'এটা আমাদের জন্য দুশ্চিন্তার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

নিউজিল্যান্ড সিরিজের আগে প্রিমিয়ার ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স তাঁকে আশাবাদী করছে। কিন্তু দৃষ্টিটা আরেকটু দূরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপর ফেললে অন্য সবার মতো অধিনায়ক মুশফিকুর রহিম-এর মনেও শঙ্কা, যদি বাংলাদেশ দল মূল পর্বে যেতে না পারে!
 জাতীয় দলের ক্রিকেটাররা লিগে সেঞ্চুরি করছেন, ৫ উইকেট পাচ্ছেন। কীভাবে দেখছেন তাঁদের এই সাফল্যকে?
মুশফিকুর রহিম: এটা অবশ্যই ভালো। দুই মাস ধরে যে কঠোর পরিশ্রমটা আমরা করলাম, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে। খুলনায় তিন দিনের ম্যাচের সময় সবাইকে বলে দেওয়া হয়েছিল, প্রিমিয়ার লিগে যেন আমরা পারফর্ম করি। নিউজিল্যান্ড সিরিজের আগে যাতে আমাদের আত্মবিশ্বাসটা বাড়ে।
 মাঠ-উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। এ নিয়ে আপনার বক্তব্য কী?
মুশফিক: ভেজা থাকার কারণে কিছু মাঠে এমন হতেই পারে। আবার একই সঙ্গে এটাও দেখতে হবে, এই আবহাওয়ায়ও খেলাটা তো হচ্ছে। আর আমার মনে হয় কিছু ভুল বোঝাবুঝিও আছে। আজ (গতকাল) তামিমের বক্তব্য দেখলাম। কিন্তু এই মাঠে তো সে সেঞ্চুরিও করেছে। আন্তর্জাতিক ম্যাচে কখনো এ রকম উইকেট পেলে মানিয়ে নিতে হবে। তামিমের জন্যও এটা নতুন অভিজ্ঞতা। আমরা কোথাও এ রকম মাঠ পাওয়ার আশা করি না। কিন্তু যদি পাইও, আমরা যাতে মানিয়ে নিতে পারি।
 প্রিমিয়ার লিগের জন্য সময়টা কি খুব ভালো হলো?
মুশফিক: একেবারে না হওয়ার চেয়ে তো হওয়াটা ভালো। লিগ না হলে আমাদের ম্যাচ প্র্যাকটিসের সুযোগ হতো না। কিন্তু লিগ হওয়াতে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। জানতে পারছি, কে কী রকম অবস্থায় আছে দেখার। হ্যাঁ, এই সময়ে না হয়ে লিগটা আগে হলে আরও ভালো হতো। কিন্তু যেটা বললাম, ম্যাচ প্র্যাকটিসের সুযোগ তো হচ্ছে।

 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট নিয়ে অনেক কথা হচ্ছে। বলা হচ্ছে আগে থেকে কেউ জানত না। আপনি কি জানতেন?

মুশফিক: আমিও কনফিউজড। আগে কখনো শুনিনি যে আয়োজক দেশ হয়ে কেউ বাছাইপর্ব বা এ রকম ফরম্যাটে খেলবে। আগে থেকে আমারও জানা ছিল না। কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে প্রথম জানতে পারি। অবশ্য শেনও নিশ্চিত করে বলতে পারছিল না যে, এ রকমই হবে। বলছিলেন, এ রকম হতে পারে। এটা আমাদের জন্য দুশ্চিন্তার।
 দুশ্চিন্তার মনে হচ্ছে কেন?
মুশফিক: দুশ্চিন্তার, কারণ এ রকম ফরম্যাটে তো আগে কখনো খেলা হয়নি। বাছাইপর্ব উতরে পরের পর্বে যেতে হবে। দুশ্চিন্তা এটা নিয়েই। এর বাইরে আর কিছু না।
 এর কি কোনো ইতিবাচক দিক আছে? গ্রুপের তিনটা ম্যাচই জিতে মূল পর্বে গেলে তো আত্মবিশ্বাসও বেশি থাকবে...
মুশফিক: সবকিছুরই পজিটিভ-নেগেটিভ আছে। আমরাও এখন সেভাবেই ধরছি। তিনটা ম্যাচ খেললে ম্যাচ প্র্যাকটিসটা খুব ভালো হবে। তবে এটাও ঠিক, আমাদের ওপর অনেক চাপও থাকবে। কারণ বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডে যাওয়া খুব কঠিন হবে। তবে আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে সম্ভব।
 কোনো ঝুঁকি কি অনুভব করছেন? যেহেতু টি-টোয়েন্টিতে অনিশ্চয়তা অনেক বেশি...
মুশফিক: অবশ্যই। টি-টোয়েন্টি ফরম্যাটে তো ছোট-বড় দল বলে কিছু থাকে না। আমাদের জন্য কঠিনই হবে। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টিতে আমরাও ধীরে ধীরে উন্নতি করছি।
 নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার সেই সিরিজের আগে জেমি সিডন্সের অধীনে লম্বা ক্যাম্প হয়েছিল। এবার সিরিজের আগে প্রস্তুতিতে কোনো পার্থক্য কি দেখছেন?
মুশফিক: খুব বেশি না। প্রতিটি ক্লাবেই জাতীয় দলের দুজন করে খেলোয়াড় আছে। ম্যাচ প্র্যাকটিসের ওপর তো কোনো প্র্যাকটিস নেই। টেস্টের আগে একটা দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে পারলে ভালো হয়। সেটা না হলেও যাতে চট্টগ্রামে গিয়ে আমরা তিন-চার দিন একসঙ্গে থাকতে পারি।