, সন্দেহ। আমি ছোটবেলা থেকেই ফেল্‌প্‌সের মতো হতে চেয়েছি। তাঁর মতো একজন সাঁতারু। আমি তাঁকে দেখেই বিশ্বের অন্যতম সেরা সাঁতারু হতে চাই।’ সূত্র: দ্য গার্ডিয়ান।